১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

অ্যামাজনের নতুন দুই এআই যন্ত্র কথা শুনেই পরে রিমাইন্ডার দেবে

এসব ডিভাইসকে অ্যামাজনের পেইড জেনারেটিভ এআই ভয়েস সার্ভিস অ্যালেক্সা প্লাসের সঙ্গেও সংযোগ করা যাবে।

অ্যামাজনের নতুন দুই এআই যন্ত্র কথা শুনেই পরে রিমাইন্ডার দেবে

দিনজুড়ে অ্যাপস, ক্যালেন্ডার ও বিভিন্ন উৎস থেকে ডেটা বা তথ্য সংগ্রহ করে প্রক্রিয়াজাত করবে ডিভাইস দুটি। ছবি: অ্যামাজন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 10:18 AM

Updated : 18 Oct 2026, 10:18 AM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তির সাহায্যে সারাদিনের আলাপ ও প্রয়োজনীয় তথ্য মনে করিয়ে দিতে দুইটি নতুন ডিভাইস উন্মোচন করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ‘বি’ ব্র্যান্ডের অধীনে নির্মিত এসব ডিভাইস ব্যবহারকারীর গতিবিধি ও কথাবার্তা শুনে ক্যালেন্ডার রিমাইন্ডারসহ নানা বিষয়ে নির্দেশনা দেবে।

বৃহস্পতিবার উন্মোচিত ডিভাইস দুটির একটি হল হাতের ব্রেসলেট, যার নাম ‘ফ্রন্টিয়ার’।

অন্যটি পোর্টেবল ম্যাগনেটিক চার্জারের মতো দেখতে ছোট একটি ডিভাইস, যার নাম ‘ইক্লিপস’। দ্বিতীয় যন্ত্রটি ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের স্মার্টফোনের সঙ্গে যোগ করে রাখতে পারবেন।

অ্যামাজন বলেছে, দিনজুড়ে অ্যাপস, ক্যালেন্ডার ও বিভিন্ন উৎস থেকে ডেটা বা তথ্য সংগ্রহ করে প্রক্রিয়াজাত করবে ডিভাইস দুটি। ফ্রন্টিয়ার ব্রেসলেটটির দাম ৭৫ ডলার ও ইক্লিপসের দাম ১০০ ডলার।

স্যান ফ্রান্সিসকোয় আয়োজিত ‘টেকক্রাঞ্চ ডিসরাপ্ট’ সম্মেলনে অ্যামাজনের ডিভাইস বিভাগের প্রধান পানোস পানায় বলেছেন, “এসব যন্ত্র আপনার সারা দিনের কথাবার্তা ও কর্মকাণ্ড শুনবে। কার সঙ্গে কী কথা হয়েছে, কোনো জরুরি কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কি না বা পরবর্তীতে কী কী করার কথা ছিল তার সব হিসাব আপনাকে নিখুঁতভাবে মনে করিয়ে দেবে।”

এসব ডিভাইস সচল থাকা অবস্থায় সবসময় খেয়াল রাখবে বলে ব্যবহারকারীকে আলাদা করে কোনো কাজের তালিকা বা রিমাইন্ডার তৈরি করতে হবে না। ফলে তারা নিজের কাজে আরও বেশি মনযোগ দিতে পারবেন।

প্রাইভেসি থাকবে ব্যবহারকারীর হাতেই

ডিভাইসটি সবসময় চালু ও সক্রিয় থাকার কারণে তথ্য সুরক্ষার বিষয়টি নিয়েও ব্যাখ্যা দিয়েছে অ্যামাজন। কোম্পানিটির দাবি, প্রাইভেসির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই।

ডিভাইস কখন চালু রাখতে হবে তা ব্যবহারকারী নিজে ঠিক করতে পারবেন। একইসঙ্গে প্রয়োজন অনুসারে, আগের আলাপ বা সংগৃহীত যে কোনো তথ্য মুছে ফেলার সুযোগ থাকবে।

এ ছাড়া, গ্রাহকের কোনো অডিও বার্তা অ্যামাজন নিজেদের সার্ভারে সংরক্ষণ করবে না বলেও স্পষ্ট করেছে।

এর আগে, ২০১৯ সালে অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট পরিষেবা ‘অ্যালেক্সা’র মাধ্যমে হাজার হাজার মানুষের ব্যক্তিগত আলাপ শোনার তথ্য প্রকাশ্যে এলে তোপের মুখে পড়েছিল কোম্পানিটি।

সেই ঘটনার প্রেক্ষাপটে অ্যামাজন বর্তমানে ক্লাস অ্যাকশন মামলার মুখে রয়েছে। তবে শুরু থেকেই যে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে মার্কিন ইকমার্স জায়ান্টটি।

অ্যামাজন বলেছে, ‘বি’ ব্র্যান্ডের নতুন এসব ডিভাইস গ্রাহকের তথ্য ১৪ দিন পর্যন্ত সংরক্ষণ করবে। তবে গ্রাহকরা চাইলে প্রতি মাসে ১২ ডলারের সাবস্ক্রিপশন ফি দিয়ে এই তথ্য সংরক্ষণের মেয়াদ বাড়াতে পারবেন।

এ ছাড়া, এসব ডিভাইসকে অ্যামাজনের পেইড জেনারেটিভ এআই ভয়েস সার্ভিস ‘অ্যালেক্সা প্লাস’-এর সঙ্গেও সংযোগ করা যাবে।

তবে ‘এআই ওয়্যারএবল’ বা এআইচালিত পরিধানযোগ্য প্রযুক্তির বাজারে অ্যামাজনের ‘বি’ ডিভাইসগুলোকে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

মেটার নিজস্ব এজেন্টিক এআই প্রযুক্তিচালিত ‘মিউজ চার্ম’ পেনডেন্ট এবং ক্যামেরা ও সেন্সরওয়ালা চশমা এ বাজারে অ্যামাজনের বড় প্রতিপক্ষ হতে চলেছে।

পাশাপাশি সারাদিনের কথোপকথন রেকর্ড করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম একাধিক স্টার্টআপের তৈরি ডিভাইসও বাজারে রয়েছে।

সম্প্রতি নতুন সব গ্যাজেটের পসরা নিয়ে হাজির হয়েছে অ্যামাজন।

কোম্পানিটির ডিভাইস বিভাগের প্রধান পানোস পানায়ের পরিকল্পনা অনুসারে, যেসব গ্রাহক গুণমান ও দীর্ঘস্থায়িত্বের জন্য বাড়তি অর্থ খরচ করতে প্রস্তুত তাদের আকৃষ্ট করতেই এ পদক্ষেপ।

বিশ্বজুড়ে ট্যাবলেটের বিক্রি কমতে থাকলেও গেল সপ্তাহে অ্যামাজনের উন্মোচন করা বিভিন্ন ট্যাবলেটের দাম আগের সংস্করণগুলোর তুলনায় তিনগুণের বেশি।