তিউনিসিয়া উপকূলে ৪১ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার
এ নিয়ে গত ১০ দিনে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর সংখ্যা বেড়ে ২১০ জনে দাঁড়াল।
তিউনিসিয়ার জলসীমা থেকে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করেছে উপকূলরক্ষীরা।
শুক্রবার দেশটির এক ন্যাশনাল গার্ড কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
এ নিয়ে গত ১০ দিনে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর সংখ্যা বেড়ে ২১০ জনে দাঁড়াল।
ন্যাশনাল গার্ড কর্মকর্তা হুসেম এডিন জেবাবলি বলেছেন, মৃতদেহগুলোতে পচন ধরে গেছে। এতে বোঝা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে লাশগুলো পানিতে ছিল।
অল্প কয়েক দিনে এত মানুষের মৃত্যুর ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন তিনি।
সাব-সাহারা আফ্রিকা, সিরিয়া ও সুদানের অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তিউনিসিয়া থেকে ইতালি পৌঁছানোর চেষ্টায় যাত্রা করা নৌযানের সংখ্যা সম্প্রতি কয়েক মাসে বেড়ে গেছে।
প্রতিবেশী লিবিয়ায় কর্তৃপক্ষ এমন মানব পাচারের বিরুদ্ধে অভিযান শুরু করায় সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা বেড়েছে।
তিউনিসিয়া মানুষের সমুদ্র পাড়ি দেওয়ার ঢল ঠেকাতে হিমশিম খাচ্ছে। ঝুঁকিপূর্ণ এই সমুদ্রযাত্রায় প্রাণহানি বাড়তে থাকায় দেশটির কিছু কিছু মর্গে মৃতদেহ রাখার জায়গাও আর অবশিষ্ট থাকছে না।
