১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাশিয়া-চীন-কিউবা-ইরানের উপদেষ্টাদের বহিস্কার করতে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের চাপ

ভেনেজুয়েলার মাটিতে কিউবা, রাশিয়া, চীন এবং ইরানের গোয়েন্দা ও সামরিক যেসব কর্মকর্তা আছেন, তাদেরকে তাড়াতে হবে বলে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে অন্তর্বর্তী প্রশাসনকে।

রাশিয়া-চীন-কিউবা-ইরানের উপদেষ্টাদের বহিস্কার করতে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের চাপ
মার্কো রুবিও। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 01:56 AM

Updated : 26 Aug 2026, 05:31 PM

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকারকে দেশটিতে অবস্থানরত রাশিয়া, চীন, ইরান ও কিউবার সামরিক ও গোয়েন্দা উপদেষ্টাদের বহিষ্কার করার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। 

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

পত্রিকাটি জানায়, সোমবার কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন নেত্রী ডেলসি রদ্রিগেসের কাছে ওয়াশিংটনের দাবিগুলো কী কী তা স্পষ্ট করে তুলে ধরেছেন।

কয়েকটি সূত্রের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র চায় ভেনেজুয়েলা থেকে ওই চার দেশের গোয়েন্দা এবং সামরিক কর্মকর্তাদেরকে বের করে দেওয়া হোক। তবে কিছু কূটনীতিককে দেশটিতে থাকার অনুমতি দেওয়া হতে পারে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে স্পষ্ট করে বলেছিলেন যে, ভেনেজুয়েলা আর কখনওই যুক্তরাষ্ট্রের শত্রুদের জন্য কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহার হতে পারবে না।

ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রশাসনকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চাইছে এমন আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার তা আরও স্পষ্ট হচ্ছে। 

গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকেই ওয়াশিংটন দেশটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করেছে। 

মাদুরো আটকের পর ডেলসি রদ্রিগেস অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ভেনেজুয়েলার দায়িত্ব নিয়েছেন এবং ইতোমধ্যে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

ভেনেজ়ুয়েলার তেলের বিষয়েও যুক্তরাষ্ট্রের দাবি রদ্রিগেসের কাছে স্পষ্ট করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের বাণিজ্য শুরু করতে হবে ভেনেজ়ুয়েলাকে।

সেক্ষেত্রে মার্কিন তেল কোম্পানিগুলোকে ভেনেজ়ুয়েলায় ঢুকতে দিতে হবে। সেজন্য ভেনেজ়ুয়েলাকে জ্বালানি তেলের ক্ষেত্রে নিজেদের জাতীয়করণ নীতি বদলাতে হতে পারে, বা শিথিলও করতে হতে পারে।