পোল্যান্ডের আকাশে নেটোর বিমান প্রতিরক্ষা মিশনে যুক্তরাজ্যের যুদ্ধবিমান
রাশিয়ার ড্রোন নেটো জোটের সদস্য পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশের ঘটনার পরপরই যুক্তরাজ্য সরকার এই মিশনের ঘোষণা দেয়।
নেটো জোটের ইস্টার্ন সেন্ট্রি মিশনের অংশ হিসেবে দুটি ব্রিটিশ যুদ্ধবিমান পোল্যান্ডের আকাশে চক্কর দিয়েছে বলে যুক্তরাজ্যের সরকার জানিয়েছে। নেটো বিমান প্রতিরক্ষা বাহিনীর হয়ে যুদ্ধবিমান দুটির এটি প্রথম উড়াল বলে জানিয়েছে তারা।
চলতি মাসে রাশিয়ার ড্রোন নেটো সদস্য দেশ পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করার পর পশ্চিমা এই সামরিক জোটটি তাদের প্রতিরক্ষা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।
পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশের ওই ঘটনার পরপরই সোমবার যুক্তরাজ্য সরকার এই মিশনের ঘোষণা দেয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এক বিবৃতিতে বলেছেন, “এই মিশন একটি পরিষ্কার সংকেত: নেটোর আকাশসীমা রক্ষা করা হবে।”
ওই বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর দুটি টাইফুন যুদ্ধবিমান শুক্রবার রাতে পূর্ব ইংল্যান্ডের একটি সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করে পোল্যান্ডের আকাশে টহল দিতে যায়।
বিবৃতিতে হিলি বলেছেন, ড্রোনসহ আকাশপথে রাশিয়ার যে কোনো হুমকি প্রতিরোধ করে নেটোর প্রতিরক্ষা বজায় রাখবেন তারা।
রাতভর পোল্যান্ডে টহল দিয়ে শনিবার স্থানীয় সময় সকালে টাইফুন দুটি নিরাপদে যুক্তরাজ্যে ফিরে যায়।
যুক্তরাজ্য সরকার বলেছে, ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিনের নেটোর আকাশসীমা ‘সবচেয়ে উল্লেখযোগ্য লঙ্ঘনের’ প্রতিক্রিয়া জানাতে তারা এসব বিমান পোল্যান্ডে পাঠিয়েছিল।
শুক্রবার রাশিয়ার তিনটি মিগ-৩১ জঙ্গিবিমান প্রায় ১২ মিনিট ধরে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে ইউরোপীয় ইউনিয়ন ও নেটো সদস্য দেশটি অভিযোগ করেছে। এস্তোনিয়া জানিয়েছে, ইতালিয়ান বিমান বাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান সেদিকে ছুটে যাওয়ার পর রাশিয়ার বিমানগুলো সরে যায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তাদের জঙ্গিবিমানগুলো আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উড়ে গেছে।
