রাফায় ইসরায়েলের বিমান হামলায় নিহত আরও ১২
রাফার আরও কয়েকটি এলাকাতেও লড়াই চলছে বলে জানিয়েছে গাজার চিকিৎসাকর্মীরা।
গাজার রাফা নগরীতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েল এ হামলা চালায়।
এছাড়া রাফার আরও কয়েকটি এলাকাতেও লড়াই চলছে বলে জানিয়েছে গাজার চিকিৎসাকর্মীরা।
গাজা এবং মিশর সীমান্তের বাফার জোনের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানানোর একদিন পর ইসরায়েল রাফায় অভিযান জোরদার করেছে এবং গাজার পুরো স্থল সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
বাফার জোন দখলে নিয়ে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অস্ত্র পাচারের একটি পথ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজার চিকিৎসকদের সূত্রে জানা গেছে, ইসরায়েলের বিমান হামলায় নিহত ১২ ফিলিস্তিনিই বেসামরিক নাগরিক। আরও অনেকেই এ হামলায় আহত হয়েছে।
ঘনবসতিপূর্ণ রাফার উত্তরে গাজা সিটির পশ্চিমের আল-শাতি শরণার্থীশিবিরে বিমান হামলায় আরেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ারও খবর জানিয়েছেন চিকিৎসকরা।
ইসরায়েল দক্ষিণ, মধ্য ও উত্তর গাজায় লড়াই চলার কথা বলছে। কিন্তু বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল রাফাতে বিমান হামলায় মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) হামলা বন্ধ করার আদেশ দেওয়ার পরও রাফায় ইসরায়েল অভিযান চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলি বাহিনী বলেছে, তারা হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করা এবং জিম্মিদের উদ্ধারের চেষ্টা করছে। আইসিজেও গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছে।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ভূখন্ডটিতে ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে কেবল গত ২৪ ঘণ্টাতেই ৫৩ জন নিহত হয়েছে।
গত বছর ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালানোর পর ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে।
