পদত্যাগপত্র জমা দিয়েছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান
জিবরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কয়েকদিন ধরে জল্পনা চলার পর এ পদক্ষেপ নিলেন তিনি।
ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা পার্লামেন্টের উচ্চকক্ষে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
জিবরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কয়েকদিন ধরে জল্পনা চলার পর বৃহস্পতিবার এ পদক্ষেপ নিলেন তিনি।
উচ্চকক্ষের স্পিকার আহমাদ মুজানি জানিয়েছেন, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছেও একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন জিবরান। এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের নেতারা আলোচনায় বসবেন।
২০২৪ সালের নির্বাচনে প্রাবোওর পাশাপাশি নির্বাচিত হয়েছিলেন জিবরান। তিনি ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে।
জিবরানের বাবার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি প্রেসিডেন্ট থাকাকালে আদালতের একটি সিদ্ধান্তকে প্রভাবিত করে নির্বাচনী বিধিমালা পরিবর্তন করার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছিলেন আর এর ফলেই তার ছেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান।
রয়টার্স জানিয়েছে, প্রাবোও ও উইদোদোর মধ্যে বাড়তে থাকা দূরত্বের মধ্যেই পদত্যাগ করলেন জিবরান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর ফলে কিছু প্রধান রাজনৈতিক কর্মসূচী ঘিরে কেলেঙ্কারি ও অর্থনীতি সামাল দেওয়ার সক্ষমতা নিয়ে সন্দেহের মুখে জর্জরিত সরকার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
ক্রমবর্ধমান রাজনৈতি অস্থিরতার মধ্যে দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে। কারণ দেশটির সরকারের আর্থিক পরিকল্পনা ও সামগ্রিক নীতি-নিদের্শনাগুলো কঠোর পর্যালোচনার মুখে পড়েছে এবং শেয়ার বাজারের রেটিং কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।
জাভা দ্বীপের মধ্যাঞ্চলীয় সোলো শহরে নিজের বাড়ির সামনে উইদোদো সাংবাদিকদের জানিয়েছেন, তিনি প্রাবোওকে সমর্থন দিয়ে যাবেন।
তিনি বলেছেন, “আমরা প্রেসিডেন্ট প্রাবোওর সরকারকে সমর্থন দিয়ে যাব, বিশেষ করে সাধারণ মানুষের কল্যাণে নেওয়া প্রকল্পগুলোতে আমাদের সমর্থন থাকবে।”
