বিজেপি কেন ‘সরকার বদলের পাঁয়তারা’ দেখছে, কেন আসছে বাংলাদেশ প্রসঙ্গ?
“আমরা কেবল নির্বাচন কমিশনের জবাবদিহিতা দাবি করছি। আমরা সরকার পরিবর্তনের কথা বলছি না,” অবস্থান স্পষ্ট করেছেন সিজেপি নেতা দীপকে।
ভারতে ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলছে, তাতে হঠাৎ করেই ঢুকে পড়েছে বাংলাদেশ প্রসঙ্গ।
দিল্লিতে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বিরোধী দলগুলোর আন্দোলন এবং এর ধরনকে ২০২৪ সালের অগাস্টে ঘটে যাওয়া ‘বাংলাদেশের মতো সরকার পরিবর্তনের’ পাঁয়তারা বলে আখ্যায়িত করছে ক্ষমতাসীন দল বিজেপি।
এ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
বুধবার বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় ভারতে চলমান আন্দোলনকে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত বলে মন্তব্য করেন আইসা নেতা।
মূলত এর পর থেকেই বিজেপি নেতারা দিল্লির আন্দোলনে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনছেন।
ইতোমধ্যে বিজেপি নেতারা নেহার এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ব্যাপক সমালোচনা করেছেন।
উত্তরপ্রদেশের লখনউতে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জ্ঞানেশবিরোধী বিক্ষোভকে বিরোধীদের নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা বলে বর্ণনা করেছেন।
দিল্লিতে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে বিরোধী দল কংগ্রেস ও তাদের মিত্রদের তীব্র আক্রমণ করেন তিনি।
রাজনাথের দাবি, বিরোধীরা তরুণদের উদ্দীপনাকে কাজে লাগিয়ে ‘বাংলাদেশের আদলে’ নৈরাজ্য ও সরকার পরিবর্তনের চেষ্টা করছে।
তিনি বলেন, “কেউ প্রকাশ্যে বাংলাদেশকে অনুসরণের কথা বলছেন। কেউ সরকার বদলের চেষ্টার কথা প্রকাশ্যে স্বীকার করছেন। উদ্দেশ্য স্পষ্ট। তারা অরাজকতা তৈরি করে সরকার বদল করতে চায়। ঠিক যেমন বাংলাদেশে হয়েছে।”
এর আগে বৃহস্পতিবার বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন।
বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, “একটি সাক্ষাৎকারে নেহা বোরা বলেছেন যে তিনি বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত এবং বাংলাদেশে যা ঘটেছে ভারতেও তা হওয়া উচিত। এগুলো কেবল নেহা বোরার বক্তব্য নয়, এটি মূলত রাহুল গান্ধীর মনোভাবেরই প্রতিফলন।
“তারা ভারতে বাংলাদেশের মতো জেন-জি আন্দোলন তৈরি করতে চায় এবং তাদের আসল উদ্দেশ্য সরকার পরিবর্তন করা। এটি কোনো রাজনৈতিক প্রতিবাদ বা প্রতিরোধ নয়; এটি একটি নৈরাজ্যবাদী পদযাত্রা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা।”
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে গত ২ অক্টোবর থেকে দিল্লিতে তুমুল আন্দোলন গড়ে তোলে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস ও তাদের জোট ‘ইনডিয়া’ এ আন্দোলনে তাদের সমর্থন দিয়েছে।
এ আন্দোলন নিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টেনে বিজেপি নেতারা হঠাৎ কেন ঢালাওভাবে এমন বক্তব্য দিচ্ছেন, নেহা বোরার বক্তব্য ছাড়াও এর পেছনে আরও কারণ আছে কিনা তা নিয়ে শুক্রবার একটি বিশ্লেষণ প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
সেখানে বলা হয়, এমন এক সময় ভারতের রাজনৈতিক আলোচনা ও বিশ্লেষণে ‘সরকার পরিবর্তন’ শব্দটি মূল প্রতিপাদ্য হয়ে উঠেছে, যখন ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে হাজার হাজার মানুষ দিল্লির রাজপথে নেমে আন্দোলন করছেন।
সিজেপি ও বামপন্থি ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের সংগঠনগুলো সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণ দাবি করছে; অন্যদিকে বিরোধী দল কংগ্রেস ‘ভোট চুরির’ অভিযোগে নিজস্ব রাজনৈতিক অভিযান চালিয়ে যাচ্ছে।
এই তীব্র উত্তেজনার মধ্যেই কংগ্রেসের ওপর এক তুমুল রাজনৈতিক আক্রমণ শুরু করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, কংগ্রেস তরুণ সমাজকে বিভ্রান্ত করছে এবং ভারতে নৈরাজ্য সৃষ্টি করে অগণতান্ত্রিক উপায়ে সরকার পতনের ষড়যন্ত্র চালাচ্ছে।
বিজেপি সতর্ক করে বলেছে, ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যেভাবে শেখ হাসিনা সরকারকে ‘উৎখাত’ করা হয়েছিল, ভারতেও ঠিক একই মডেলের পুনরাবৃত্তির চেষ্টা করা হচ্ছে।
ইন্ডিয়া টুডে লিখেছে, নেহা বোরার বাংলাদেশের আন্দোলনের প্রশংসার পাশাপাশি জ্যেষ্ঠ আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণের একটি মন্তব্যও বিজেপির তীব্র প্রতিক্রিয়ার কারণ।
বৃহস্পতিবার সমাজকর্মী প্রশান্ত ভূষণ দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, “গণতন্ত্রে সরকার পরিবর্তনের দাবি জানানো কোনও অপরাধ নয়। ভারতে শাসন পরিবর্তন অবশ্যই হবে। আমরা সবাই শাসন পরিবর্তন চাই। এতে কি কোনো সমস্যা আছে?”
ইন্ডিয়া টুডের বিশ্লেষণে বলা হচ্ছে, প্রকাশ্যে ‘সরকার পরিবর্তনের’ যৌক্তিকতা সমর্থনের পরই মূলত বিজেপির প্রতিক্রিয়া তীব্র আকার ধারণ করেছে। পাশাপাশি জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির ভারতের সেনাবাহিনী ও পুলিশকে উদ্দেশ করে দেওয়া এক সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি।
বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ও সংসদ সদস্য সম্বিত পাত্র বলেছেন, “তার (ধ্রুব রাঠি) চেয়ে বড় দেশবিরোধী আর কেউ হতে পারে না।”
অন্যদিকে রাজনাথ সিংয়ের শুক্রবারের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ‘জজ্ঞু গোয়েন্দা’ ও ‘শার্লক হোমস’ হিসেবে কটাক্ষ করে তিনি বলেন, “১৯৭৭ সালে জরুরি অবস্থার পর নির্বাচনে যেভাবে সরকার পরিবর্তন হয়েছিল, বিরোধী দলও তেমনি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তনের লক্ষ্য ঘোষণা করেছে।”
পবন খেরা স্পষ্ট করে বলেন, “ভারতে গণতন্ত্রে সরকার কীভাবে পরিবর্তিত হয়? অবশ্যই নির্বাচনের মাধ্যমে। যখনই কোনো বিরোধী দল রাজপথে নামে, সেখানে একটি আন্দোলন গড়ে ওঠে এবং সরকার পরিবর্তিত হয়। নির্বাচন ছাড়া বিরোধীদের আর কী উদ্দেশ্য থাকতে পারে?”
ইন্ডিয়া টুডের মতে, দিল্লিতে প্রতিবাদকারীদের ওপর পুলিশি নিপীড়ন, এসআইআর বিতর্কের মধ্যে এই রাজনৈতিক বাকযুদ্ধ চরম রূপ নিয়েছে। এমনকি বিজেপির জাতীয় শীর্ষ নেতৃত্ব থেকে এতে ‘বিদেশি শক্তির হাত’ থাকার গুরুতর অভিযোগ তোলা হয়েছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন অভিযোগ করেছেন, কংগ্রেস ও সিজেপি ‘বিদেশি শক্তির’ নির্দেশে কাজ করছে।
ঠিক কী বলেছিলেন প্রশান্ত ভূষণ
দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়াতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আইসা সভাপতি নেহা বোরা, রাজ্যসভার সংসদ সদস্য কপিল সিব্বল, অভিনেতা প্রকাশ রাজ এবং অন্যান্য নাগরিক প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ।
নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব, আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন-পীড়ন এবং সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে প্রশান্ত ভূষণ বলেন, “এই সরকার বারবার বলে চলেছে, এটি নাকি বিরোধীদের পরিচালিত সরকার পরিবর্তনের নীল নকশা। আমরা তো কেবল এই দেশের নির্বাচনি গণতন্ত্রকে বাঁচানোর আবেদন জানাচ্ছি। কিন্তু এই ধরনের বর্বরতা যদি চলতেই থাকে, তবে নিশ্চিতভাবেই সরকার পরিবর্তন হবে।
“আমরা সবাই তো শাসন ব্যবস্থার পরিবর্তনই চাই। এতে ভুল বা অন্যায়ের কী আছে? সরকার পরিবর্তন প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার, আর সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করা কোনো অপরাধ নয়।”
তার এ বিস্ফোরক মন্তব্যকে ‘রাজনৈতিক অস্ত্র’ হিসেবে গ্রহণ করে বিজেপি দাবি করেছে, সিইসির পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে চলমান এই আন্দোলনের আসল উদ্দেশ্য কেবল নির্বাচনি সংস্কার নয়, বরং নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করা।
যেভাবে উঠে এল বাংলাদেশ প্রসঙ্গ
প্রশান্ত ভূষণের মন্তব্যের আগেই ভারতে চলমান আন্দোলনকে বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে তুলনা করা হচ্ছিল।
ওই আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
বুধবার বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় আইসা সভাপতি নেহা বোরা ২০২৪ সালের বাংলাদেশে শেখ হাসিনা পতনের আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন।
ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, “আজ আমরা ভারতে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা প্রথমে বাংলাদেশে হয়েছিল। আমাদের পথ দেখানোর জন্য আপনাদের অভিনন্দন। আমরা আপনাদের আন্দোলনের প্রতি সংহতি জানাই। আপনাদের পরিচালিত লড়াই থেকে আমরা অনুপ্রেরণা ও শিক্ষা গ্রহণ করছি।”
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত জুনে দিল্লিতে সিজেপির যে আন্দোলন হয়েছিল সেখানেও অংশ নিয়েছিলেন জেএনইউ শিক্ষার্থী নেহা।
এছাড়া সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে পদযাত্রাও করেছে কংগ্রেস তথা ইনডিয়া জোট, সেখানেও তাকে অংশ নিতে দেখা গেছে।
ফলে নেহার এ বক্তব্য বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বিজেপি। নেহার বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি।
এই ছাত্রনেতাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘পোস্টার গার্ল’ আখ্যা দিয়ে ভান্ডারি লেখেন, “নেহা বোরা বলছেন বাংলাদেশ নাকি আমাদের বিপ্লবের পথ দেখিয়েছে! এটা কি সরকার পরিবর্তনের প্রকাশ্য স্বীকারোক্তি নয়? রাহুল গান্ধী এবং তার সঙ্গীরা ভারতীয় গণতন্ত্রের জন্য চরম হুমকি!”
ইন্ডিয়া টুডে বলছে, নেহা বোরা বাংলাদেশে ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের ঘটনাকে গণতান্ত্রিক ও ভোটাধিকার রক্ষার অনুপ্রেরণা হিসেবে উপস্থাপন করেছিলেন। কিন্তু বিজেপি সেটিকে অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতা থেকে শেখ হাসিনাকে হঠানোর কৌশলকে সমর্থন হিসেবে ব্যাখ্যা করেছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিছু অভিযোগ, যেখানে দাবি করা হচ্ছে বিরোধীদের আন্দোলনের পুরো প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্ড ফাউন্ডেশন এবং দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ জড়িত রয়েছে।
‘বাংলাদেশি মডেলের’ চক্রান্ত দেখছে বিজেপি
ইন্ডিয়া টুডে লিখেছে, বিজেপি মনে করছে প্রশান্ত ভূষণ ও নেহা বোরার বক্তব্যগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি সিজেপির আন্দোলন, বামপন্থি ছাত্র সংগঠনগুলোর সংহতি এবং কংগ্রেসের ‘ভোট চুরি’ প্রচারণার একটি বৃহত্তর চক্রান্তের অংশ।
রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে মোদী সরকারকে অস্থিতিশীল করার এটি এক সুসংহত প্রচেষ্টা বলেও বিজেপি মনে করেছে।
প্রদীপ ভান্ডারি বৃহস্পতিবার নেহার বক্তব্য নিয়ে রাহুল গান্ধীকে জড়িয়ে যে অভিযোগ করেছেন, সেটিকে শুক্রবার নতুন মাত্রায় নিয়ে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তিনি অভিযোগ করেন, “দেশের তরুণ সমাজকে অরাজকতার রাজনীতিতে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিরোধী দলগুলো রাজপথে সহিংসতা উসকে দিয়ে বাংলাদেশের মতো বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে।”
রাজনাথ সিং জোর দিয়ে বলেন, “ভারতের ভবিষ্যৎ রক্ষা করা আমাদের সবার যৌথ দায়িত্ব। সংঘাতের পথ ছেড়ে আমাদের সংলাপ ও রাষ্ট্রগঠনের পথ বেছে নিতে হবে।”
পরবর্তীতে একে একে বিজেপির অন্য শীর্ষ নেতারাও এ নিয়ে মন্তব্য করেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এক্সে এক পোস্টে লেখেন, “শেষ পর্যন্ত দেখা গেল সবই ছিল সরকার পরিবর্তনের কৌশল। ছাত্র ও কৃষকদের উসকে দিয়ে, জাতিগত ও ভাষাগত বিভেদ ছড়িয়ে এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ক্ষুণ্ন করে ক্ষমতা দখলই এদের প্রধান লক্ষ্য।”
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, “বিরোধীরা কি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় নাকি সংবিধানবহির্ভূত আন্দোলনের মাধ্যমে? ভারতে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত ও পরিবর্তিত হয়, বলপ্রয়োগ বা সংবিধান লঙ্ঘন করে নয়।”
বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “প্রশান্ত ভূষণ স্পষ্ট করে দিয়েছেন যে তাদের লড়াই সরকার পরিবর্তনের জন্য। এই দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি বা কোনো নির্দিষ্ট পরিবারের নয়। এটি ১৪০ কোটি মানুষের। তাদের এই স্বীকারোক্তি প্রমাণ করে, সিইসি বা এসআইআর বিষয়গুলো কেবল বাহানা, আসল উদ্দেশ্য অরাজকতা তৈরি করা।”
সিজেপির অবস্থান স্পষ্ট করার চেষ্টা
ইন্ডিয়া টুড লিখেছে, বিজেপির তীব্র আক্রমণের মুখে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরকার পতনের অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন।
বৃহস্পতিবার গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা কেবল নির্বাচন কমিশনের জবাবদিহিতা দাবি করছি। আমরা সরকার পরিবর্তনের কথা বলছি না। আমরা শুধু বলছি, জ্ঞানেশ কুমারকে সরিয়ে এক স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করা হোক। এটি কি কোনো অপরাধ?”
দীপকে তাদের আন্দোলনকে কংগ্রেস এবং নেহা বোরার বাংলাদেশ কেন্দ্রিক বক্তব্য থেকে দূরে রাখার চেষ্টা করলেও, বিজেপি তাদের সবাইকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন একই সূত্রে গাঁথছে।
