২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিডের ভয় কমায় ঈদ উদযাপনে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মুসলিমরা

কোভিড রোগী বাড়ার খবরের মধ্যে উভয় দেশের কর্তৃপক্ষই জনগণকে সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 05:39 PM

Updated : 22 Apr 2023, 05:39 PM

কোভিড-১৯ এর অধিকাংশ বিধিনিষেধ উঠে যাওয়ায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মুসলিমরা দলে দলে জমায়েত হয়ে ঈদ উদযাপন করছেন।  

দীর্ঘ এক মাসব্যাপী রোজা শেষে শনিবার উভয় দেশেই ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় শত শত মুসলিম এদিন ঈদের নামাজ আদায় করতে জাকার্তা উতারার ঐতিহাসিক সুন্দা কেলাপা বন্দরে হাজির হন।  

“আমি অত্যন্ত খুশি, আমরা এখন মুক্ত (কোভিডের বিধিনিষেধ থেকে),” বলেন লায়লা (৩৫) ।

অদিত চন্দ্রা (৩০) বলেন, “আমি আশা করছি এখন থেকে পরিস্থিতি আরও ভালো হয়ে উঠবে আর গত তিন বছর ধরে আমাদের নিজ শহরে যেতে না পারার পর আবার আমরা পরিবারের সঙ্গে মিলিত হতে পারবো।”

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার ঈদ উপলক্ষ্যে ইন্দোনেশিয়ার ১২ কোটিরও বেশি মানুষ প্রধান শহরগুলো ছেড়ে নিজ নিজ শহর বা গ্রামে ফেরার পরিকল্পনা করেছেন, এ সংখ্যা দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক; চন্দ্রাও তাদের মধ্যে একজন।

গত বছর ঈদ উপলক্ষে যত লোক শহর ছেড়েছিল এবারের সংখ্যাটি তার চেয়ে ৪৪ শতাংশ বেশি বলে জানিয়েছে দেশটির সরকার।  

Image

কুয়ালালামপুরে ঈদের জামাত।

কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ায় প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায়ও এবার বহু মানুষ তাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন।

কুয়ালালামপুরের বাসিন্দা খাইরুল সোরিয়াতি (৩৯) বলেন, “আমরা আমাদের বৃহত্তর পরিবারের সঙ্গে মিলিত হতে পারবো আর তা করতে পারবো আশঙ্কার কোনো মনোভাব ছাড়াই। মহামারীর সময় আমরা খুব সতর্ক ছিলাম।”

পুরনো খবর:

ঈদেও দৃশ্যমান লিবিয়ার রাজনৈতিক বিভক্তি, উদযাপন পৃথক দুই দিনে

সিঙ্গাপুরে কাজ করা মুহম্মদ নূর আফহাম (৩১) জানান, মহামারীর সময় ভ্রমণ করতে না পারার পর এ বছর মালয়েশিয়া গিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে পারবেন।

“আমি কৃতজ্ঞ, আমি আমার পরিবারের সঙ্গে মিলিত হতে পারবো। শেষবার আমরা শুধু ভিডিও কলের মাধ্যমে মিলিত হয়েছিলাম,” বলেন তিনি।

তবে যাইহোক, কোভিড রোগী বাড়ার খবরের মধ্যে উভয় দেশের কর্তৃপক্ষই জনগণকে সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।