১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাদাকালোয় ফার্স্ট লেডি মেলানিয়া, দাপ্তরিক ছবি প্রকাশ

ছবি প্রকাশ হয়েছে হোয়াইট হাউসের ওয়েবসাইটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 02:17 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

ছবিটা সাদাকালো, তাই যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প শার্টের ওপরে কী রঙা বিজনেস স্যুট পড়েছেন তা বোঝা যাচ্ছে না। সোনালি চুল ছড়িয়ে দিয়েছেন কাঁধের এক পাশে। কাঁচের একটি বড় টেবিলে দু হাত রেখে দাঁড়িয়ে আছেন তিনি। 

ছবিটি ফার্স্ট লেডি মেলানিয়ার দাপ্তরিক ছবি।

বিবিসি লিখেছে, ছবি প্রকাশ হয়েছে হোয়াইট হাউসের ওয়েবসাইটে। 

মেলানিয়ার দাপ্তরিক এই ছবিটি তুলেছেন প্রখ্যাত আলোকচিত্রী বেলজিয়ামের রেগিনি মাহাউক্স; যিনি গত দুই দশকের বেশি সময় ধরে ট্রাম্প পরিবারের ছবি তুলছেন।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরদিন হোয়াইট হাউসের ইয়েলো ওভাল রুমে মেলানিয়ার এ ছবি তোলা হয়েছে। মেলানিয়া ছবিটি তুলেছেন ওয়াশিংটন মনুমেন্টকে পেছনে রেখে। 

ট্রাম্প যখন প্রথমবার ২০১৭ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেন, তখনও মেলানিয়ার দাপ্তরিক ছবি তুলেছিলেন মাহাউক্স।

মাহাউক্স বলেন, “দ্বিতীয়বারের মত দাপ্তরিক ছবি তোলার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মনিত। মেলানিয়া ট্রাম্পের মত অনুপ্রেরণাদায়ী নারীর সঙ্গে কাজ করা একজন আলোকচিত্রীর জন্য বড় সুযোগ। তিনি নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করেন এবং সৃজনশীল কাজের জন্য সত্যিকার অর্থে জড়িত।"

সাবেক মডেল মেলানিয়া ট্রাম্পের ফ্যাশন এবং তার পছন্দ-রুচি বরাবর আলোচনায় এসেছে। 

এই ছবিতে মেলানিয়ার গাঢ় রঙের পোশাক, দাঁড়ানোর ভঙ্গি এবং অভিব্যক্তি অনেকেরই নজর কেড়েছে।

মেলানিয়ার ছবি নিয়ে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের শিল্প ইতিহাস বিভাগের ফ্যাকাল্টি পরিচালক গুয়েনদোলেন দুবোইস শয়ের ভাষ্য, “ফার্স্ট লেডির আত্মবিশ্বাসী, ধীরস্থির এবং অভিজাত রূপ প্রকাশ পেয়েছে। ”

ছবিটি তোলার জন্য নিজেদের আলোকচিত্রীকে বেছে নেওয়ার বিষয়টিও প্রশংসা করেছেন ফ্যাকাল্টি পরিচালক।

তিনি বলেন, “গত ২০ বছর ধরে মিসেস ট্রাম্প আলোকচিত্রীর মাহাউক্সের সঙ্গে কাজের মাধ্যমে সহজ সম্পর্ক গড়ে তুলেছেন, ছবিতে সেই স্বচ্ছন্দ ভাব প্রকাশ হয়েছে।"

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের শিল্প ইতিহাস বিভাগের ফ্যাকাল্টি পরিচালক গুয়েনদোলেনের কথায়, “এই ছবির বার্তা হল, ফার্স্ট লেডি প্রান্তিক জায়গা থেকে ওভাল অফিসের কেন্দ্রে চলে এসেছেন।”

ফ্যাশন সমালোচক এলি ভায়োলেট ব্রামলি বলেছেন, ফার্স্ট লেডির পোশাক থেকে শুরু করে দাঁড়ানোর ভঙ্গি কেবল শক্তি বহন করছে না, মানবিকতাও তুলে ধরেছে।