১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোরআন পোড়ানো: ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে জাতিসংঘে রেজ্যুলেশন পাস

ওআইসিভুক্ত ৫৭টি দেশের পক্ষে পাকিস্তান জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ওই রেজ্যুলেশন উত্থাপন করে।

কোরআন পোড়ানো: ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে জাতিসংঘে রেজ্যুলেশন পাস

কোরআন পোড়ানোর ঘটনার জেরে গত ৩ জুলাই তেহরানে সুইডেনের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন সাধারণ ইরাকিরা।

রয়টার্স

Published : 12 Jul 2023, 08:00 PM

Updated : 12 Jul 2023, 09:53 PM

ধর্মীয় বিদ্বেষ প্রকাশের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার পরিষদে বুধবার বিতর্কিত একটি রেজ্যুলেশন পাস হয়েছে।

এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানকে ধর্মীয় বিদ্বেষ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করতে বলা হয়েছে।

সেইসঙ্গে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর সরকারকে নিজ নিজ দেশে বিদ্যমান আইন পর্যালোচনা করে দেখা এবং এর ফাঁকফোকর যা ‘ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধ, বিদ্বেষমূলক কর্মকান্ডের বিচার এবং ধর্মীয় বিদ্বেষ নিয়ে প্রচারে বাধা সৃষ্টি করতে পারে’ তা বন্ধ করতে বলা হয়েছে।

পুরানো খবর:

কোরআন পোড়ানো অবৈধ ঘোষণার কথা ভাবছে সুইডেন: পত্রিকা

গত মাসে সুইডেনে একটি মসজিদের সামনে এক ব্যক্তির মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে দেওয়ার জেরে অর্গানাইজেশ অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর ৫৭টি দেশের পক্ষ থেকে পাকিস্তান জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ওই রেজ্যুলেশন উত্থাপন করে।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কঠোরভাবে এর বিরোধিতা করেছিল। তাদের যুক্তি ছিল, এই রেজ্যুলেশন মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

গত মাসে সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে এক ইরাকি অভিবাসী একটি কোরআন পুড়িয়ে দেন। যে ঘটনায় মুসলিম বিশ্ব থেকে সমালোচনার ঝড় ওঠে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

জাতিসংঘের মানবাধিকার পরিষদে বর্তমানে ওআইসিভুক্ত দেশগুলোর প্রভাব অতীতের যে কোনও সময়ের চেয়ে বেশি। বুধবারের ভোটে তাই পশ্চিমা দেশগুলোকে বেশ বড় হার দেখতে হয়েছে।

২৮ দেশ রেজ্যুলেশনের পক্ষে ভোট দিয়েছে। যেখানে বিপক্ষে পড়েছে মাত্র ১২টি ভোট। সাত দেশ ভোটদান থেকে বিরত থেকেছে।

জাতিসংঘের ‍মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি মিশেল টেইলর ভোটের যে ফল এসেছে তাতে দুঃখ প্রকাশ করে বলেন, ‘‘উদ্যোগটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে কিনা তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

‘‘আমি আরেকটু সময় নিয়ে, আরেকটু খোলামেলা আলোচনায় বিশ্বাসী। এই রেজ্যুলেশন নিয়ে কিভাবে ঐক্যমত্যের ভিত্তিতে ‍সামনে অগ্রসর হওয়া যায় সেটা নিয়েও আমাদের ভাবতে হবে।”