Published : 10 Jul 2026, 05:54 PM
ইরান তাদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহেরের চৌহদ্দিতে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে।
বুশেহের প্রদেশের উপ-গভর্নর এহসান জাহানিয়ানের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
জাহানিয়ান জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে বুশেহের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানাসহ কয়েকটি এলাকায় হামলা হয়েছে। এছাড়াও চোগাদাক শহরের একটি সামরিক ঘাঁটি এবং প্রদেশের দক্ষিণের একটি মাছ ধরার জেটিও হামলার শিকার হয়েছে।
তবে এখন পর্যন্ত হামলায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের চোগাদাক এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিলেন। এর পরই মূলত এই হামলার খবর সামনে আসে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলার সময় এর আগেও এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছের এলাকায় বিমান হামলা হয়েছিল।
এর আগে গত এপ্রিল মাসে জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) সতর্ক করে বলেছিল, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছের অঞ্চলে যে কোনও ক্ষেপণাস্ত্র বা সামরিক হামলা পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক বিপদ ডেকে আনবে এবং বিশ্বের নিরাপত্তার স্বার্থেই এটি অবশ্যই বন্ধ হওয়া উচিত।
রাশিয়ার সহায়তায় নির্মিত ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বর্তমানে একটি সচল চুল্লি রয়েছে এবং আরও দুটি চুল্লি নির্মাণাধীন আছে। তবে যুদ্ধের কারণে রাশিয়া এই বিদ্যুৎকেন্দ্র থেকে তাদের কর্মকর্তা ও কর্মচারীদের সরিয়ে নিয়েছে।
অলাভজনক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডি-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলার সময়ে এ পর্যন্ত বুশেহের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছের এলাকায় চারবার বিমান হামলা হয়েছে।
২০২৫ সালের ২২ মে ইরানের ফোরদো, ইস্পাহান এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছিল মার্কিন বি-২ স্পিরিট স্টেলথ্ বোমারু বিমান। সেই অভিযানের নাম ছিল, ‘অপারেশন মিডনাইট হ্যামার’।
কিন্তু বাঙ্কার ব্লাস্টার সিরিজের সবচেয়ে শক্তিশালী বোমা জিবিইউ-৫৭ আঘাতের পরও ওই ভূগর্ভস্থ পরমাণুকেন্দ্র ও গবেষণাগারগুলির কোনও ক্ষতি হয়নি বলে দাবি করেছিল তেহরান।
কিন্তু এবার হামলা হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বুশেহের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন এলাকায়। সেখানকার পরমাণু চুল্লি ক্ষতিগ্রস্ত হলে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা রয়েছে।