২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

হামাসের আটক সদস্যরা ‘কৌতুহল-উদ্দীপক কথা বলেছে’: ইসরায়েল

গাজা ভূখণ্ডের উত্তরাংশে হামাসের জাবালিয়া ও শেজাইয়া ব্যাটেলিয়ন ‘নির্মূল হওয়ার মুখে রয়েছে’ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 12:53 PM

Updated : 12 Dec 2023, 01:09 PM

ইসরায়েল তার লক্ষ্য অর্জন করার পর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ত।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উত্তরাংশে হামাসের জাবালিয়া ও শেজাইয়া ব্যাটেলিয়ন ‘নির্মূল হওয়ার মুখে রয়েছে’ বলে দাবি করেছেন তিনি, জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

সোমবার এক সংবাদ সম্মেলনে গ্যালান্ত বলেন, “লক্ষ্যগুলো অর্জিত হলেই যুদ্ধ শেষ হবে। যুক্তরাষ্ট্র যা করতে বলছে ও মন্তব্য করছে তার সবকিছুই আমি বিবেচনায় নিচ্ছি আর গুরুত্ব দিয়ে গ্রহণ করছি। যুক্তরাষ্ট্র যা করছে (ইসরায়েলি) মন্ত্রিসভার সব সদস্যই তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করছে।

“আমেরিকানরা যেন আমাদের সাহায্য করতে পারে তার পথ বের করতে সাহায্য করবো আমরা।”

হামাসের সঙ্গে জিম্মি নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়ে প্রশ্নে তিনি জানান, তিনি বিশ্বাস করেন ইসরায়েল যদি সামরিক চাপ বাড়ায় তাহলে জিম্মি নিয়ে চুক্তির প্রস্তাব বাড়তে থাকবে।

তিনি বলেন, “আমার বিশ্বাস, আমরা যদি সামরিক চাপ বাড়াই, তাহলে জিম্মি নিয়ে আরও চুক্তির প্রস্তাব আসতে থাকবে আর যদি প্রস্তাব আসতে থাকে আমরা সেগুলো বিবেচনা করবো।”

তিনি জানান, জাবালিয়া ও শেজাইয়ায় ইসরায়েলি বাহিনীগুলো হামাসের শেষ শক্তিকেন্দ্রগুলো ঘিরে ফেলেছে। গত কয়েকদিনে হামাসের কয়েকশ সদস্য আত্মসমর্পণ করেছে।

গ্যালান্ত বলেন, “হামাসের যে ব্যাটেলিয়নগুলোকে অজেয় ভাবা হতো, যারা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়েছে তারা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পথে রয়েছে।”

তিনি বলেন, “যেই আত্মসমর্পণ করবে, প্রাণে রক্ষা পাবে।”

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যাদের গ্রেপ্তার করেছে তাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন তিনি। এদের অনেকে ইসরায়েলের চালানো হামাসের ৭ অক্টোবরের হামলায় অংশ নিয়েছিল বলে দাবি করেছেন তিনি।

“তারা খুব কৌতুহল-উদ্দীপক বিষয় নিয়ে কথা বলেছে,” বলেন তিনি।

তিনি বলেছেন, “হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার অথবা হামাসের যে কোনো জ্যেষ্ঠ কমান্ডার ও নিচু সারির সন্ত্রাসীদের পরিণতি একই: আত্মসমর্পণ অথবা মৃত্যু। তৃতীয় কোনো বিকল্প নেই।”

আইডিএফ ও ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী শিন বেত জানিয়েছে, তারা গত মাসে গাজা ভূখণ্ড থেকে পাঁচশরও বেশি হামাস সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এদের অনেকে স্কুল ও আশ্রয় শিবিরগুলোর মতো বেসামরিক ভবনে লুকিয়ে ছিল বলে দাবি করেছে তারা।

সোমবার আইডিএফ জানিয়েছে, গাজায় তাদের আরও সাত সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন রোববার দক্ষিণ গাজায় লড়াই চলাকালে নিহত হয়েছে।

সব মিলিয়ে হামাসের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত ১০৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন:

পুরানো খবর:

ইয়েমেন থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ট্যাংকারে আঘাত হেনেছে: মার্কিন কর্মকর্তা

পুরানো খবর:

গাজায় ভেঙে পড়ছে শৃঙ্খলা, দলে দলে মানুষ মিশরমুখী হওয়ার শঙ্কা বাড়ছে