২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের আগে গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে আশা-হতাশার দোলাচল

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ৬০ দিনের এই যুদ্ধবিরতির ধারবাহিকতায় যুদ্ধ বন্ধের বিষয়ে আশা পোষণ করলেও অন্যরা হতাশ হওয়ার দিকটাই বেশি দেখছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 01:01 AM

Updated : 01 Sep 2026, 09:45 PM

ফিলিস্তিনের অবরুদ্ধ ছিটমহল গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তাতে ‘ইতিবাচক সাড়া’ দিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য রোববার ইসরায়েলের প্রতিনিধিরা কাতার যাওয়ার কথা।

সেখানে কাতার ও মিশরের মধ্যস্থতায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উড়ে যাবেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে।

বিশ্লেষকরা আশা করছেন, নেতানিয়াহুর এই সফরে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিজেদের দাবি করা ‘বিজয়’ উদযাপনের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। 

কিন্তু এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজা যুদ্ধের অবসান ঘটবে কি না তা নিয়ে পর্যবেক্ষকদের যেমন সংশয় রয়েছে, তেমনি আশার কথাও বলেছেন তারা।

আল জাজিরা লিখেছে, চলতি বছর তৃতীয়বারের মত নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, যিনি দাবি করছেন, ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে ফের বোমা হামলার হুমকিও দিয়ে রেখেছেন ট্রাম্প। 

গত সপ্তাহে, ট্রাম্প বলেছেন যে ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে ইসরায়েল ‘সম্মত’ হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় ২১ মাস ধরে চলতে থাকা গাজা যুদ্ধের যবনিকা ঘটানোর লক্ষ্যে সকল পক্ষ কাজ করতে পারবে। 

৪ জুলাই হামাস সবশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে।

এই যুদ্ধবিরতি কী বাস্তবসম্মত?

যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস ‘ইতিবাচক সাড়া’ দেওয়ার পর শুক্রবার ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। চুক্তি নিশ্চিত করতে তিনি নেতানিয়াহুর সঙ্গে ‘কঠোর থাকার’ প্রতিশ্রুতিও দিয়েছেন। 

ইসরায়েলের তরফে যুদ্ধবিরতি প্রস্তাবে পরিবর্তন আনার প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলা হলেও আলোচনার জন্য দেশটির প্রতিনিধিদের কাতারে যাওয়ার কথা।

আল জাজিরা লিখেছে, হামাসের প্রধান তিনটি দাবি হল- মার্চে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার শুরুর আগে গাজায় যেখানে ইসরায়েলি বাহিনীর অবস্থান ছিল সেসব অবস্থান থেকে তাদের প্রত্যাহার করা। ত্রাণ নিতে যাওয়া নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর ঘটনায় বিতর্কিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ এর কার্যক্রম বন্ধ করা। ত্রাণ নিতে গিয়ে গুলি প্রাণ হারিয়েছেন অন্তত ৭৪৩ জন ফিলিস্তিনি। এছাড়া যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার দাবি জানিয়েছে হামাস।

ফাঁস হওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের কপি পেয়েছে আল জাজিরা, যেখানে সংঘাত বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি ও পর্যায়ক্রমে বাকী ৫৮ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরায়েলে হামাসের হামলার সময় ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।

সে ঘটনার পর গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৫৭ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই হত্যাকাণ্ডকে জাতিসংঘ বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও মানবাধিকার কর্মীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা হিসেবে বর্ণনা করছেন। 

অনেক বিশেষজ্ঞ আল জাজিরাকে বলেছেন, সাময়িক এই যুদ্ধবিরতি স্থায়ী যুদ্ধ বন্ধের পথ খুলবে বলে ট্রাম্প যে কথা বলছেন, তা নিয়ে তারা আশাবাদী নন।

‘মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্স’ এর ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ ওমর রহমান বলেন, যেভাবে (যুদ্ধবিরতি আলোচনা) ছক তৈরি করা হযেছে তাতে তিনি তার মনে সংশয় তৈরি হয়েছে।

তার সংশয়ের কারণ তুলে ধরে তিনি বলেন, “ট্রাম্পের লক্ষ্য আসলে ইসলায়েলি জিম্মিদের উদ্ধার করা, মোটেই যুদ্ধ ও গাজার মানুষের দুদর্শার অবসান ঘটানো নয়।” 

জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হওয়ার কয়েক দিন আগে যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার পর ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি এই যুদ্ধের ইতি ঘটাবেন। 

কিন্তু দুই মাস পর যখন ইসরায়েল এক তরফাভাবে গাজায় হামলা ও আরও হাজার হাজার মানুষ হত্যা শুরু করল, তখন কিন্তু ট্রাম্প কিছুই করেননি। 

হোয়াইট হাউসে ৪ ফেব্রুয়ারি ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক। ছবি: রয়টার্স

হোয়াইট হাউসে ৪ ফেব্রুয়ারি ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’ এর ইসরায়েল-ফিলিস্তিন বিশেষজ্ঞ মেরাভ জনজিয়েন বলেন, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।

“চাপে রাখা (নেতানিয়াহুকে) নির্ভর করছে টাম্প ও যুক্তরাষ্ট্রের ওপর। কিন্তু তা নিয়ে ঘোরতর সন্দেহ আছে,” বলেন তিনি।

জনজিয়েন বলেন, “এক ধরনের যুদ্ধবিরতি হতে পারে, এ নিয়ে আশাবাদী। কিন্তু তার স্থায়ীত্ব ও শর্তাবলী খুবই সন্দেহজনক।”

তিনি বলেন, “একটি যুদ্ধবিরতি দেখার সম্ভাবনাও আছে, যা টিকবে না। কারণ… ইসরায়েল এখনো কোনো ধরনের প্রতিক্রিয়া ছাড়াই প্রায়ই বোমা হামলা চালিয়ে যাচ্ছে।”

গাজায় ফিলিস্তিনি সাংবাদিক ইয়াসির আল বান্না বলছিলেন, এই যুদ্ধবিরতি যুদ্ধের ইতি ঘটাবে কি না তা নিয়ে উপত্যকার মানুষ বিভক্ত, কিন্তু সকলেরই প্রার্থনা, তা হোক। অপরদিকে কিছু মানুষ কল্পনাই করতে পারছেন না যে নেতানিয়াহু চুক্তিতে অটল থাকবেন।

নেতানিয়াহু জোর দিয়েই বলেছেন যে হামাসের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ ছাড়া এই যুদ্ধ বন্ধ হবে না। কিন্তু তার এই ‘পূর্ণ বিজয়’ এর ধারণা স্পষ্ট করেননি তিনি।

ইয়াসির বান্না বলেন, “গাজার প্রায় অর্ধেক মানুষই খুব হতাশ। আর বাকীরা বিশ্বাস করেন, পরিস্থিতি এখন ভিন্ন। কারণ, যুদ্ধ বন্ধের সঙ্গে ইসরায়েল, ফিলিস্তিনের জনগণ, আরব দেশগুলো ও যুক্তরাষ্ট্র- প্রত্যেকেরই স্বার্থ জড়িত।” 

গৌরব ও বাস্তবধর্মিতা

অনেক বিশ্লেষকের ধারণা, ট্রাম্প তার আকাঙ্খা থেকেই যুদ্ধবিরতির এই বিশাল কাজের বাস্তবায়ন চান, কারণ তিনি বৈশ্বিক পরিসরে তার অর্জন নিয়ে গর্বিত হতে চান।

সোমবার তিনি দৃশ্যত ইরানের পারমাণবিক কর্মসূচি ধসিয়ে দেওয়ার কৃতিত্ব নিতে পারেন। যদিও ইরানের এই ক্ষয়ক্ষতির বিষয়টি সত্য নাও হতে পারে। এছাড়া হামাসের হাত থেকে বাকী জিম্মিদের উদ্ধারের সংকল্প প্রকাশ করতে পারেন ট্রাম্প।

ইসরায়েল-ফিলিস্তিন বিশেষজ্ঞ ও ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির আরব স্টাডিজ বিভাগের অধ্যাপক খালেদ এলজেন্দি বলেন, ইসরায়েল ও প্রতিবেশি আরব দেশগুলোর সম্পর্ক আরও স্বাভাবিক করার পথে কাঁটা হয়ে দাঁড়ানো ‘গাজা ইস্যু’ সরিয়ে দিতে চান ট্রাম্প। 

তিনি আল জাজিরাকে বলেন, “ট্রাম্প এই কথা বলার যোগ্যতা অর্জন করতে চান যে তিনি তো জিম্মিদের ফিরিয়ে এনেছেন…ফিলিস্তিন রাষ্ট্র দিয়েছেন। তাহলেই তিনি নিজেকে শক্তিশালী বলতে পারবেন। কিন্তু এ ক্ষেত্রে সাফল্য পাওয়া তার ভাবনার চেয়েও অনেক কঠিন।”

ট্রাম্পের এই উচ্চাভিলাষের সঙ্গে নেতানিয়াহুর রাজনৈতিক হিসাবনিকাশের সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়।

ইসরায়েলের আগামী পার্লামেন্ট নির্বাচন হবে ২০২৬ সালের অক্টোবরের আগে। বাকী জিম্মিদের মুক্ত করে নিয়ে যেতে পারলে, সেই সাফল্যের রথে চড়ে আগেভাগেই ভোটের মাঠে নেমে পড়তে পারবেন নেতানিয়াহু।

ট্রাম্পের মতই তিনি প্রচারণা চালাতে পারেন যে ইরানের বিরুদ্ধে তার সেই কথিত অত্যাশ্চার্য্য বিজয় অর্জিত হয়েছে।

‘ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস’ এর ইসরায়েল-ফিলিস্তিন বিশেষজ্ঞ হিউ লোভাট বলেন, এসব বিবেচনা এখন গুরুত্বপূর্ণ, কারণ স্থায়ী যুদ্ধবিরতি হলে নেতানিয়াহুর ভঙ্গুর অতি ডানপন্থি জোট ভেঙে যেতে পারে।  গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার জন চাপ দিয়ে এ জোটটি এখনো টিকে আছে।

তিনি আল জাজিরাকে বলেন, “৬০ দিনের যুদ্ধবিরতির (সম্ভাব্য) শেষের দিকে নেতানিয়াহু যুদ্ধ পুরোপুরি বন্ধের অঙ্গীকার করে এবং জোট ভেঙে দিয়ে নির্বাচনে যেতে পারেন; অথবা যদি তিনি মনে করেন এ সময় নির্বাচন দেওয়া ঠিক হবে না, তাহলে জোট অটুট রাখতে তিনি যুদ্ধে ফিরে যাবেন।”

একটি সম্ভাব্য, প্রায় দুর্বোধ্য ফলাফল

প্রতারণা ও ঘুষের অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া নেতানিয়াহুর জন্য ক্ষমতায় টিকে থাকা খুবই গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের সঙ্গে তার বহুল প্রত্যাশিত বৈঠকে নেতানিয়াহুর বিচার নিয়ে তাদের মধ্যে কথা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই ধারণা করছেন, এটি তার রাজনৈতিক হিসাবনিকাশ ঠিক করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর পদে থাকায় হাই কোর্টে নিজের অনুগত বিচারক নিয়োগ ও শুনানি পিছিয়ে দিতে পেরেছেন নেতানিয়াহু, যা ইসরায়েলের বিচারবিভাগের ভিতকে দুর্বল করেছে। জোট ভেঙে গেলে তার এই প্রভাব থাকবে না। 

ট্রাম্প খুব ভালোভাবেই নেতানিয়াহুর এই উভয়সংকটের ব্যাপারটি জানেন।

২৫ জুন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তার কাছে এই বিচার, ‘ডাইনি শিকার’। 

অধ্যাপক এলজেন্দি বলছেন, ট্রাম্পের বক্তব্য এই ইঙ্গিত দেয় যে তিনি গাজা যুদ্ধ বন্ধের বিনিময়ে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য তার বিরোধীদের ওপর চাপ দিচ্ছেন।

এলজেন্দি সামাজিক মাধ্যমে ট্রাম্পের দেওয়া সাম্প্রতিক পোস্ট তুলে ধরেন, যেখানে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার না করলে সামরিক সহায়তা স্থগিত করবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

২৮ জুন ট্রাম্প লিখেছেন, “ইসরায়েলকে সহায়তা ও সুরক্ষা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বছরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, যা অন্য যেকোনো দেশের চেয়েও অনেক বেশি।”

এলজেন্দি বলছেন, ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক থেকে এ বিষয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে। 

“তাকে (ট্রাম্প) কোনো বিষয়ে লেগে থাকতে দেখি না। কিন্তু এ বিষয়ে (হুমকি) তিনি এটা করতে পারেন।”

তিনি বলেন, এটা পীড়াদায়ক ছিল যে গাজায় বিপর্যস্ত ও দুর্ভিক্ষপীড়িত ফিলিস্তিনিদের জন্য নয়, ট্রাম্প নেতানিয়াহুকে রক্ষার জন্য ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে মিথ্যাচার করার অপরাধ মার্জনা করার সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ হবে নজিরবিহীন। কারণ প্রেসিডেন্ট এমন কোনো ইঙ্গিত দেননি যে তিনি এ ধরনের পরিকল্পনা করছেন।

বিশ্লেষকরা ধারণা করছেন, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে ক্ষমতা করে দিতে পারেন, যদি তিনি রাজনৈতিক জীবন ত্যাগ করতে রাজি হন। কিন্তু সাধারণ একটি যুদ্ধবিরতির নিশ্চয়তা পেতে এমন ছাড় আইজ্যাক দেবেন না। 

ক্রাইসিস গ্রুপের জনজিয়েন বলছেন, নেতানিয়াহু যেহেতু ইসরায়েলের ক্ষমতায় আছেন তাই তাকে দোষ স্বীকার করে সমঝোতায় আসার জন্য ‘বহু বছর’ ধরে সতর্ক করে আসছেন দেশটির বিচারক ও আইনজীবীরা। কারণ বিষয়টি জনগণের স্বার্থের সঙ্গে জড়িত। তাদের একটাই শর্ত, রাজনীতি থেকে নেতানিয়াহুকে বিদায় নিতে হবে।

তিনি আল জাজিরাকে বলেন, “আমি মনে করি না যে নেতানিয়াহু এ ধরনের কোনো কিছু বিবেচনা করছেন। যদি তিনি রাজনৈতিক জীবন ত্যাগ করতে চাইতেন, তাহলে ইতোমধ্যেই দোষ স্বীকার করে সমঝোতা করে ফেলতেন।”