Published : 12 Dec 2023, 02:12 PM
লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী বাব আল মানদাব প্রণালীর কাছে একটি নরওয়েজীয় ট্যাংকারে হওয়া হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।
মঙ্গলবার এ হামলার দায় স্বীকার করে ইরানের মিত্র গোষ্ঠীটি বলেছে, গাজায় ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে তারা স্ট্রিন্ডা নামের ওই বাণিজ্যিক জাহাজটিতে হামলা চালিয়েছে।
ইয়েমেন শাসনকারী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, জাহাজটির ক্রুরা তাদের সব নির্দেশ অমান্য করার পর তারা ট্যাংকারটিতে রকেট হামলা চালায়।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েল খাবার ও চিকিৎসা ত্রাণ প্রবেশ অনুমোদন না করা পর্যন্ত তারা ইয়েমেনের উপকূল দিয়ে ইসরায়েলের দিকে এগোতে থাকা জাহাজের গতিরোধ করবে বলে সারিয়া জানিয়েছেন।
হুতিদের ক্ষমতার কেন্দ্র সানা থেকে ইসরায়েলে দূরত্ব ১০০০ কিলোমিটারেরও বেশি। কিন্তু তারপরও তারা গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
রয়টার্সকে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ২১০০ জিএমটির দিকে বাব আল-মানদাব প্রণালী থেকে প্রায় ১১১ কিলোমিটার উত্তরে ট্যাংকার স্ট্রিন্ডায় হামলা হয়।
দ্বিতীয় আরেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলার কয়েক ঘণ্টা পর স্ট্রিন্ডা তার নিজের শক্তিতেই ফের চলাচল করতে সক্ষম হয়েছে।
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর কর্তৃত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক প্ল্যাটফর্মে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, “হামলার সময় কাছাকাছি কোনো মার্কিন জাহাজ ছিল না, কিন্তু এম/টি স্ট্রিন্ডা বিপদ সংকেত দেওয়ার পর মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস মেসন সাড়া দেয় আর এখন সেটিকে সাহায্য করছে।”
মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় জাহাজাটিতে আগুন ধরে যায় ও ক্ষয়ক্ষতি হয়, কিন্তু কেউ হতাহত হয়নি।
নরওয়ের পতাকাবাহী ট্যাংকার স্ট্রিন্ডা রাসায়নিক পরিবহন করে। জাহাজ ট্র্যাকিং ফার্ম কেপলার এর তথ্য থেকে জানা গেছে, ট্যাংকারটি মালয়েশিয়া থেকে ভেজিটেবল অয়েল ও জৈব জ্বালানি নিয়ে ইতালির ভেনিস বন্দরে যাচ্ছিল।
এই ট্যাংকারটির সঙ্গে ইসরায়েলের কোনো বন্ধন আছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।
শনিবার হুতিরা জানিয়েছে, ইসরায়েলের পথে থাকা সব জাহাজকে লক্ষ্যবস্তু করবে তারা, সেগুলো যে দেশেরই হোক তা আমলে নেওয়া হবে না। পাশপাশি ইসরায়েলের বন্দরগুলোর সঙ্গে কোনো লেনদেন না করতে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করেছে তারা।
ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যে ইয়েমেন উপকূল সংলগ্ন সংকীর্ণ প্রণালী বাব আল মানদাবের উত্তরে লোহিত সাগরে এবং দক্ষিণপূর্বে এডেন উপসাগর ও আরব সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত সন্দেহভাজন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের হুতিরা।
আরও পড়ুন:
ইয়েমেন থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ট্যাংকারে আঘাত হেনেছে: মার্কিন কর্মকর্তা
হামাসের আটক সদস্যরা ‘কৌতুহল-উদ্দীপক কথা বলেছে’: ইসরায়েল
গাজায় ভেঙে পড়ছে শৃঙ্খলা, দলে দলে মানুষ মিশরমুখী হওয়ার শঙ্কা বাড়ছে