ভূমিকম্প পরবর্তী ব্যর্থতায় ‘নড়বড়ে এরদোয়ানের মসনদ’
ভূমিকম্প পরবর্তী ব্যর্থতা ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের ভাগ্যকে চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে।
ব্যাপক ধ্বংসযজ্ঞ আর হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কজুড়ে এখন এত বড় ট্র্যাজেডি কি এড়ানো যেত না, জীবন বাঁচাতে প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের সরকার আরও কিছু করতে পারত কিনা, এমন সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
দৃষ্টিসীমার মধ্যে পরবর্তী নির্বাচন, অথচ ভূমিকম্প পরবর্তী ব্যর্থতা ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের ভাগ্যকে চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে; জাতীয় ঐক্যের জন্য তার আকুতিও মাঠে মারা গেছে বলে জানিয়েছে বিবিসি।
ভূমিকম্প পরবর্তী প্রতিক্রিয়ায় ঘাটতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট, তবে দুর্গত এক অঞ্চল সফরে গিয়ে ভাগ্যকেও দোষারোপ করেছেন তিনি।
“এরকম ঘটনা সবসময়ই ঘটছে। এগুলো নিয়তির পরিকল্পনার অংশ,” বলেছেন এরদোয়ান।
টেকটোনিক প্লেটের ফল্টস বা চ্যুতিগুলোতে চাপ সৃষ্টি হলে সেগুলো হঠাৎ নড়েচড়ে উঠে ভূমিকম্পের কারণ হয়। তুরস্ক এরকম দুটি ফল্ট লাইনের ওপর অবস্থিত, দেশটিতে ভূমিকম্পনিরোধী ভবন নির্মাণ বিধিমালাও ৮০ বছরের পুরনো।
কিন্তু গত সোমবারের জোড়া ভূমিকম্পের ধাক্কা এত তীব্র ছিল যে, ১৯৩৯ সালের পর তুরস্ক আর কখনোই এমনটা দেখেনি।
এর মধ্যে প্রথমটা হয়েছে স্থানীয় সময় ভোররাত ৪টা ১৭তে, ৭ দশমিক ৮ মাত্রার; কয়েক ডজন মাইল দূরে হওয়া পরেরটার মাত্রা ছিল ৭ দশমিক ৫।
এই দুই ভূমিকম্পের পর তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ক্ষতিগ্রস্ত ১০টিতে ব্যাপক উদ্ধার অভিযান চালানো দরকার হয়ে পড়েছিল।
কিন্তু অভিযানে নামতে নামতে কিছুটা দেরি হয়ে যায়, কিছু কিছু গ্রামে উদ্ধারকারী দল পৌঁছাতে কয়েকদিন লেগে যায়। শেষ পর্যন্ত অবশ্য পেশাদার ও স্বেচ্ছাসেবক মিলিয়ে ৩০ হাজারের বেশি উদ্ধারকর্মী মাঠে নামে, বিভিন্ন দেশের পাঠানো দলও তাদের সঙ্গে যোগ দেয়।
ভূমিকম্পে দেশটিতে ৬ হাজারের বেশি ভবন ধসে পড়ে, এতে তুরস্কের দুর্যোগ কর্তৃপক্ষ ‘আফাদ’ এর অনেক কর্মীও বিভিন্ন স্থানে আটকা পড়ে যান।
ভূমিকম্প পরবর্তী প্রথম কয়েকঘণ্টা ছিল খুবই গুরুত্বপূর্ণ; কিন্তু অসংখ্য সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো কোনো কোনো এলাকায় দ্বিতীয় এমনকী তৃতীয় দিনের আগে পৌঁছাতে পারেনি।
বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় ভূমিকম্প পরবর্তী তৎপরতার অভিজ্ঞতা তুরস্কের অনেক বেশি; কিন্তু এবার তাতে রাজনীতি বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন দেশটির প্রধান স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দলের প্রতিষ্ঠাতা।
১৯৯৯ সালের অগাস্টে সর্বশেষ বড় ভূমিকম্পের পর তুরস্কের সশস্ত্র বাহিনীই দেশটিতে উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছিল; কিন্তু এরদোয়ান সরকার তুর্কি সমাজে সামরিক বাহিনীর প্রভাব কমাতে চেষ্টা করে চলেছে।
“বিশ্বজুড়েই সবচেয়ে গোছানো এবং সরঞ্জামগত দিক থেকে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সশস্ত্র বাহিনীগুলো; তাদের হাতে অনেক উপায় রয়েছে। দুর্যোগে আপনার এটাকে কাজে লাগাতে হয়,” বলেছেন আকুত ফাউন্ডেশনের প্রধান নাসু মাহরুকি।
সেনাবাহিনীর বদলে উদ্ধার অভিযানের মূল দায়িত্ব এখন তুরস্কের বেসামরিক দুর্যোগ কর্তৃপক্ষের, যাদের কর্মীসংখ্যা ১০ থেকে ১৫ হাজার; তাদের সহায়তায় রয়েছে ৩ হাজার স্বেচ্ছাসেবীর আকুতের মতো বেসরকারি গোষ্ঠীগুলো।
অথচ সামরিক বাহিনীর সক্ষমতা এখন ১৯৯৯ সালের তুলনায় অনেক অনেক বেশি; কিন্তু তারা পরিকল্পনার বাইরে ছিল এবং উদ্ধার প্রক্রিয়ায় যুক্ত হতে তাদেরকে সরকারি আদেশের জন্য অপেক্ষা করতে হয়েছে, বলেছেন মাহরুকি।
“এতে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করতে দেরি হয়,” বলেছেন তিনি।
তুরস্কের এখন ‘বিশ্বের মধ্যে সবচেয়ে বড় উদ্ধার ও অনুসন্ধানকারী দল থাকলেও’ সরকার যত দ্রুতগতিতে উদ্ধার অভিযান চালাতে চেয়েছিল, তা হয়নি বলে স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান।
‘আমি তাদের সতর্ক করেছিলাম’
বড় ভূমিকম্পের ব্যাপারে বছরের পর বছর ধরে তুরস্কবাসীকে সতর্ক করা হলেও এটা যে দক্ষিণ-পূর্ব তুরস্কজুড়ে প্রসারিত ‘পূর্ব আনাতোলিয়া ফল্টে’ হবে তা অনেকের ধারণাতেই ছিল না; কারণ বেশিরভাগ বড় কম্পন অনুভূত হচ্ছিল উত্তরে থাকা ফল্টটিতে।
কিন্তু ২০২০ সালের জানুয়ারিতে যখন এলাজিগে ভূমিকম্প হল, তখন ভূতাত্ত্বিক প্রকৌশলী ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক নাসি গরুর বিপদ টের পেয়েছিলেন। এলজিগ সোমবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর উত্তর-পূর্বদিকে অবস্থিত।
গরুর পরবর্তী ভূমিকম্প আদিয়ামানের উত্তরে এবং কাহরামানমারাস শহরে হতে পারে বলে ধারণাও দেন।
“আমি স্থানীয় সরকার, গভর্নর এবং কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছিলাম। বলেছিলাম, দয়া করে আপনাদের শহরগুলোকে ভূমিকম্পের জন্য প্রস্তুত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। আমরা তো ভূমিকম্প আটকাতে পারি না, কিন্তু ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পারি,” বলেছেন তিনি।
তুরস্কের অন্যতম সুপরিচিত ভূমিকম্প প্রকৌশল বিশেষজ্ঞ অধ্যাপক মুস্তাফা এরদিক মনে করেন, ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ না করার কারণেই এবার বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে।
ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য তিনি ভবন নির্মাণ খাতসংশ্লিষ্টদের অজ্ঞতা ও অযোগ্যতাকে দায়ী করেছেন।
“ক্ষয়ক্ষতি তো হতোই, কিন্তু প্যানকেকের মতো একটা ফ্লোর আরেকটা ফ্লোরের ওপর পড়েছে এরকমটা হতো না। এটা প্রতিরোধ করা উচিত ছিল, ভবন নির্মাণ বিধিমালা না মানার কারণেই এই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে,” বিবিসিকে বলেছেন এরদিক।
২০১৮ সালে তুরস্কের ভবন নির্মাণ বিধিমালার সর্বশেষ সংস্করণে ভবন নির্মাণে উচ্চ-মানসম্পন্ন কংক্রিট এবং তাকে শক্তিশালী করতে ইস্পাতের বার ব্যবহার করতে বলা হয়; উলম্ব কলাম ও আনুভূমিক বিম এমনভাবে বসানোর কথা বলা হয়েছে, যেন কম্পনের প্রভাব ওই কলাম আর বিমই কমিয়ে দিতে পারে।
সব বিধিনিষেধ ঠিকঠাক মানলে কলামগুলো অক্ষত থাকতো এবং ক্ষতি বিমের মধ্যেই সীমাবদ্ধ থাকত বলে মনে করেন এরদিক। তার বদলে এবার সব কলাম ধসে পড়েছে, যে কারণে ফ্লোরগুলোও একে অপরে উপর আছড়ে পড়েছে, হয়েছে ভয়াবহ ক্ষয়ক্ষতি, প্রাণহানি।
ভূমিকম্প কর রহস্য
অধিকাংশ মানুষই ভবন নির্মাণ বিধিমালার প্রয়োগে তুরস্কের কর্তৃপক্ষের ব্যর্থতার দিকে আঙ্গুল তুলছেন; দেশটির বিচার মন্ত্রণালয়ও বলেছে, বিধিমালা অবজ্ঞা বা ভবন নির্মাণের ক্ষেত্রে যাদেরই ত্রুটি পাওয়া যাবে, তাদেরকেই বিচারের আওতায় আনা হবে।
এদিকে বিরোধীদল সিএইচপির নেতা কেমাল কিরিচতারোলোর মতো সরকার সমালোচক অনেকে বলছেন, ২০ বছর ধরে ক্ষমতায় থেকেও প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার ‘দেশকে ভূমিকম্পের জন্যই প্রস্তুত করতে পারেনি’।
১৯৯৯ ভূমিকম্প পরবর্তী সৃষ্ট দুটি ‘ভূমিকম্প সংহতি করের’ মাধ্যমে আদায় করা বিপুল পরিমাণ অর্থের কী হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ওই তহবিলের অর্থ দিয়ে ভূমিকম্প মোকাবেলায় সক্ষম ভবন বানানোর কথা ছিল।
এর মধ্যে একটি করের অর্থ মোবাইল ফোন অপারেটর এবং রেডিও-টেলিভিশনের কাছ থেকে এখনও নেওয়া হচ্ছে, যার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৮ হাজার ৮০০ কোটি লিরা (৪ হাজার ৬০০ কোটি ডলার) জমা হয়েছে। দুই বছর আগে এই করের পরিমাণ ১০ শতাংশ বাড়ানোও হয়েছিল, যদিও এই অর্থ কোথায় ব্যয় হচ্ছে, সরকার কখনোই তা পুরোপুরি খোলাসা করেনি।
নগর পরিকল্পনাবিদরা দীর্ঘদিন ধরেই ভূমিকম্পপ্রবণ অঞ্চলে নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছে না বলে অভিযোগ করে আসছিলেন; নির্মাণ বিধিমালা লংঘনকারীদের জরিমানার বিনিময়ে ২০১৮ সালে দেওয়া ছাড় এবং তার ফলে প্রায় ৬০ লাখ ভবনের সংস্কারহীন অবস্থায় থেকে যাওয়া নিয়েও বারবার সতর্ক করেছিলেন তারা।
ওই জরিমানার অর্থ আর কর তুরস্কের কোষাগারে শত শত কোটি লিরা জমা করেছে। কিন্তু ২০১৯ সালে ইস্তাম্বুলে একটি আবাসিক ভবন ধসে যখন ২১ জনের মৃত্যু হয়, তখন চেম্বার অব সিভিল ইঞ্জিনিয়ার্সের প্রধান বলেছিলেন, জরিমানার বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে নির্মিত ভবনগুলোকে দেওয়া ছাড় তুরস্কের শহরগুলোকে কবরে রূপান্তরিত করবে।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের পেলিন পিনার গিরিতিওউলুর দেওয়া তথ্য অনুযায়ী, এবারের ভূমিকম্পে ক্ষতিগ্রসস্ত ১০টি শহর থেকে নিয়মবহির্ভূতভাবে নির্মিত ভবনগুলোকে জরিমানার বিনিময়ে ছাড় দেওয়ার আবেদন জমা পড়েছিল এক লাখের বেশি।
এই এলাকাগুলোতে বেআইনিভাবে ভবন নির্মাণের প্রবণতাও বেশি, বলেছেন তিনি।
“জরিমানার বিনিময়ে ছাড় সর্বশেষ ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে,” বিবিসিকে এমনটাই বলেছেন পেলিন পিনার।
তবে অধ্যাপক এরদিক বলছেন, একে অপরকে দোষারোপ করে কিছু হবে না, দরকার সমাধান।
বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে সামান্য অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলীরা ভবন নির্মাণের সুযোগ পাচ্ছেন, এই পদ্ধতিতেও সমস্যা, বলেছেন তিনি।
আর অধ্যাপক গরুর বলছেন ‘ভূমিকম্প প্রতিরোধী নগর বসতি’ গড়ে তোলার কথা, যার জন্য তুরস্কের জনবহুল শহরগুলোর কর্তৃপক্ষের মনোজগতে পরিবর্তন দরকার বলে মনে করেন তিনি।
বিভাজিত রাজনীতি
প্রেসিডেন্ট এরদোয়ান ঐক্য ও সংহতির ডাক দেওয়ার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা কার্যক্রমের সমালোচকদের ‘নির্লজ্জ’অভিহিত করে তিরস্কারও করেছেন।
“এরকম এক সময়ে রাজনৈতিক উদ্দেশের জন্য লোকজন নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তা নিতে পারছি না আমি,” ভূমিকম্পের কেন্দ্রের কাছে হতাইয়ে সাংবাদিকদের এমনটাই বলেছেন তিনি।
এবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ শহর ও অঞ্চল পরিচালিত হচ্ছে তার দল একেপির নেতৃত্বেই।
কিন্তু প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে ক্রমশ কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট হয়ে ওঠার পথে ২০ বছর ক্ষমতায় থাকা এরদোয়ানের সময়ে দেশটিতে বিভাজনের রাজনীতিও শক্ত খুঁটি পেয়েছে।
“আমরা এই জায়গায় পৌঁছেছি, তার রাজনীতির কারণেই,” বলেছেন সিএইচপি নেতা কিরিচতারোলো।
চলতি বছরের মে-তে দেশটিতে নির্বাচন হওয়ার কথা, তা নিয়ে প্রচার এখনও শুরু না হলেও এরদোয়ানকে প্রেসিডেন্ট পদ থেকে নামাতে কিরিচতারোলোর দলসহ ছয়টি বিরোধীদল ঐক্যবদ্ধ প্রার্থী দেবে বলেই মনে করা হচ্ছে।
নির্বাচনের আগে দেশকে ঐক্যবদ্ধ করতে এরদোয়ানের আশাও মনে হয় বিফলে গেছে।
সমালোচনায় ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছেন তিনি; তার বেশিরভাগ প্রতিদ্বন্দ্বীই হয় জেলে, না হয় পলাতক।
২০১৬ সালে তার বিরুদ্ধে হওয়া অভ্যুত্থানচেষ্টা রক্তপাতের মধ্য দিয়ে শেষ হওয়ার পর তিনি লাখ লাখ তুর্কি নাগরিককে আটক ও অসংখ্য সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
৫৭ শতাংশ মূল্যস্ফীতিতে জীবনযাপনের আকাশছোঁয়া ব্যয়ের কারণে দেশটির অর্থনীতিও এখন টালমাটাল সময় পার করছে।
ভূমিকম্পের পর প্রথমদিকে এরদোয়ানের সরকার যেসব পদক্ষেপ নিয়েছিল, তার একটি ছিল টুইটার ব্লক করে দেওয়া, অথচ আটকে পড়া জীবিতদের সন্ধানে ওই টুইটারই উদ্ধারকারীদের জন্য সহায়ক হতে পারতো।
সরকার বলেছে, ভুয়া তথ্যের বিস্তার ঠেকাতে তারা এই পদক্ষেপ নিয়েছে; জরুরি প্রতিক্রিয়ার সমালোচনা করে পোস্ট দেওয়া এক রাষ্ট্রবিজ্ঞানীকে পুলিশ আটকও করেছে।
বিচারপূর্ববর্তী আটকাদেশে এক বছর জেল খাটা তুর্কি সাংবাদিক ডেনিস ইউসেল এখন জার্মানিতে নির্বাসনে আছেন। সেখান থেকে তিনি লিখেছেন, তুরস্কের ১৯৯৯ সালের ভূমিকম্পপরবর্তী পরিস্থিতি এরদোয়ানকে ক্ষমতায় যেতে সহায়তা করেছিল।
এবারের দুর্যোগও সামনের নির্বাচনে ভূমিকা রাখতে পারে, তবে কতটা, তা এখনও স্পষ্ট নয়, বলেছেন তিনি।
আরও পড়ুন:
