ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পর হরমুজে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা
জাহাজ তিনটি হচ্ছে ইউফোরিয়া, এমএসসি ফ্রান্সেসকা এবং ইপামিনোডেস। ইরান দুটো জাহাজ জব্দ করে দেশের উপকূলে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেডিসেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর কথা ঘোষণার পরও হামলা বন্ধ করেনি ইরান। এবার তারা নিশানা করেছে অন্তত তিনটি পণ্যবাহী জাহাজকে।
বুধবার হরমুজ প্রণারির ওমান উপকূলবর্তী অঞ্চলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) জাহাজগুলোতে হামলা চালায় বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনীর মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এবং সামুদ্রিক নিরাপত্তা কর্মকর্তারা।
ইউকেএমটিও জানায়, কোনও আগাম সতর্কবার্তা ছাড়াই ওমান থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে পণ্যবাহী একটি জাহাজের কাছে আইআরজিসি-র গানবোট ভারি মেশিনগান থেকে গুলি চালায়।
এতে লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ বা ‘ব্রিজ’ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্বিতীয় জাহাজটিতে হামলা হয়েছে ইরানের প্রায় ৮ ন্যটিক্যাল মাইল পশ্চিমে। তবে পানামার পতাকাবাহী এই জাহাজটির কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং ক্রুরা সব নিরাপদ রয়েছে।
সামুদ্রিক নিরাপত্তা কর্মকর্তারা জানান, তৃতীয় কন্টেইনার জাহাজটিতেও গুলি চালানো হয়েছে ইরানের ৮ নটিক্যাল মাইল পশ্চিমে। লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়নি এটাকে সাগরেই থামিয়ে রাখা হয়েছে।
ইরানের আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফারস জানায়, জাহাজ তিনটি হচ্ছে ইউফোরিয়া, এমএসসি ফ্রান্সেসকা এবং ইপামিনোডেস।
ইরানের নৌবাহিনী জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে দুটো পণ্যবাহী জাহাজ জব্দ করে তাদের দেশের উপকূলে নিয়ে গেছে।
ইপামিনোডেস জাহাজটি ইরানের সশস্ত্র বাহিনীর সতর্কতা উপেক্ষা করায় সেটিতে হামলা চালানো হয় বলে জানিয়েছে আইআরজিসি সংশ্লিষ্ট ওয়েবসাইট নূর নিউজ।
জব্দ করা দুটি জাহাজ ইপামিনোডেস এবং এমএসসি ফ্রান্সেসকা প্রয়োজনীয় অনুমতি না নিয়েই চলাচল করে সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করেছে বলে সোশাল মিডিয়ায় এক পোস্টে উল্লেখ করেছে ইরানের আইআরজিসি’র নৌকমান্ড।
জব্দ করা জাহাজগুলোর পণ্য এবং নথিপত্র পরীক্ষা করা হবে বলে জানিয়েছে আইআরজিসি।
