১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

দাবানলের ধোঁয়ার জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

কয়েক মাস ধরে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটানো ভয়াবহ দাবানলের শিকার ইন্দোনেশিয়া।

দাবানলের ধোঁয়ার জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্ত। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 03:12 PM

Updated : 16 Nov 2026, 03:12 PM

সীমান্ত পেরিয়ে যাওয়া দাবানলের ধোঁয়ার জন্য প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্ত।

আল জাজিরা লিখেছে, কয়েক মাস ধরে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটানো ভয়াবহ দাবানলের শিকার ইন্দোনেশিয়া। পুড়ে গেছে প্রায় ৩০ লাখ হেক্টর জমি ও বনভূমি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ফিলিপিন্সের ম্যানিলায় রোববার শুরু হওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের একটি সেশনে প্রেসিডেন্ট সুবিয়ান্ত ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, “আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে। আমরা ভয়াবহ দাবানলের শিকার হয়েছি, সেই আগুনের ধোঁয়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়েছিল।

“এটি আমাদের ত্রুটি না হলেও ফের ক্ষমা চাইছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেই দাবানল নিয়ন্ত্রণ করেছি। এতে আমাদের প্রায় চার মাস সময় লেগেছে।”

সুবিয়ান্ত জানান, দাবানল মোকাবিলায় ৭১ হাজার অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয়। আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয় ১৬ জনের।

বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকার ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে বলে জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

তাকে উদ্ধৃত করে প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, দাবানলের জন্য দায়ী যে কোনো কোম্পানির বিরুদ্ধে ইন্দোনেশিয়ার সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। এ নিয়ে পুলিশের তদন্তের আওতায় রয়েছে ১০৪টি কোম্পানি।

Image

দাবানলে পুড়ছে দক্ষিণ সুমাত্রার ঘরবাড়ি। ছবি: রয়টার্স

আল জাজিরা লিখেছে, ইন্দোনেশিয়া গত ১১ বছরের মধ্যে সবচেয়ে তীব্র দাবানলের সঙ্গে লড়াই করছে। বিশেষ করে সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়ে গেছে।

সেপ্টেম্বরে দেশটিতে দাবানলের আগুনে মারা গেছেন ৩ হাজার ৫৬০ জন। ওই মাসে কালো ধোঁয়া ও দূষণে মারা গেছেন আরও ১৭৫০ জন।

সব মিলিয়ে সেপ্টেম্বরে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৩১০ জনের। এর আগে অগাস্টে দাবানলের কারণে প্রাণ গেছে ৩ হাজার ৭৪০ জনের।

গত কয়েক মাসে এসব দাবানলের ধোঁয়া ইন্দোনেশিয়ার নিকটবর্তী প্রতিবেশী দেশগুলোর আকাশ ঢেকে দেয়। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

ধোঁয়া ও দূষণের শিকার দেশদুটি সেজন্য অবশ্য ইন্দোনেশিয়ার কোনো সমালোচনা করেনি। আবার দাবানল নেভাতে সহায়তার জন্যও এগিয়ে আসেনি।