১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিথুয়ানিয়ায় নিখোঁজ ৪ মার্কিন সেনার তিনজনকে মৃত পাওয়া গেছে

গত সপ্তাহে লিথুয়ানিয়ার বেলারুশ সীমান্তের কাছে পাবরাদে প্রশিক্ষণ এলাকায় এই মার্কিন সেনারা তাদের বহনকারী গাড়িসহ নিখোঁজ হয়েছিলেন।

লিথুয়ানিয়ায় নিখোঁজ ৪ মার্কিন সেনার তিনজনকে মৃত পাওয়া গেছে
লিথুয়ানিয়ার পাবরাদে সামরিক প্রশিক্ষণ এলাকায় নিখোঁজ মার্কিন সেনাদের সন্ধানে কর্মরত মার্কিন সেনা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 01 Apr 2025, 10:15 AM

Updated : 26 Aug 2026, 12:24 PM

লিথুয়ানিয়ার একটি জলাভূমিতে গত সপ্তাহে গাড়ি ডুবে নিখোঁজ হওয়া চার মার্কিন সেনার মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। 

মার্কিন ও লিথুয়ানিয়ান কর্মকর্তারা সোমবার জানান, নিখোঁজ থাকা অপর সেনার সন্ধানে তল্লাশি অব্যাহত আছে। 

সোমবার ভোররাতে লিথুয়ানিয়া জানিয়েছিল, সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ এলাকায় নিখোঁজ হওয়া ওই সেনাদের গাড়িটি উদ্ধারকারীরা খুঁজে পেয়েছেন। 

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা সামাজিক মাধ্যম এক্স এ লিখেছেন, “অত্যন্ত দুঃখ ও বেদনাদায়ক যে আমি তিন মার্কিন সেনার শোচনীয় মৃত্যুর খবর পেয়েছি। মার্কিন জাতির সঙ্গে লিথুনিয়ানরাও শোক করছে।”   

যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান ড্রিসকল জানান, চতুর্থ সেনার খোঁজে তল্লাশি অব্যাহত থাকবে। 

এক বিবৃতিতে ড্রিসকল বলেছেন, “আমাদের নিহত সেনাদের খুঁজে বের করার ক্ষেত্রে তাদের অটল প্রতিশ্রুতির জন্য আমি মার্কিন সেনা, নাবিক এবং লিথুয়ানিয়ার ও পোল্যান্ডে থাকা আমাদের নিবেদিতপ্রাণ মিত্রদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।” 

গত সপ্তাহে লিথুয়ানিয়ার বেলারুশ সীমান্তের কাছে পাবরাদে সামরিক প্রশিক্ষণ এলাকায় ওই মার্কিন সেনারা তাদের বহনকারী গাড়িসহ নিখোঁজ হয়েছিলেন।