২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি: নিখোঁজ ১১ জনকে জীবিত উদ্ধার

নৌকাটি মেনতাওয়াই দ্বীপপুঞ্জের সিকাকাপ শহর থেকে তুয়াপেজাতের উদ্দেশে রওনা দেওয়ার পর উত্তাল সাগরে সেটি উল্টে যায়।

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি: নিখোঁজ ১১ জনকে জীবিত উদ্ধার
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 03:15 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের মেনতাওয়াই দ্বীপপুঞ্জের উপকূলে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার পর সাগরে ছয় ঘণ্টা ধরে সাঁতরে প্রাণে বেঁচেছেন ১১ যাত্রী। 

মঙ্গলবার তাদের জীবিত উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী দলগুলো।

সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ১৮ জন আরোহী নিয়ে নৌকাটি সিকাকাপ শহর থেকে তুয়াপেজাতের উদ্দেশে রওনা দেয়। পথে খারাপ আবহাওয়ায় সেটি উল্টে যায়।

“ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কিছু যাত্রী সাঁতরে নিকটবর্তী দ্বীপে পৌঁছাতে সক্ষম হন,” বার্তা সংস্থা রয়টার্সকে বলেন দ্বীপের রিন্তো ওয়ার্দানা নামের এক কর্মকর্তা।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। মঙ্গলবার দুটি নৌকা ও কয়েক ডজন উদ্ধারকর্মী নিখোঁজদের সন্ধানে অভিযান চালান। এর আগে আরও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল বলে জানান ওয়ার্দানা।

নৌকাটির আরোহীদের মধ্যে ১০ জন ছিলেন স্থানীয় সরকারি কর্মকর্তা। তারা সরকারি কাজে তুয়াপেজাতে যাচ্ছিলেন।

ইন্দোনেশিয়ায় সাগরে নৌকা উল্টে নিখোঁজ ১১

চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার বালি উপকূলে ৬৫ আরোহী নিয়ে একটি ফেরি ডুবে যায়। আরোহীদের মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও পানিতে ডুবে ১৮ জনের মৃত্যু হয় এবং ১৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌকা ও ফেরি নিয়মিত যাতায়াতের মাধ্যম হলেও খারাপ আবহাওয়া এবং নৌযানগুলোর দুর্বল নিরাপত্তা ব্যবস্থা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।