যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ ইরান যুদ্ধে জয়ী হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র যুদ্ধে জেতার পর জ্বালানির দাম দ্রুতই কমে যাবে বলে আশা দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ ইরান যুদ্ধে জয়ী হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা ইরান যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টায় থাকা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন।
সোমবার হোয়াইট হাউজের ওভাল দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, “আমরা জিততে যাচ্ছি। আমার যতদূর মনে হয়, এটা যে কোনো একভাবে না একভাবে ঘটবেই। এটা বেশ দ্রুতই হয়ে যাবে।”
যুক্তরাষ্ট্র যুদ্ধে জেতার পর জ্বালানির দাম দ্রুতই কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।
রয়টার্স দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সাত মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর নতুন প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার মার্কিন ও ইরানি কর্মকর্তারা পৃথকভাবে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন।
আলোচনার বিষয়ে অবহিত একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ইরান যে প্রস্তাব উপস্থাপন করেছে পরবর্তী আলোচনাগুলো তার একটি সংশোধিত সংস্করণকে কেন্দ্র করে হবে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের সাত মাসে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন আর তেল সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব বাজারে প্রবল ধাক্কা লেগেছে। এর আগে এপ্রিলে ও জুনে, দুইবার যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে হওয়া শান্তি আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু ওই চুক্তিগুলো দ্রুতই ভেস্তে যায়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এখনো নিউ ইয়র্কে আছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার খবর অনুযায়ী তিনি বলেছেন, তাদের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য দেওয়া শর্তাবলিতে যুক্তরাষ্ট্র সাড়া দেবে বলে ইরান আশা করছে।
আরাকচি বলেছেন, “যদি আমেরিকানরা দাবি করে তারা একটি চুক্তি বা শান্তিপূর্ণ সমাধান খুঁজছে, (তাহলে) আমরা সেই সমাধান উপস্থাপন করেছি।”
ট্রাম্প জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন। তবে মধ্যস্থতাকারীদের সঙ্গে তাদের কী কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আরও পড়ুন:
দ্বিতীয় মার্কিন হামলার পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় মুজতাবা খামেনিকে
‘মহাপ্রলয়ের যুদ্ধ’ হলেও লড়তে প্রস্তুত ইরান: আরাকচি
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানালেন ওয়াল্টজ
