যুক্তরাজ্যে বিক্ষোভকারীর ওপর হামলা, কঠোর পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের
ম্যানচেস্টারে চীনা কনস্যুলেটের সামনে অক্টোবরের বিক্ষোভে সহিংসতার জেরে এই হুঁশিয়ারি দিয়েছে চীন।
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চীনা কনস্যুলেটের সামনে দুই মাস আগে বিক্ষোভে সহিংসতার ঘটনার জেরে কঠোর পাল্টা-পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন।
চীনা কনস্যুলেটে কর্মীদের সুরক্ষা দিতে যুক্তরাজ্য ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় বৃহস্পতিবার এ হুঁশিয়ারি দিয়েছে।
গত ১৬ অক্টোবরে ম্যানচেস্টারের কনস্যুলেটে ওই বিক্ষোভে ছিলেন হংকংয়ের গণতন্ত্রপন্থি বব চ্যান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ চলার সময় চ্যানকে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি কনস্যুলেটের মাঠে টেনে নিয়ে গিয়ে মারধর করে।
পরবর্তীতে ম্যানচেস্টার পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে চীনা কর্মকর্তাদের কূটনৈতিক দায়মুক্তির অধিকার ত্যাগ করে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।
এই অনুরোধে সাড়া দেওয়ার জন্য চীনা কূটনীতিকদেরকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তারা তদন্তে সহযোগিতা না করে যুক্তরাজ্য ছাড়েন। চীন এই কূটনীতিকদের সরিয়ে নেয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার গণমাধ্যমে নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, “আমরা যুক্তরাজ্যকে রাজনৈতিক কারসাজি বন্ধ করে সেদেশে আমাদের কনস্যুলেট জেনারেলের স্বাভাবিক কাজকর্ম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”
