০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ৪০ দিনের অচলাবস্থার পর শাটডাউন বন্ধের চেষ্টায় অগ্রগতি

৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি দপ্তরগুলোর জন্য বরাদ্দ অর্থ ছাড়ে রিপাবলিকানদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন একাধিক ডেমোক্র্যাট সেনেটর।

যুক্তরাষ্ট্রে ৪০ দিনের অচলাবস্থার পর শাটডাউন বন্ধের চেষ্টায় অগ্রগতি
শাটডাউনের কারণে বন্ধ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গ্যালারি অব আর্ট। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 11:11 AM

Updated : 26 Aug 2026, 05:05 PM

৪০ দিন ধরে চলা শাটডাউনের কারণে বন্ধ সরকারি দপ্তরগুলো খোলার লক্ষ্যে ডেমোক্র্যাট পার্টির কয়েক সেনেটরের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে রিপাবলিকানরা।

ওই সমঝোতা অনুযায়ী, রোববার মার্কিন সেনেটে একটি পদ্ধতিগত ভোটে শাটডাউন বন্ধ সংক্রান্ত একটি প্রস্তাব পাসও হয়েছে বলে জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স।

তবে এরপরও বিলটিকে মার্কিন কংগ্রেসের দুই কক্ষে বেশ কয়েকটি ধাপ পার হতে হবে, তারপর তা যাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে। তিনি স্বাক্ষর করলেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এ শাটডাউনের ইতি ঘটবে।

এ পুরো প্রক্রিয়া শেষ হতে আরও কয়েকদিন লাগবে। ডেমোক্র্যাট পার্টির শীর্ষ নেতৃত্বসহ বেশিরভাগ সেনেটর সমঝোতার বিরোধী হওয়ায় তারা চাইলে বিলটি পাসের প্রক্রিয়াকে আরও শ্লথ করে দিতে পারেন।

নিউ হ্যাম্পশায়ারের দুই ডেমোক্র্যাট সেনেটর ম্যাগি হাসান ও জন শাহীন এবং মেইনে থেকে স্বতন্ত্র হয়ে নির্বাচিত অ্যাংগাস কিংয়ের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করলে ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি দপ্তরগুলোর জন্য বরাদ্দ অর্থ ছাড় হবে।

এর বিনিময়ে ডিসেম্বরেই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্যসেবা সংক্রান্ত ভর্তুকির মেয়াদ বাড়ানো নিয়ে ভোট দিতে হবে, রয়টার্সকে এমনটাই বলেছেন বিল নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা সম্বন্ধে জ্ঞাত এক ব্যক্তি।   

শাটডাউন নিয়ে চলা রাজনৈতিক লড়াইয়ে ডেমোক্র্যাটরা এই স্বাস্থ্যসেবা ভর্তুকিকেই হাতিয়ার বানিয়েছে।

প্রস্তাব গৃহীত হলে, শাটডাউন চলাকালে ট্রাম্প প্রশাসন যে গণছাঁটাই করেছে, তার মধ্যে কিছু অংশ চাকরি ফেরত পাবেন। আগামী এক বছর সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচিতে বরাদ্দ থাকবে।  

“সামরিক বাহিনীর ও কোস্ট গার্ডের সদস্য, ক্যাপিটল পুলিশের কর্মকর্তা, সীমান্তে টহল দেওয়া এজেন্ট, পরিবহন নিরাপত্তা প্রশাসনের (টিএসও) পরিদশর্ক, বিমান ট্রাফিক নিয়ন্ত্রকসহ সব ফেডারেল কর্মী তাদের বকেয়া বেতন পাবেন,” বলেছেন সেনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ার রিপাবলিকান সেনেটর সুসান কলিনস।

বেশ কয়েকজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের সঙ্গে সমঝোতায় গেলেও সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসমের গণমাধ্যম কার্যালয় এক্সে দেওয়া পোস্টে লিখেছে, “এটা সমঝোতা নয়, আত্মসমর্পণ। মাথা নত করো না।”

বিরোধিতা করেছেন ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্সও; স্বতন্ত্র আইনপ্রণেতা হলেও প্রায়ই তিনি ডেমোক্র্যাট পার্টির পক্ষেই অবস্থান নেন। আগে তিনি ডেমোক্র্যাট পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ারও চেষ্টা করেছিলেন।

৪০ দিন ধরে চলা শাটডাউনের কারণে বহু সরকারি কর্মীর চাকরি ঝুলে আছে, প্রভাব পড়েছে খাদ্য সহায়তা, পার্ক ও ভ্রমণেও। বিমান ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মীর ঘাটতি চলতি মাসের শেষদিকে থ্যাঙ্কসগিভিংয়ের ছুটির ব্যস্ত সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে যাতায়াত ব্যবস্থায় ভয়াবহ বিঘ্ন ঘটাতে পারে বলেও আশঙ্কা রয়েছে।