লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ইসরায়েলের, মধ্যপ্রাচ্যে বাড়ছে শান্তির আশা
লেবাননি কর্মকর্তাদের উদ্ধৃত করে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, এই ফ্রন্টে শিগগিরই একটি যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ সম্ভবত প্রায় শেষ হয়ে এসেছে, এমন আশা বাড়তে শুরু করেছে। পাকিস্তানের একজন প্রধান মধ্যস্থতাকারী এখন তেহরানে রয়েছেন আর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করছে যা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলতে পারে।
একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, প্রতিবেশী লেবাননে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য বুধবার ইসরায়েলি মন্ত্রিসভা বৈঠক করেছে। ইসরায়েল লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে লড়াই করছে।
ট্রাম্প বুধবার তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, লেবানন ও ইসরায়েলের নেতারা ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো বৃহস্পতিবার কথা বলতে যাচ্ছেন।
লেবাননি কর্মকর্তাদের উদ্ধৃত করে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, এই ফ্রন্টে শিগগিরই একটি যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে।
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় তেহরানের পারমাণবিক অধিকারের দাবির পাশাপাশি লেবাননের যুদ্ধ নিয়ে মতবিরোধ অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এর ফলে রোববার ওই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলছে আগামী সপ্তাহের প্রথমদিকে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ফের দুই পক্ষের মধ্যে যেন যুদ্ধ শুরু না হয়ে যায় তা নিশ্চিত করতে তৎপরতা চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে দুই পক্ষের মধ্যে আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বুধবার তেহরান গিয়েছেন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে।
এই পরিস্থিতিতে শনিবার ফের আলোচনায় বসতে ইসলামাবাদে ফেরা যায় কিনা তা বিবেচনা করছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা।
বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, “আমরা একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী।”
তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থাতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কথাবার্তা হচ্ছে আর তা ‘চলমান আছে ও আশাব্যাঞ্জক’।
৮ এপ্রিল দুই পক্ষ যে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে গেছে যুক্তরাষ্ট্র তা বাড়ানোর ‘আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে’, প্রকাশিত এমন খবর অস্বীকার করেছেন তিনি।
লেভিট জানিয়েছেন, মুখোমুখি বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত না হলেও সেটি ফের পাকিস্তানেই হতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মুনিরকে তেহরানের স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে এক্স এ একটি পোস্টে দিয়ে বলেছেন, “এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিতে’ ইরান প্রতিশ্রুতিবদ্ধ।
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মুনির উভয়পক্ষের মধ্যে ‘ব্যবধান কমোনোর চেষ্টা’ করবেন।
আরও পড়ুন:
