বিদেশে আটকা পড়াদের জন্য কোভিড নীতি শিথিল করছে উত্তর কোরিয়া
করোনাভাইরাসের কারণে দেশটি প্রায় চার বছর সীমান্তে কড়াকড়ি আরোপ করায় বিভিন্ন দেশে আটকা পড়েছিল উত্তর কোরীয় নাগরিকরা।
কোভিড নীতি শিথিল করছে উত্তর কোরিয়া। করোনাভাইরাসের কারণে দেশটি প্রায় চার বছর সীমান্তে কড়াকড়ি আরোপ করায় বিভিন্ন দেশে আটকা পড়েছিল উত্তর কোরীয় নাগরিকরা। ফিরতে পারছিল না দেশে।
অবশেষে এ সংকট কাটতে চলেছে। বিদেশ থেকে এখন ফিরতে পারবেন উত্তর কোরীয়রা। জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।
তবে উত্তর কোরিয়ায় পৌঁছানোর পর নাগরিকদেরকে কোভিড চিকিৎসায় নিয়োজিত প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে বিবিসি।
বিশ্বের যে অল্প কিছু দেশে এখনও কোভিড বিধি-নিষেধ জারি রয়েছে তার মধ্যে উত্তর কোরিয়া অন্যতম। দেশটিতে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটও এতদিন বন্ধ ছিল। ২০২০ সালের পর প্রথমবারের মতো পিয়ংইয়ংয়ের একটি ফ্লাইট বেইজিংয়ে অবতরণ করার কিছুদিন পরই দেশটি কোভিড নীতি শিথিলের এই পদক্ষেপ নিচ্ছে।
গত সপ্তাহেই চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় চালু হয়েছে। গত মাসে চীন এবং রাশিয়ার কর্মকর্তারা উত্তর কোরিয়ায় সফরও করেছেন। পিয়ংইয়ংয়ে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিতে তারা সেখানে যান। উত্তর কোরিয়া তাদের সীমান্ত বন্ধ করে দেওয়ার পর এটিই ছিল প্রথম বারের মতো দেশটিতে বিদেশি কর্মকর্তাদের সফর।
তাছাড়া, সম্প্রতি ক্রীড়াবিদদের একটি প্রতিনিধি দলকে কাজাখস্তানে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে উত্তর কোরিয়া। গত মঙ্গলবার একটি এয়ার কোরিও বিমান উত্তর কোরিয়া থেকে চীনে পৌঁছেছে। এর একদিন আগেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তারা দুদেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন দিয়েছে।
উত্তর কোরিয়ায় ফিরতি ফ্লাইটে কে বা কারা যাচ্ছে তা স্পষ্ট জানা যায়নি। তবে ইয়োনহাপ নিউজ জানায়, বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে লাইনে অপেক্ষায় ছিলেন উত্তর কোরিয়ার যাত্রীরা। চীনে প্রায় সাড়ে তিন বছর ধরে উত্তর কোরিয়ার অনেক শিক্ষার্থী, শ্রমিক এবং কূটনীতিক আটকা পড়ে আছেন।
তবে উত্তর কোরিয়ার নাগরিকরা এখন দেশে ফেরার অনুমতি পেলেও বিদেশি কূটনীতিক এবং ত্রাণকর্মীদের কখন দেশটিতে যেতে দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২০২০ সালের প্রথম দিকেই সীমান্তে কড়াকড়ি আরোপ করেছিল উত্তর কোরিয়া। পাশাপাশি সব বাণিজ্য এবং কূটনৈতক সম্পর্কও দেশটি স্থগিত করে রেখেছিল। খাবার ওষুধের মতো জরুরি পন্য আমদানিও বন্ধ ছিল দেশটিতে।
