১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করছে ইরান ও যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র এখনও যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়নি। তবে একটি চুক্তিতে পৌঁছতে ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে- বলেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করছে ইরান ও যুক্তরাষ্ট্র
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 11:16 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। 

আগামী ২২ এপ্রিল বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মার্কিন কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়নি। তবে একটি চুক্তিতে পৌঁছতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।”

এর আগে ফরাসি বার্তা সংস্থা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছিল, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরটি তেহরানের পক্ষ থেকেও এখনও নিশ্চিত করা হয়নি।

দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতি:

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান দ্বিতীয় দফা আলোচনার বিষয়েও কথাবার্তা বলছে। তবে পরবর্তী বৈঠকের জন্য এখনও কোনো দিনক্ষণ বা সূচি চূড়ান্ত করা হয়নি।

ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবস্থান সম্পর্কে জানা গেছে যে, ইরান আলোচনার বিষয়ে কতটা ‘আন্তরিক’ তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি দেশটির ওপর আরোপিত নৌ-অবরোধ বহাল রাখার পক্ষেই অনড় রয়েছেন।

গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনও চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

সেই উত্তেজনার মধ্যেই বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পথে থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।