ভারতের পার্লামেন্টে নারী সংরক্ষণ বিল পেশ
বিলটি আইনে পরিণত হতে পার্লামেন্টের দুই কক্ষ লোকসভা ও রাজ্য সভায় পাস হতে হবে।
ভারতে নতুন পার্লামেন্ট ভবনে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার পেশ করেছে নারী সংরক্ষণ বিল। এই আইন পাস হলে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা এবং রাজ্য বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে।
ভারতের চলমান সপ্তদশ লোকসভায় ৮২ জন নারী এমপি রয়েছেন। অর্থাৎ, লোকসভার মোট আসনের প্রায় ১৫ দশমিক ২১ শতাংশ নারী। নারী সংরক্ষণ বিল পাস হলে সংখ্যাটি ৮২ থকে বেড়ে হবে ১৮১।
বিলের নাম দেওয়া হয়েছে, ‘নারী শক্তি বন্দন অধিনিয়াম’। বিরোধীদের হট্টগোলের মধ্যে মঙ্গলবার বিলটি পেশ করেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। নতুন পার্লামেন্ট ভবনে প্রথম ভাষণে বিলটি সর্বসম্মতভাবে পাসের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদী। প্রস্তাবিত আইনের প্রশংসা করে তিনি ১৯ সেপ্টেম্বরকে ‘ঐতিহাসিক দিন’ এবং দেশের জন্য এক বিশেষ মুহূর্ত বলে বর্ণনা করেন।
এ বিল প্রথম প্রস্তাব করা হয়েছিল ১৯৯৬ সালে। কিন্তু কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতার কারণে দশকের পর দশক ধরে বিলটি ঝুলে ছিল। এখন এটি আবার পেশ হওয়ায় তা আগামী মে মাসের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পালে হাওয়া দেবে বলেই মনে করা হচ্ছে।
বিলটি আইনে পরিণত হতে পার্লামেন্টের দুই কক্ষ লোকসভা ও রাজ্য সভায় পাস হতে হবে। সংবাদ সূত্র: বিবিসি ও ইন্ডিয়া টুডে
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
