শেভরনের ট্যাংকার জব্দে আদালতের নিদের্শ ছিল: ইরান
মার্কিন কোম্পানি শেভরন পরিচালিত রিচমন্ড ভয়েজারের সঙ্গে ইরানি জাহাজের সংঘর্ষের পর তাদের নৌবাহিনী ট্যাংকারটি জব্দে আদালতের নির্দেশ পেয়েছিল, বলছে ইরান।
ইরান বলেছে, উপসাগরীয় জলসীমায় বুধবার তেহরানের জাহাজের সঙ্গে সংঘর্ষ হওয়া মার্কিন তেল কোম্পানি শেভরন পরিচালতি একটি ট্যাংকার জব্দ করার জন্য তাদের কাছে আদালতের আদেশ ছিল।
ইরানের হরমুজগান প্রদেশের ‘মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার’ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইএনএন-কে বলেছে, বাহামার-পতাকাবাহী রিচমন্ড ভয়েজার তেল ট্যাংকারের সঙ্গে ইরানের একটি জাহাজের সংঘর্ষ হয় এবং ইরানের নৌবাহিনী এই ট্যাংকার জব্দ করার জন্য আদালতের নির্দেশ পেয়েছিল।”
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে, ওমান উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করা তেল ট্যংকার রিচমন্ড ভয়েজার সাহায্যের জন্য আবেদন জানালে মার্কিন নৌবাহিনী সেখানে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী যুদ্ধজাহাজ ‘ইউএসএস ম্যাকফাউল’ পাঠায়।
ওই সময় তেল ট্যাংকারটিকে থামতে বলেছিল ইরান কর্তৃপক্ষ। ট্যাংকারটিকে লক্ষ্য করে গুলিও চালায় তারা। কিন্তু সেখানে ম্যাকফাউল পৌছানোর পরই ইরানি নৌবাহিনীর জাহাজটি চলে যায়।
সংবাদ সংস্থা আইআরআইএনএন ইরান কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, রিচমন্ড ভয়েজারের সঙ্গে তেহরানের সাত ক্রু বহনকারী একটি জাহাজের সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হয় এবং জাহাজে পানি ঢুকে পড়ে। তারপরও থামেনি ট্যাংকার রিচমন্ড। এরপরই ইরানের জাহাজের মালিক তেল ট্যাংকার রিচমন্ড ভয়েজার জব্দের অনুরোধ জানান।
যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি শেভরন রিচমন্ড ভয়েজার ট্যাংকার পরিচালনার দায়িত্বে আছে। ট্যাংকারটির ক্রুরা নিরাপদে আছে এবং ট্যাংকারটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে তারা।
ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে জব্দ এবং হয়রানি করার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র । মাত্র একমাস আগেই ইরান এক সপ্তাহে দুটি ট্যাংকার জব্দ করেছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
