১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভারতীয়দের কখনোই আমাদের সেনাবাহিনীতে চাইনি: মস্কো

ভারতীয়দের সৈন্য হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনাটি পুরোপুরি ‘বাণিজ্যিক বিষয়’ ছিল বলে দাবি করেছে রাশিয়া।

ভারতীয়দের কখনোই আমাদের সেনাবাহিনীতে চাইনি: মস্কো
সুরাটের বাসিন্দা হেমাল অশ্বিনভাই মাঙ্গুয়া (মাঝে) দোনেৎস্ক অঞ্চলে 'নিরাপত্তা সহায়তাকারী' হিসেবে কাজ করার সময় ইউক্রেনের বিমান হামলায় নিহত হন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2024, 04:18 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগকৃত ভারতীয়দের ফেরত পাঠানোর জন্য ভারতের জানানো অনুরোধে সাড়া দিয়ে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মস্কো। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়া সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত সব ভারতীয়কে ছেড়ে দিতে সম্মত হয়েছে মস্কো। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো গিয়েছিলেন মোদী। সেখানে পুতিনের সঙ্গে এক নৈশভোজে তিনি ইউক্রেইনে যুদ্ধরত রুশ বাহিনীর হয়ে ভারতীয়দের অংশগ্রহণের বিষয়টি তুলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। 

এই বিষয়ে রাশিয়ার সরকারের পক্ষ থেকে প্রথম মন্তব্যে ভারতে রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন বুধবার বলেন, মস্কো কখনোই চায়নি যে ভারতীয়রা রাশিয়ান সেনাবাহিনীর অংশ হোক আর যুদ্ধের প্রেক্ষাপটে তাদের সংখ্যাও নগণ্য।   

হায়দ্রাবাদের বাসিন্দা মহম্মদ আসফান (৩০) ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের সঙ্গে কাজ করার সময় আহত হয়ে মারা যান। ছবি: মহম্মদ ইমরান

হায়দ্রাবাদের বাসিন্দা মহম্মদ আসফান (৩০) ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের সঙ্গে কাজ করার সময় আহত হয়ে মারা যান

সংবাদ সম্মেলনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি শিগগিরই এ বিষয়টির সমাধান হবে। 

রাশিয়া তাদের সামরিক বাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের দ্রুত ছেড়ে দেওয়ার ও দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার একদিন পর বাবুশকিন এই মন্তব্য করলেন।

বাবুশকিন উল্লেখ করেছেন, "আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কখনোই চাইনি ভারতীয়রা রাশিয়ার সেনাবাহিনীর অংশ হোক।”

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয়দের সৈন্য হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনাটি পুরোপুরি ‘বাণিজ্যিক বিষয়’ ছিল বলে দাবি করেছে রাশিয়া। 

বাবুশকিন বলেন, বেশিরভাগ ভারতীয়কে বাণিজ্যিক ব্যবস্থার অধীনে নিয়োগ করা হয়েছিল কারণ তারা অর্থ উপার্জন করতে চেয়েছিল।

বাবুশকিন বলেন, “ভারতীয় সৈন্যদের সংখ্যা কতই বা হবে, ৫০, ৬০ বা ১০০ জন। ইউক্রেন যুদ্ধের মতো বড় ধরণের সংঘাতের প্রেক্ষাপটে এই সামান্য সংখ্যা কোনও বিশেষ তাৎপর্য রাখে না।” 

বাবুশকিন আরও জানান, সাপোর্ট স্টাফ হিসেবে নিয়োগ পাওয়া ভারতীয়দের বেশিরভাগই অবৈধভাবে কাজ করছেন কারণ তাদের কাজ করার মতো উপযুক্ত ভিসা নেই। তাদের বেশিরভাগই পর্যটন ভিসায় রাশিয়ায় গিয়েছিলেন বলে জানান তিনি।

রাশিয়ার উদ্দেশে উড়োজাহাজে ওঠার আগে বিমানবন্দরে ভাই মহম্মদ ইমরান ও সন্তানদের সঙ্গে মহম্মদ আসফান।  ছবি: মহম্মদ ইমরান 

রাশিয়ার উদ্দেশে উড়োজাহাজে ওঠার আগে বিমানবন্দরে ভাই মহম্মদ ইমরান ও সন্তানদের সঙ্গে মহম্মদ আসফান

 ইউক্রেইনে রাশিয়ার বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বাবুশকিন বলেন, “চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী এটা হওয়া উচিত।” 

মঙ্গলবার মস্কোয় ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, রাশিয়ার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভারতীয় নাগরিককে রুশ সেনাবাহিনীর চাকরি থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হবে।

কোয়াত্রা বলেন, ভারতীয়দের কত দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়, তা নিয়ে দু'পক্ষই কাজ করবে।

ইউক্রেইনে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে অন্তত দুইজন ভারতীয় নিহত হন। আরও বহু ভারতীয় ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে আছেন। তাদের দাবি, প্রতারণার মাধ্যমে তাদের রাশিয়া নিয়ে যুদ্ধে নামিয়ে দেওয়া হয়েছে।

এনডিটিভি জানায়, মার্চে হায়দ্রাবাদের বাসিন্দা মহম্মদ আসফান (৩০) ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের সঙ্গে কাজ করার সময় আহত হয়ে মারা যান।

এর আগে ফেব্রুয়ারিতে গুজরাট রাজ্যের সুরাটের বাসিন্দা হেমাল অশ্বিনভাই মাঙ্গুয়া (২৩) দোনেৎস্ক অঞ্চলে 'নিরাপত্তা সহায়তাকারী' হিসেবে কাজ করার সময় ইউক্রেনের বিমান হামলায় নিহত হন।

আরও পড়ুন: 

রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের 'ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মস্কোর'