২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ নম্বরে ১৩ রান করে ১৪ জনের মধ্যে রেকর্ড

পাকিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম অদ্ভুত এক রেকর্ড গড়লেন ব্যাট হাতে।

১২ নম্বরে ১৩ রান করে ১৪ জনের মধ্যে রেকর্ড
বল হাতে এ দিন দলের সেরা ছিলেন সুফিয়ান মুকিম তবে অদ্ভুত রেকর্ড গড়েছেন ব্যাট হাতে। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

সুফিয়ান মুকিমের ব্যাটিংয়ে নামার কথা ছিল ১১ নম্বরে। কিন্তু ঘটনাক্রমে তাকে নামতে হলো ১২ নম্বরে। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে এলো অপরাজিত ১৩ রান। তাতেই পাকিস্তানের এই ক্রিকেটারের নাম লেখা হয়ে গেল রেকর্ড বইয়ে। 

১১ জনের খেলায় ১২ জন ব্যাট করার কথা শুনলে একটা সময় হেসেই উড়িয়ে দিতেন অনেকে। এখন ক্রিকেটের অনুসারীমাত্রই জানেন, এটি খুবই সম্ভব এবং সেই নজির খুব বিরলও নয়। তাদের মধ্যেই এখন একটি জায়গায় সবার ওপরে মুকিম। ১২ নম্বরে নেমে তার ১৩ রানই আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। 

কনকাশন বদলির নিয়মের কারণে এখন এক ইনিংসে ১২ জন কেন, আরও বেশি জনেরও ব্যাট করা সম্ভব। এখনও পর্যন্ত অবশ্য ১২ জনের বেশি ব্যাট করার প্রয়োজন পড়েনি। তিন সংস্করণ মিলিয়ে ১২ নম্বরে ব্যাট করা ও করার তালিকায় থাকা ক্রিকেটার এখনও পর্যন্ত ছিলেন ১৪ জন। তাদের মধ্যে ১০ জন ব্যাট করেছেন, বাকি চারজনের ব্যাটিংয়ের প্রয়োজন হয়নি। তাদের সবার চেয়ে বড় ইনিংসটি এখন মুকিমেরই।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার হ্যামিল্টনে পাকিস্তানের ইনিংসের ২৫তম ওভারে উইল ও’রোকের বাউন্সার ছোবল দেয় হারিস রউফের হেলমেটে। তিনি মাঠের বাইরে চলে যান। একটু পর কনকাশন বদলি হিসেবে নামানো হয় নাসিম শাহকে। ১১ নম্বরে নেমে ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ইতিহাসে যা এগারোয় নেমে দ্বিতীয় ফিফটি।

নাসিমের কারণেই এক ধাপ পেছনে চলে যায় মুকিমের ব্যাটিং অর্ডার। ম্যাচের প্রথম ভাগে ৩৩ রানে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন তিনি। পরে ১২ নম্বরে নেমে ব্যাটিংয়ের ঝলক খানিকটা দেখিয়ে একটি করে ছক্কা ও চার মেরে ১৩ রানে অপরাজিত থাকেন।

১২ নম্বরে নেমে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল স্রেফ ৪ রানের। ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে ইনিংসটি খেলেছিলেন আফগানিস্তানের জাহির খান।

একই বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১ রানে অপরাজিত ছিলেন আফগানিস্তানেরই ফাজালহাক ফারুকি। এছাড়া ১২ নম্বরে ব্যাট করা বাকি সাত জনই শূন্য রানে আউট হয়েছেন বা অপরাজিত রয়ে গেছেন।

ওয়ানডেতে মুকিমের আগে ১২ নম্বরে ব্যাট করেছেন কেবল আয়ারল্যান্ডের জশ লিটল। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে তিনি আউট হয়ে যান শূন্যতে। 

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা কিংবা জশ হেইজেলউডের নামার কথা ছিল ১২ নম্বরে। তবে সেটির আর প্রয়োজন পড়েনি দল আগেই জিতে যাওয়ায়। 

মুকিমের এটি ছিল স্রেফ দ্বিতীয় ওয়ানডে। অভিষেক ওয়ানডেতে গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার উইকেট নিয়েছিলেন ২৫ বছর বয়সী প্রতিভাবান স্পিনার।