ঈদেও দৃশ্যমান লিবিয়ার রাজনৈতিক বিভক্তি, উদযাপন পৃথক দুই দিনে
দেশটির এক অংশে মাসব্যাপী রমজান শেষ হয়েছে ২৯ দিনে আর অপর অংশে পুরো ৩০ রোজা পালন করা হয়েছে।
লিবিয়ায় তীব্র রাজনৈতিক বিভক্তির কারণে দেশের পূর্ব ও পশ্চিম, এই দুই অংশে পৃথক দুই দিনে চলতি বছরের ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে।
দেশটির এক অংশে মাসব্যাপী রমজান শেষ হয়েছে ২৯ দিনে আর অপর অংশে পুরো ৩০ রোজা পালন করা হয়েছে। এ কারণে দেশটিতে ঈদের ছুটিও আলাদা আলাদা দিনে শুরু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চল ভিত্তিক পার্লামেন্টের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওই অঞ্চলের ধর্মীয় কর্তৃপক্ষ জানায়, সেখানে বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখা গেছে, তাই শুক্রবারই ঈদ।
অপরদিকে রাজধানী ত্রিপোলিতে জাতীয় অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কিত ধর্মীয় কর্তৃপক্ষ জানায়, চাঁদ দেখা যায়নি, তাই শুক্রবারও রোজা থাকবে এবং ঈদ হবে শনিবার।
এই পরিস্থিতিতে শুক্রবার ঈদ পালন করা ত্রিপোলির বাসিন্দা আহমেদ মেসবাহর (৫০) প্রতিক্রিয়া, “এটি পাগলামি। এটি এখানেই শেষ হোক এই প্রার্থনা আমার। যারা রোজা রেখেছেন ও যারা রোজা রাখা বন্ধ করে দিয়েছেন, এই দুই দলের মধ্যে বিভক্ত হয়ে পড়েছি আমরা।”
সাধারণত প্রত্যেক দেশের সরকারি ধর্মীয় কর্তৃপক্ষ ঈদের দিন নির্ধারণ করে থাকেন, কিন্তু ২০১১ সালে সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সমর্থিত গণঅভ্যুত্থানের পর থেকে লিবিয়া আর স্থিতিশীল হতে পারেনি।
২০১৪ সালে পূর্ব ও পশ্চিমের যুদ্ধমান দুই প্রতিপক্ষের মধ্যে দেশটি বিভক্ত হয়ে পড়ে। ২০২০ সাল থেকে দেশটিতে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করলেও এই বিভক্তি রয়েই যায়।
পূর্বাঞ্চলীয় বাহিনীগুলোর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর বাসিন্দারা সামগ্রিকভাবে শুক্রবার ঈদ উদযাপন করেছে, এমন ধারণা পাওয়া গেলেও ত্রিপোলি ও পশ্চিমাঞ্চলের কয়েকটি অংশের লোকজন এদিন ঈদ উদযাপন করছেন ও করছেন না এমন দুই অংশে বিভক্ত হয়ে পড়েছেন বলে দেখা গেছে।
শুক্রবার রোজা থাকা ত্রিপোলির বাসিন্দা মোহাম্মদ সালেম বলেন, “এ ধরনের একটি খুশির দিন নিয়ে পূর্ব ও পশ্চিমের বিভক্তি বেদনাদায়ক, এতে আমি বিমর্ষ হয়েছি। লিবিয়ায় আমাদের জীবন আরও গভীর বিভক্তির দিকে যাচ্ছে এমন আশঙ্কা করছি আমি।”
ত্রিপোলিতে প্রধানমন্ত্রী আব্দুলহামিদ আল দবেইবা বলেছেন, লোকজনের উচিত প্রধান মুফতির সিদ্ধান্ত অনুসরণ করে শনিবার পর্যন্ত অপেক্ষা করা।
অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রশাসনকে সমর্থন করা পার্লামেন্ট বলেছে, ঈদ শুক্রবার শুরু হয়েছে।
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে ঈদ নিয়ে বিভক্তি এমনকী একই পরিবারের সদস্যদের মধ্যেও ছড়িয়েছে, এসব মুফতি সাদিক আল ঘারিয়ানির ভূমিকা নিয়ে তৈরি হওয়া বিভক্তির প্রতিফলন বলেই মনে করা হচ্ছে; তাকে মুসলিম ব্রাদারহুডের ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়।
ব্রাদারহুড লিবিয়ার আঞ্চলিক ও রাজনৈতিক বিরোধের পক্ষ হয়ে উঠেছে, তারা পূর্বাঞ্চলভিত্তিক পক্ষগুলোর ও কিছু সালাফিপন্থি (ওয়াহাবি) মুসলিম গোষ্ঠীর বিরোধী।
