প্রথমবার ২৫ ডিসেম্বর বড়দিন উদযাপন করল ইউক্রেইন
রুশ ঐতিহ্যের জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৭ জানুয়ারি বড়দিন উদ্যাপনের রীতি থেকে সরে এসে পশ্চিমা বা জর্জিয়ান রীতি অনুসরণে এ ধর্মীয় উৎসব পালন করেছে ইউক্রেইন।
চলতি বছর ইউক্রেইনের অর্থোডক্স খ্রিষ্টানদের অনেকে প্রথমবারের মতো ২৫ ডিসেম্বরে বড়দিন উদ্যাপনের প্রস্তুতি নিয়েছেন।
ঐতিহ্যগতভাবে ধর্মীয় এই উৎসব পালনের ক্ষেত্রে জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে থাকে ইউক্রেইন। রাশিয়াও একই ক্যালেন্ডার অনুসরণ করে। এই জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, দেশগুলোতে ৭ জানুয়ারি বড়দিন উদ্যাপন করা হয়ে থাকে।
রাশিয়ার অনুসৃত এই রীতি থেকে সরে এসে ইউক্রেইন এখন পশ্চিমা রীতি অনুযায়ী বা জর্জিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বড়দিন উদ্যাপন করছে।
গত জুলাইয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সই করে বড়দিন উদ্যাপনের তারিখ পরিবর্তন সংক্রান্ত আইন কার্যকর করেন। বলা হয়, এ আইনের আওতায় ইউক্রেইনের নাগরিকরা এখন জানুয়ারিতে বড়দিন উদ্যাপনের রুশ ঐতিহ্য পরিহার করতে পারবে।
বড়দিন উপলক্ষে রোববার সন্ধ্যায় দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, “ইউক্রেইনের সবাই এখন এক হল। আমরা সবাই একসঙ্গে বড়দিন উদ্যাপন করব। একটি বড় পরিবার হিসেবে, একটি জাতি হিসেবে, একটি ঐক্যবদ্ধ দেশ হিসেবে আমরা একই দিনে বড়দিন উদ্যাপন করব।”
ইউক্রেইনের রাজধানী কিইভের বাসিন্দা লেসিয়া শেসতাকোভা ও ওলেকসান্দর শেসতাকোভ দম্পতির একজন ক্যাথলিক আর আরেকজন অর্থোডক্স খ্রিষ্টান। বিয়ের পর থেকে নিজ নিজ পরিবারের ঐতিহ্য মানতে গিয়ে এতদিন তাদেরকে দুইবার করে বড়দিন উদ্যাপন করতে হয়েছে।
এবার তারা দুই জন একই দিনে বড়দিন উদ্যাপনের সুযোগ পেয়েছেন। রোববার সকালে তারা তাদের নিজ নিজ বাবা-মাকে সঙ্গে নিয়ে নগরীর ক্যাথলিক ক্যাথেড্রালে প্রার্থনায় অংশ নিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে লেসিয়া বলেন, “অবশেষে ইউক্রেইনে আমি আমার স্বামীর সঙ্গে ক্যাথেড্রালে দিনটি একসঙ্গে কাটাতে পারলাম। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই যে, আমরা দুইজনই সুস্থভাবে বেঁচে আছি।”
বিবিসি জানায়, ২০১৯ সাল থেকে চালু হওয়া অর্থোডক্স চার্চ অব ইউক্রেইনও (ওসিইউ) বড়দিন উদ্যাপনের তারিখ পরিবর্তন করে ২৫ ডিসেম্বর করেছে।
২০১৪ সালে ক্রাইমিয়া উপদ্বীপকে রাশিয়া তাদের অন্তর্ভুক্ত করে নেওয়ার পর রাশিয়ার অর্থোডক্স গির্জা থেকে আলাদা করে নতুন এই গির্জা প্রতিষ্ঠা করা হয়। রোববার দেশজুড়ে মানুষ প্রার্থনা এবং মোমবাতি জ্বালানোর মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে।
চলমান যুদ্ধে ইউক্রেইনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে কিছুটা কম ক্ষয়ক্ষতি হয়েছে। বড়দিনের উৎসব পালনে সেখানকার নগরীর রাস্তায় রাস্তায় শিশুদের ঐতিহ্যবাহী পোশাক পরে ধর্মীয় গান গাইতে শোনা গেছে। তারা আনন্দ মিছিলেও অংশ নেয়।
সম্প্রতি কয়েক বছরে অনেক পূণ্যার্থী ওসিইউতে (অর্থোডক্স চার্চ অব ইউক্রেইন) যোগ দিয়েছে। তবে কয়েক লাখ মানুষ এখনও ঐতিহাসিকভাবে ইউক্রেইনের রাশিয়া-সংশ্লিষ্ট অর্থোডক্স গির্জার (ইউওসি) রীতি অনুসরণ করে। তারা ৭ জানুয়ারিতেই বড়দিন উদ্যাপনের ধারা বজায় রাখবেন।
ইউক্রেইনের রাশিয়া-সংশ্লিষ্ট অর্থোডক্স গির্জা কর্তৃপক্ষ ২০২২ সালে বলেছিল, ইউক্রেইনে রুশ হামলার কারণে তারা মস্কো থেকে নিজেদের আলাদা করে নিয়েছে। যদিও অনেকেই একথার সত্যতা নিয়ে সন্দিহান।
