ন্যাশভিলের হামলাকারীর আরও নিশানা ছিল, ‘অসন্তোষ’ থেকেই হয়ত হামলা
কোভনেন্ট স্কুলে বন্দুক হামলাকারীকে অড্রে এলিজাবেথ হালে নামে শনাক্ত করেছে পুলিশ। হালে ছিলেন ট্রান্সজেন্ডার এবং ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী।
যুক্তরাষ্ট্রে টেনেসি রাজ্যের ন্যাশভিল শহরের স্কুলে বন্দুক হামলাকারীকে অড্রে এলিজাবেথ হালে নামে শনাক্ত করেছে পুলিশ। তার বয়স ২৮ বছর। তিনি কোনও ‘অসন্তোষ’ থেকে কোভনেন্ট স্কুলে হামলা চালিয়ে থাকতে পারেন এবং তার অন্য আরও নিশানায় হামলা চালানোর অভিপ্রায় ছিল বলেই ধারণা পুলিশের।
ন্যাশভিলের পুলিশ প্রধান জন ড্রেক মঙ্গলবার সকালে সিবিএস নিউজকে বলেছেন, অড্রে হালে হয়ত পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় একটি শপিংমলেও হামলা চালানোর কথা ভাবছিলেন।
হালের বাড়িতে তল্লাশি চালানোর সময় ড্রেক এই ধারণা প্রকাশ করেন। সেখানে পুলিশ বেশকিছু আঁকা মানচিত্র খুঁজে পেয়েছে, যেগুলো অন্যান্য জায়গায় হামলাকারীর হামলার চালানোর ভাবনা-চিন্তারই আভাস দিচ্ছে।
ম্যাপগুলোতে স্কুলের প্রবেশদ্বারসহ হামলায় কোন অস্ত্র ব্যবহার করা হবে, কি ধরনের পোশাক পরা হবে- সে সব কিছুর বিস্তারিত চিত্র আঁকা ছিল, অনেকটা কার্টুন চরিত্রের মতো, বলেন ড্রেক।
পুলিশ বলছে, হালে ট্রান্সজেন্ডার ছিলেন এবং ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী ছিলেন। তার অতীত অপরাধের কোনও রেকর্ডও ছিল না। হামলা চালানোর সময় পুলিশ তাকে ঘটনাস্থলেই হত্যা করে।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে ন্যাশভিলের কোভনেন্ট স্কুলে ওই হামলায় ছয়জন নিহত হয়। তাদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশু। নিহতদের মধ্যে আছেন স্কুলের প্রধান ক্যাথেরিন কুনসে।
হামলাকারীর বাড়ি তল্লাশি করে অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
ন্যাশভিল পুলিশ হামলার ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, হালের কাছে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল। তিনি বন্দুক দিয়ে স্কুলের প্রবেশদ্বারের কাচ ভেঙে ভেতরে ঢোকেন এবং গেটের ওপরে চড়েন। এরপর বন্দুক তাক করে স্কুলের হলঘরগুলো দিয়ে হেঁটে বেড়ান।
স্কুলের দুটি তলায় প্রায় ১৪ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। ওপরের তলায় ওঠার আগে হালে নিচতলায় গুলি ছোড়েন হালে। পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছলে সেদিকেও তিনি গুলি ছোড়েন। পরে পুলিশ দ্রুত স্কুলে ঢুকে হালেকে গুলি করে।
গত ১৮ ফেব্রুয়ারি মিসিসিপি শহরে এক বাড়িতে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হওয়ার পর ন্যাশভিলের স্কুলে এ হামলার ঘটনা ঘটল।
এই গুলির ঘটনার পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারও বন্দুক সহিংসতা বন্ধে কংগ্রেসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জ্য-পিয়ারেও স্কুলে এই হামলার পর সিএনএন- এর সংবাদদাতার কাছে এক মন্তব্যে বলেছেন, “আমাদের বার্তা খুবই স্পষ্ট: যথেষ্ট হয়েছে। এখন আমাদের কংগ্রেসকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখাটা প্রয়োজন।”
