২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প দুর্গত এলাকা পরিদর্শনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

দুইদিন আগে হওয়া ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2023, 06:31 PM

Updated : 08 Feb 2023, 06:31 PM

গত সোমবারের ভূমিকম্পে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি শহর পরিদর্শন করছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

কাহরামানমারাস এবং হাতাই ছাড়াও তার ভূমিকম্পের কেন্দ্রস্থল পাজারসিকে যাওয়ার কথা রয়েছে বলে জানায় বিবিসি।

দুইদিন আগে হওয়া ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

দেশদুটিতে ভূমিকম্পে কয়েক হাজার ভবন ধসে পড়েছে। নিহতের সংখ্যা আরো অনেক বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

ভয়াবহ ওই দুর্যোগের পর দুইদিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার কাজ অনেকটাই বাকি। দুর্গত এলাকায় লাখ লাখ মানুষকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে খাবার ও পানি ছাড়া দিন পার করতে হচ্ছে।

উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণে ধীরগতির কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

তুরস্কের দক্ষিণের ইসকেনদেরুন প্রদেশের নুমুনে জেলার বাসিন্দা আরজু দেদেওগলু নামে একজন নারী মঙ্গলবার রাতে বিবিসিকে অভিযোগ করে বলেন, তার দুই ভাইজি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং সারাদিনে সেখানে কেউ কোনো ধরণের সহায়তা করতে আসেনি।

‘‘আমাদের দুইটি বাচ্চা ধ্বংসস্তূপের নিচে রয়েছে। তারা এখন মারা যাচ্ছে, আমি নিশ্চিত মারা গেছে। কেন তারা তাদের উদ্ধার করতে আগেই এলো না?”

ভূমিকম্পে বেঁচে যাওয়া আনতাকিয়া নগরীর বাসিন্দা ৬৪ বছরের মালেকের প্রশ্ন, ‘‘কোথায় তাঁবু, কোথায় খাবারের ট্রাক?”

প্রেসিডেন্ট এরদোয়ানও প্রাথমিকভাবে উদ্ধার কাজে খানিকটা সমস্যা হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন।

তবে এখন সব কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে বলে জানান তিনি। বলেন, ‘‘প্রাথমিকভাবে বিমানবন্দর এবং সড়কে কিছু জটিলতা ছিল। কিন্তু আজ অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে পরিস্থিতি আরো সহজ হয়ে যাবে।

‘‘আমরা আমাদের সমস্ত সম্পদ ও শক্তি জড়ো করেছি। রাষ্ট্র তার দায়িত্ব পালন করে যাচ্ছে।”

পুরনো খবর:

সিরিয়া: গোলা থেকে বেঁচে গিয়ে এখন ভূমিকম্পে নিহত
ভূমিকম্পের ধ্বংসচিত্র: আগে এবং পরে