১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সেনা নিহত

নিরাপত্তা বাহিনীর শাহ মারদান চেকপোস্টে বিচ্ছিন্নতাবাদীরা রকেট, হাত বোমা ও ভারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 02:39 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন। 

শনিবার প্রদেশটির কালাত জেলার জোহান পার্বত্য এলাকায় ঘটনাটি ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। 

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানিয়েছে, শাহ মারদানের কাছে নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে ‘সন্ত্রাসীরা’ হামলা চালায়, এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ছয় ‘সন্ত্রাসী’ নিহত ও আরও চারজন আহত হন। এ সময় দুইপক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলে আর তাতে সাত সেনা নিহত হন। 

ফন্ট্রিয়ার কোরের (এফসি) শাহ মারদান চেকপোস্টে বিচ্ছিন্নতাবাদীরা রকেট, হাত বোমা ও ভারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে আইএসপিআর জানিয়েছে। 

কালাত বিভাগের কমিশনার নাঈম বাজি পাকিস্তানি গণমাধ্যম ডনকে বলেন, “ভোররাতে চালানো এ হামলায় ওই চেকপোস্টে মোতায়েন সাত সেনা নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন। 

তিনি জানান, নিহতদের মৃতদেহ ও আহতদের বেলুচিস্তানের রাজধানী কোয়েটার সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিষিদ্ধ ঘোষিত বালুচ লিবারেশন আর্মি চেকপোস্টে হামলার দায় স্বীকার করেছে। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলা চালানোর আগে ‘সন্ত্রাসীরা’ ওই এলাকাটি ঘেরাও দিয়ে বিচ্ছিন্ন করে ফেলেছিল। হামলা শুরুর পর দুই পক্ষের মধ্যে তিন ঘণ্টা ধরে গোলাগুলি চলে। ভারী অস্ত্রে সজ্জিত প্রায় ৪০ জনের মতো ব্যক্তি এ হামলায় অংশ নেয়। 

ভোর পেরিয়ে দিনের আলো ফুটে ওঠার পরও স্থানীয়রা গুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পান। 

কালাতের ডেপুটি কমিশনার জানিয়েছেন, এই হামলায় যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী জোহান ও আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে আর ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে।