২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রাবোয়ো সুবিয়ান্তোর জয় দাবি

ভোট গণনা শুরুর পর থেকে আনুষ্ঠানিক ফল আসার আগেই সাবেক এই জেনারেলকে বিপুল ভোটে এগিয়ে থাকতে দেখা গেছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রাবোয়ো সুবিয়ান্তোর জয় দাবি

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 14 Feb 2024, 09:04 PM

Updated : 15 Feb 2024, 12:10 AM

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে অনানুষ্ঠানিক ফল গণনায় বুধবার বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো জয় দাবি করেছেন।

ভোটের আগে থেকেই জনমত জরিপগুলোতে এগিয়ে ছিলেন সুবিয়ান্তো। ভোট গণনা শুরুর পর থেকে আনুষ্ঠানিক ফল আসার আগেই তাকে ব্যাপক ভোটে এগিয়ে থাকতে দেখা গেছে।

এ পর্যন্ত ভোট গণনায় সাবেক এই সেনা জেনারেল প্রায় ৫৮ শতাংশ ভোট। এভাবে এগুতে থাকলে চূড়ান্ত ভোট গণনাতেও তিনি ৫০ শতাংশের বেশি ভোট পাবেন। আর তা হলে তাকে আর দ্বিতীয় দফা নির্বাচনে লড়তে হবে না।

দেশের নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণা না করা পর্যন্ত অপেক্ষায় থাকবেন বলে সুবিয়ান্তো জানালেও বুধবার তিনি নিজের জয় ঘোষণা করেছেন।

রাজধানী জাকার্তায় সমবেত সাংবাদিকদেরকে তিনি বলেন, “এই জয় সব ইন্দোনেশিয়র জয়। ইন্দোনেশিয়ায় গণতন্ত্র ভাল যাচ্ছে। মানুষ দৃঢ়প্রতিজ্ঞ। মানুষ সিদ্ধান্ত নিয়েছে।”

সম্পদশালী এই সাবেক সামরিক জেনারেল সুবিয়ান্তোর সঙ্গে বর্তমান সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এবার নিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়ছেন তিনি।

সুবিয়ান্তোর মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ আছে। একারণে, তিনি একজন বিতর্কিত ব্যক্তিত্ব। এক প্রজন্ম আগে সুহার্তোর স্বৈরশাসনের সময় সামরিক বাহিনীর প্রধান কমান্ডার ছিলেন সুবিয়ান্তো।

ওই সময়ে তিনি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। ১৯৯০ এর দশকে এক পর্যায়ে তার যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল।

১৯৯৮ সালে ২০ জনের বেশি গণতান্ত্রিক আন্দোলনকর্মী শিক্ষার্থী (যাদের মধ্যে ১৩ জনের কোনও হদিস পাওয়া যায়নি) অপহরণের ঘটনায় জড়িত থাকার কারণে তাকে অসম্মানজনকভাবে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল।

ফলে সুবিয়ান্তোর আগমনে ইন্দোনেশিয়া আবারও অতীতের একনায়কত্বে ফিরে যাওয়ার বিপদের ঝুঁকিতে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার সব মানুষের সমৃদ্ধির জন্য লড়াই করার অঙ্গীকার নিয়ে এবারের নির্বাচনী প্রচার চালিয়েছিলেন সুবিয়ান্তো।

নির্বাচনে সুবিয়ান্তোর প্রতিপক্ষ হয়ে লড়েছেন- জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ও মধ্য জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোও। অ্যানিস পেয়েছেন প্রায় ২৫ শতাংশ ভোট। আর প্রানোও পেয়েছেন ১৭ শতাংশ।

ব্যাপক ভোটে এগিয়ে থাকা সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার জনপ্রিয় বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হতে পারেন। নির্বাচনী প্রচারে সুবিয়ান্তোকে পরোক্ষভাবে উইদোদো সমর্থন দিয়েছিলেন বলেই জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষকরা।

সুবিয়ান্তো তার নির্বাচনী প্রচারে জনতুষ্টিবাদী বক্তব্য রেখেছেন এবং উইদোদোর নীতি অব্যাহত রাখারও অঙ্গীকার করেছেন।

ইন্দোনেশিয়ার ভোটাররা বুধবার প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট, ৫৮০ জন পার্লামেন্ট সদস্য, ২০ হাজারের বেশি আঞ্চলিক আইনপ্রণেতাও নির্বাচন করছেন।