বলিভিয়ায় ট্রাকের ধাক্কায় বাস গিরিসঙ্কটে পড়ে নিহত অন্তত ৩১
বিশ্বের অন্যতম সর্বোচ্চ মালভূমি আন্তিপ্লানোর অরুরো শহর ও পার্বত্য অঞ্চলীয় খনি শহর পোতোসির মধ্যবর্তী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।
বলিভিয়ার দক্ষিণাঞ্চলের এক মহাসড়কে চলন্ত ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে গিরিসঙ্কটে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার সকালের এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের মুখপাত্র লিমবার্ট চোকি মৃতের সংখ্যা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে নারী ও পুরুষ, উভয়েই আছেন।
রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম সর্বোচ্চ মালভূমি আন্তিপ্লানোর অরুরো শহর ও পার্বত্য অঞ্চলীয় খনি শহর পোতোসির মধ্যবর্তী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, সংঘর্ষের পর বাসটি মহাসড়ক থেকে ছিটকে একটি গিরিসঙ্কটের ৫০০ মিটার নিচে গড়িয়ে পড়ে। ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
সামাজিক মাধ্যমে এক পোস্টে এক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুয়িস আর্সে।
শনিবার ভোরে দেশটির পোতোসি অঞ্চলে আরেকটি মহাসড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছিলেন। এখানে দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
