২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে কমেছে উদ্ধার কাজের গতি, ফিকে হচ্ছে আশা

ভূমিকম্পের ষষ্ঠ দিনেও তুরস্কে ধ্বংসস্তূপের নিচে থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তুরস্কে কমেছে উদ্ধার কাজের গতি, ফিকে হচ্ছে আশা

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 11 Feb 2023, 09:24 PM

Updated : 11 Feb 2023, 09:24 PM

তুরস্ক ও সিরিয়ার উপর গত সোমবার যেন কেয়ামত নেমে এসেছিল। আট দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই ভূমিকম্পে প্রায় ২৫ হাজার মানুষের মৃত্যুর খবর এসেছে। যে সংখ্যা আরো বাড়বে। কারণ, উদ্ধার কাজ এখনো অনেকটাই বাকি।

৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণপূর্ব তুরস্কের গাজিয়ানতেপের কাছে। উৎপত্তিস্থলের খুব কাছের শহর কাহরামানমারাস। সেখানে অনেক বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে। সেসব ধসে পড়া ভবনের কংক্রিটের স্তূপের মধ্যে শনিবার উদ্ধারকর্মীদের উদ্ধারকাজ চালাতে খুব সামন্যই দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও সড়কে বেশ কিছু ট্রাকে করে ধ্বংসাবশেষ সরিয়ে নিতে দেখা গেছে।

শনিবার পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা প্রায় ২৫ হাজার। যা আরো বাড়বে। ভূমিকম্পে এতো মানুষের প্রাণহানির কারণে এখন এরদোয়ান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ভূমিকম্পের পর তাৎক্ষণিক সাড়া দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানও স্বীকার করে নিয়েছেন, তার দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আরো দ্রুত সাড়া দেওয়া উচিত ছিল।

তুরস্কে গত ২৪ ঘণ্টায় ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকেতাই। দেশটির ভূমিকম্প দুর্গত এলাকায় ৩১ হাজার উদ্ধারকর্মী কাজ করছেন বলেও জানান তিনি।

হাসপাতালে প্রায় ৮০ হাজার মানুষের চিকিৎসা চলছে। ১০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। যাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র আশ্রয় নিতে হয়েছে।

ভূমিকম্পের পাঁচদিন পর শনিবার হাতাইয়ের আনতাকিয়া থেকে ১৩ বছরের কিশোর আর্দা কান ওভুনকে জীবিত উদ্ধার করা হয়। তার আগে শনিবার রাতে কাহরামানমারাস থেকে ৭০ বছরের এক বৃদ্ধা এবং নয় বছরের এক বালককে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়। পূর্বের নগরী দিয়ারবাকির থেকে ৫৫ বছরের আরেক নারীকে উদ্ধার করা সম্ভব হয়।

পুরনো খবর:

ভূমিকম্প পরবর্তী ব্যর্থতায় ‘নড়বড়ে এরদোয়ানের মসনদ’

আহত অবস্থায় যাদের উদ্ধার করা হচ্ছে তাদের কেউ কেউ পরে হাসপাতালে মারা যাচ্ছেন। এমনই একজন কিরিখানের এক নারী। যাকে শুক্রবার ধ্বসংস্তূপের নিচ থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছিল, শনিবার তিনি হাসাপাতালে মারা যান।

অনেকেই এখনো প্রিয়জনকে জীবিত উদ্ধারের আশায় ধ্বংসস্তূপের সামনে অবস্থান করছেন। সোনার জামির এবং সেভদা নূর জামির শনিবার একটি ধসে পড়া ভবনের সামনে বসে ছিলেন। যে বাড়িতে তাদের বাবা-মা এবং দাদা-দাদী বসবাস করতেন।

জামির বলেন, ‘‘গতকাল কয়েকজনকে বের করে আনা হয়েছিল। কিন্তু এখন আর কোনো আশা নেই। এই ভবনটি যেভাবে গুঁড়িয়ে গেছে তাতে জীবিত থাকা প্রায় অসম্ভব।”

শুক্রবার ছয়টি সাদা ভ্যানের একটি গাড়িবহর সাইরেন বাজিয়ে এবং সবুজ বাতি জ্বালিয়ে সড়কে চলছিল। সেগুলোতে মৃতদেহ বহন করা হচ্ছিল।

দক্ষিণের একটি গ্রামের বাসিন্দা হাসান কুনদুরু বলেন, তাদের গ্রামে অন্তত নয়টি মৃতদেহ পাওয়া গেছে।

‘‘এখানে কোনো উদ্ধারকর্মী আসেননি। আমরা নিজেরাই খালি হাতে তাদের উদ্ধার করেছি।”

আগামী জুনে তুরস্কে জাতীয় নির্বাচন। প্রাণঘাতী এই ভূমিকম্প এরদোয়ানের নির্বাচনী প্রস্তুতিতে বড় ধাক্কা দিয়েছে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি এবং তুরস্কের মুদ্রার অবনমনের কারণে আগেই এরদোয়ানের জনপ্রিয়তা তলানিতে ছিল।

এখন উদ্ধ‍ার ‍কাজে ধীরগতি এবং ত্রাণ বিতরণে বিলম্ব জনমনে ক্ষোভ আরো বাড়িয়েছে। যার মূল্য হয়তো ভোটের মাঠে দিতে হবে এরদোয়ানকে।

গত দুই দশক ধরে তুরস্কের ক্ষমতা আঁকড়ে ধরে আছেন এরদোয়ান।