১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কের ভবনে ৪ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

এই বন্দুক সহিংসতায় নিহত চারজনের মধ্যে একজন নিউ ইয়র্ক পুলিশে বিভাগের ৩৬ বছর বয়সী এক কর্মকর্তা।

নিউ ইয়র্কের ভবনে ৪ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা
পুলিশের শেয়ার করা ছবিতে সন্দেহভাজন বন্দুকধারী। ছবি: সিএনএন

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 10:57 AM

Updated : 26 Aug 2026, 01:28 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীর মিডটাউন ম্যানহাটনের একটি আকাশচুম্বী ভবনে এক বন্দুকধারী গুলি করে চারজনকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

সোমবার ম্যানহাটনের যে ভবনটিতে ঘটনাটি ঘটেছে সেখানে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) সদরদপ্তর এবং ব্ল্যাকস্টোনসহ বেশ কয়েকটি অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দপ্তর আছে। 

রয়টার্স জানায়, এই বন্দুক সহিংসতায় নিহত চারজনের মধ্যে একজন নিউ ইয়র্ক পুলিশে বিভাগের ৩৬ বছর বয়সী এক কর্মকর্তা যিনি সাড়ে তিন বছর ধরে বাহিনীটিতে কর্মরত ছিলেন। নিহত অপর তিনজন বেসামরিক বলে ধারণা করা হচ্ছে।   

নিউ ইয়র্কের ম্যানহাটন বরোতে ঘটনাস্থল ভবনটি নিচে উৎকণ্ঠিত লোকজন। ছবি: রয়টার্স

নিউ ইয়র্কের ম্যানহাটন বরোতে ঘটনাস্থল ভবনটি নিচে উৎকণ্ঠিত লোকজন

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বন্দুকধারী লাগ ভেগাসে থাকতেন। কিছুদিন ধরে তিনি নিউ ইয়র্কে এসে থাকছিলেন। হত্যাকাণ্ড চালানোর পর তিনি নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেন।   

টিশ জানান, বন্দুকধারী একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কেন সে এ ঘটনা ঘটিয়েছে তার সম্ভাব্য কারণ বের করতে তদন্ত চলছে। 

নিউ ইয়র্কের ম্যানহাটন বরোতে বন্দুকধারীর উপস্থিতির খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। ছবি: রয়টার্স 

নিউ ইয়র্কের ম্যানহাটন বরোতে বন্দুকধারীর উপস্থিতির খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে

সিএনএন সন্দেহভাজনের একটি ছবি প্রকাশ করে জানিয়েছে, পুলিশ ছবিটি শেয়ার করেছে। ছবিটিতে দেখা যায়, একজন বন্দুকধারী হাতে একটি রাইফেল নিয়ে হেঁটে ভবনটিতে প্রবেশ করছেন। গুরুত্বপূর্ণ অনেকগুলো গণমাধ্যম ছবিটি প্রকাশ করেছে। 

কর্মকর্তাদের উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, প্রাথমিকভাবে সন্দেহভাজনের অতীতের কার্যকলাপ পরীক্ষা করে সে উল্লেখযোগ্য কোনো অপরাধের জড়িত ছিল এমন কোনো কিছু দেখা যায়নি।  

মিডটাউন ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের আকাশচুম্বী ভবনটিতে ব্ল্যাকস্টোন ও কেপিএমজিসহ বেশ কয়েকটি অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দপ্তর ও এনএফএলের সদরদপ্তর আছে। 

ঘটনাস্থলের কাছে থাকা রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, ভবনটির চারপাশের এলাকায় বহু পুলিশ অবস্থান নিয়ে আছে। 

ঘটনাস্থলের কাছে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাশের এক জিমে ব্যায়ামরত ক্রীড়া বাজিকর রাস ম্যাকগি (৩১) বলেন, “আমি শুধু অনেক হৈ চৈ দেখেছি, পুলিশ ও লোকজন চিৎকার করছে।” 

এফবিআই জানিয়েছে, তাদের নিউ ইয়র্ক ফিল্ড দপ্তরের গোয়েন্দারা সহায়তা দেওয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত আছেন।