রক্তাক্ত পঞ্চায়েত ভোটেও বড় জয়ই দেখবে তৃণমূল, বলছে বুথফেরত সমীক্ষা
ভোটের দিনের সংঘাতেই প্রাণ গেছে ১৪ জনের।
ভোটের দিনই ১৪ জনের প্রাণ কেড়ে নেওয়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে এবারও শাসকদল তৃণমূল কংগ্রেসই বাজিমাত করতে যাচ্ছে বলে ধারণা মিলেছে একাধিক বুথফেরত সমীক্ষায়।
অবশ্য ২০১৮ সালের মতো একচেটিয়া আসন পাচ্ছে না তারা, অনেক জায়গায় বিজেপি, কংগ্রেস ও বামদের প্রতিনিধিত্ব ফিরছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
জেলা পরিষদে ৯২৮টি আসন, ৯ হাজার ৭৩০ পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯ আসনে প্রতিনিধি বেছে নিতে শনিবার ভোট হয়েছে পশ্চিমবঙ্গজুড়ে।
ভোট দেওয়ার যোগ্যতা ছিল প্রায় ৫ কোটি ৬৭ লাখ ভোটারের; তবে শেষ পর্যন্ত তাদের ৬৬ দশমিক ২৮ শতাংশ রায় জানিয়েছে, বলছে নির্বাচন কমিশনের হিসাব।
সারাদিন বুথ দখল, ব্যালট বাক্স ছিনতাই, ‘ছাপ্পা ভোটের’ সঙ্গে বুথগুলোতে দেখা গেছে শাসকদল তৃণমূলের সঙ্গে বিরোধীদের তুমুল সংঘর্ষ আর রক্তাক্ত সহিংসতা।
নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে অশান্তি শুরু হয়। ভোটের আগেই প্রাণ যায় কয়েক ডজন মানুষের। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও শেষ রক্ষা হয়নি, শনিবারের সংঘাত কেড়ে নেয় আরও ১৪ জনকে।
এখানেই শেষ নয়, আহতদের মধ্যে একজন রোববার ভোরে মারা গেছে বলেও জানাচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো।
রক্তাক্ত এ বিশৃঙ্খল নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিরোধীরা। তবে তৃণমূল বলছে, বিচ্ছিন্ন কিছু সহিংসতা বাদে ভোট হয়েছে ‘উৎসবের মেজাজে’।
এবারের ভোটেও বেশিরভাগ জেলা পরিষদ আসনে তৃণমূলের প্রার্থীরাই জিতবে বলে জানিয়েছে এবিপি ও সি-ভোটারের বুথফেরত জরিপ। তাদের হিসাবে মোট আসনের ৬০ শতাংশের বেশিই ঢুকবে জোড়াফুলের বাক্সে। এরপর থাকবে বিজেপি। বাম-কংগ্রেসও এবার বেশকিছু আসন পাবে।
একই চিত্র দেখা যেতে পারে পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েতেও।
শেষবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থীরা ৮৫ শতাংশের বেশি আসনে জিতেছিল।
