Published : 22 Jun 2025, 09:45 PM
পেন্টাগনে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে প্রশ্ন করা হয়, ডনাল্ড ট্রাম্প ঠিক কখন ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন?
উত্তরে হেগসেথ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প সমস্যা সমাধানের জন্য শান্তি প্রক্রিয়ায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তিনি আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলেন।
“তিনি ইরানকে সব ধরনের সুযোগ দিয়েছিলেন। কিন্তু ইরান কেবল প্রত্যাখানের ভাষাতেই জবাব দিয়েছিল।” ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়ার কোনও নির্দিষ্ট মুহূর্ত ছিল না বলে জানান হেগসেথ।
তবে তিনি বলেন, “কিন্তু এমন একটা সময় সামনে এল, যখন তিনি (ট্রাম্প) অনুভব করলেন হুমকি কমাতে ব্যবস্থা নেওয়ার এখনই সময়।”
এর আগে গত বৃহস্পতিবার হোয়াইট হাউজ এক ঘোষণায় জানিয়েছিল, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা, সেই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প নেবেন দুই সপ্তাহের মধ্যে।
কিন্তু দু’সপ্তাহ তো দূর, দু’দিন যেতে না যেতেই ইরানে হামলা চালান ট্রাম্প। ২১ জুন রাতে ট্রাম্প ট্রুথ স্যোশালে লেখেন- ইরানের ফর্দো,নাতাঞ্জ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় খুবই সফল হামলা চালানো হয়েছে।