২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল করে নিজ শহরেই রুশ জঙ্গিবিমানের বোমা হামলা

হামলায় মাটিতে ৬০ ফুট গভীর গর্ত হয়ে গেছে এবং বিকট বিস্ফোরণে গাড়ি উড়ে গিয়ে পড়েছে কাছের একটি দোকানের ছাদের ওপর।

ভুল করে নিজ শহরেই রুশ জঙ্গিবিমানের বোমা হামলা

ছবি: বিবিসি ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2023, 11:09 PM

Updated : 21 Apr 2023, 11:09 PM

ইউক্রেইন সীমান্ত থেকে ৪০ কিলোমিটার এলাকার মধ্যে রাশিয়ারই বেলগোরোদ নগরীতে দুর্ঘটনাবশত বোমা হামলা চালিয়েছে রুশ সুখোই-৩৪ জঙ্গিবিমান।

এই হামলায় মাটিতে ৬০ ফুট গভীর গর্ত হয়ে গেছে এবং বিকট বিস্ফোরণে গাড়ি উড়ে গিয়ে পড়েছে কাছের একটি দোকানের ছাদের ওপর।

আঞ্চলিক গভর্নর গ্লাকোভ বলেন, কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত একটি ৯ তলা ফ্ল্যাটের ব্লক খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে। হামলায় তিনজন আহত এবং কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে সুপারমার্কেটের ছাদের ওপর গাড়ি উড়ে পড়তে দেখা গেছে। সংক্ষিপ্ত এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় স্বীকার করেছে যে, একটি এসইউ-৩৪ জঙ্গি বোমারু বিমান দুর্ঘটনাবশত বৃহস্পতিবার ১৯:১৫ জিএমটি তে বোমা ফেলেছে।

বোমাটি দুই রাস্তার সংযোগস্থলে পড়েছে। এই স্থানটি নগরীর কেন্দ্রস্থল থেকে বেশি দূরে নয় এবং পাশেই ছিল আবাসিক বিভিন্ন ভবন।

আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, দুই আহত নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

স্যোশাল মিডিয়ায় তিনি বলেন, “কিন্তু রুশ বোমারু বিমান ব্যস্ত আবাসিক এলাকায় আঘাত হানলে পরিণতি আরও খারাপ হতে পারত। ঈশ্বরকে ধন্যবাদ যে কেউ মারা যায়নি।”