যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়, জানাল হোয়াইট হাউজ
ভবিষ্যতে এই চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের প্রেস সচিব লেভিট বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হোয়াইট হাউজ। বুধবার এক ব্রিফিংয়ে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলাইন লেভিট একথা নিশ্চিত করে জানিয়েছেন।
লেভিট জানান, মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন এবং তিনি এই আলোচনার একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবেন।
ভবিষ্যতে এই চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলবে।
ওদিকে এর আগে বুধবারেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছিলেন, ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত থাকবে না। তিনি বলেছিলেন, “আমরা হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখব।”
বুধবার লেবাননজুড়ে তুমুল হামলা চালিয়েছে ইসরায়েল। এই ব্যাপক ও প্রাণঘাতী হামলা প্রসঙ্গে সাংবাদিকদের নেতানিয়াহু বলেছেন, “আমরা হিজবুল্লাহর এমন সব অবস্থানে আঘাত হেনেছি, যেগুলোকে তারা নিরাপদ বলে মনে করত।”
লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় যুদ্ধবিরতির প্রথম দিনেই অন্তত ২৫৪ জন নিহত হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পারও লেবাননজুড়ে এই রক্তক্ষয়ী অভিযান চালায় ইসরায়েলি বিমানবাহিনী।
লেবাননের জরুরি পরিষেবা সংস্থার তথ্যমতে, এসব হামলায় আরও ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন।
তেহরানের পক্ষ থেকে লেবাননকেও এই যুদ্ধবিরতির আওতায় রাখার দাবি জানানো হলেও ইসরায়েল শুরু থেকেই তা নাকচ করে আসছে।
