২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স-বেলজিয়াম-জার্মানিতে কৃষক বিক্ষোভ, পথ অবরোধ

ফ্রান্সে কৃষকরা ট্রাক্টর দিয়ে রাজধানী ‘প্যারিস অবরোধ’ শুরু করেছে। ওদিকে, জার্মানি এবং বেলজিয়ামেও কৃষকরা ট্রাক্টর দিয়ে প্রধান প্রধান সড়ক অবরোধ করছে।

ফ্রান্স-বেলজিয়াম-জার্মানিতে কৃষক বিক্ষোভ, পথ অবরোধ

ছবি:রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2024, 11:57 PM

Updated : 30 Jan 2024, 12:03 AM

কম মজুরি-সহ আরও বেশ কিছু সমস্যার বিরুদ্ধে ফ্রান্সজুড়ে চলছে কৃষক বিক্ষোভ। এর মধ্যেই সোমবার কৃষকরা শত শত ট্রাক্টর নিয়ে এসে রাজধানী প্যারিসমুখী প্রধান প্রধান রাস্তাগুলো অবরোধ করতে শুরু করেছে। এ কর্মসূচিকে তারা বলছে, ‘প্যারিস অবরোধ’।

ওদিকে, জার্মানি এবং বেলজিয়ামেও কৃষকরা বিক্ষোভে নেমেছে। সেখানেও ট্রাক্টর দিয়ে প্রধান প্রধান সড়ক অবরোধ করছে তারা।

বেলজিয়ামের কৃষকদের পথ অবরোধে দেশের অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক পরিবহন পথও বিঘ্নিত হচ্ছে। বেলজিয়ামের যুব কৃষক ফেডারেশন নামুর মহাসড়ক অবরোধ করায় বন্ধ হয়ে গেছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যকার একটি ক্রসিং পয়েন্ট এবং ব্রাসেলসের সঙ্গে লুক্সেমবার্গের একটি সংযোগস্থলও।

জার্মানিতে কৃষকরা ট্রাক্টর দিয়ে হামবুর্গ বন্দর এলাকামুখী পথ অবরোধ করছে বলে জানিয়েছে বিবিসি।

Image

ছবি: রয়টার্স।

ফ্রান্সের মতো বেলজিয়াম এবং জার্মানির কৃষকরাও ভাল মজুরির দাবি জানাচ্ছে। সরকারের পরিবেশ সুরক্ষার পদক্ষেপ নিয়ে সমালোচনা করছে এবং মুক্ত বাণিজ্য চুক্তির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

ফ্রান্সের কৃষকরা বলছে, তাদেরকে যথেষ্ট মজুরি দেওয়া হচ্ছে না। তাছাড়া, পরিবেশ সুরক্ষার জন্য অতিরিক্ত নিয়মবিধি তাদের টুঁটি চেপে ধরছে।

ফ্রান্সে কৃষকদের ট্রাক্টর প্যারিস এবং অন্যান্য বড় নগরীতে প্রবেশে বাধা দিতে ১৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ।

কৃষকরা বলছে,তাদের লক্ষ্য সুপারমার্কেটগুলোতে খাবার সরবরাহ বন্ধ করা। এক বিক্ষুব্ধ কৃষক বিবিসি কে বলেছেন, “আমরা সস্তা কৃষিকাজ করতে পারব না... আমরা যাতে বাণিজ্য থেকে জীবনধারণের জন্য আমাদের ব্যয় নির্বাহ করতে পারি সে ব্যবস্থা থাকা প্রয়োজন।”

ফ্রান্সের কৃষকরা ট্রাক্টর দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রতিবাদের অংশ হিসেবে সরকারি কার্যালয়ের দরজায় দরজায় কৃষি-বর্জ্যও ফেলছে।

Image

ছবি: রয়টার্স।

পণ্যের ভাল দাম পাওয়া তো আছেই, সেই সঙ্গে তারা চাইছে সরকারের লাল ফিতের ফাঁস যথা সম্ভব কম করা হোক। অর্থাৎ, বিভিন্ন অনুমোদনের জন্য সরকারি কার্যালয়গুলোতে যাতে ধর্না দিতে না হয়। সরকারি প্রক্রিয়ার সরলীকরণ চায় তারা। আর চায়, সস্তায় বিদেশ থেকে কৃষিজ পণ্য আমদানির বিরুদ্ধে সুরক্ষা।

গত শুক্রবার ফ্রান্স সরকার একাধিক পদক্ষেপ করার ঘোষণা করলেও কৃষকরা তাতে সন্তুষ্ট হননি। সোমবার থেকে রাজধানী প্যারিস অবরোধের হুমকি দিয়েছিলেন তারা। সে কর্মসূচিই তারা এখন শুরু করেছেন।