২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ভেনেজুয়েলায় আক্রমণের পর এবার কলম্বিয়া, মেক্সিকো ও কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দি করার পর এবার ল্যাতিন আমেরিকার আরও তিন দেশের ওপর নজর মার্কিন প্রেসিডেন্টের।

ভেনেজুয়েলায় আক্রমণের পর এবার কলম্বিয়া, মেক্সিকো ও কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 07:07 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করা নিয়ে আন্তর্জাতিক বিতর্কের মধ্যেই এবার লাতিন আমেরিকার আরও তিন দেশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার পর এবার তার নিশানায় কলম্বিয়া, মেক্সিকো এবং কিউবা। এই দেশগুলোকে মাদক ব্যবসার আঁতুড়ঘর বলে মন্তব্য করেছেন ট্রাম্প। 

তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, মাদকপাচার ও অনুপ্রবেশকারীদের বিষয়ে তার দেশ কাউকেই ছাড় দেবে না। মাদক সন্ত্রাস ঠেকাতে যা প্রয়োজন তা করতেও পিছপা হবে না।

ভেনেজুয়েলার মতো পরিণতি হতে পারে এই দেশগুলোরও। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ার করে দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি যেন নিজের ‘পশ্চাদ্দেশ’ সামলে চলেন।

শনিবার ভেনেজুয়েলায় ঢুকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। তা নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা করেন পেত্রো। 

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সার্বভৌমত্বে আঘাত হেনেছে। লাতিন আমেরিকায় মানবিক সঙ্কট তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মাদুরোর সঙ্গে পেত্রোর সম্পর্ক বরাবরই ভাল। তবে মাদুরোর নাম না নিয়ে পেত্রো যুক্তরাষ্ট্রের এই সমালোচনা করেন। এরপরই ট্রাম্প পেত্রোকে কড়া হুঁশিয়ারি দেন।

সাংবাদিকদেরকে তিনি বলেন, “পেত্রোর কোকেন তৈরির কারখানা আছে। আমি আগেও একথা বলেছিলাম। আবারও বলছি, পেত্রোর মাদক তৈরির একাধিক কারখানা আছে। কলম্বিয়ায় মাদক তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। তার (পেত্রো) নিজেকে নিয়ে ভাবা উচিত।

ভেনেজুয়েলায় আক্রমণের আগে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে দেশটির একের পর এক জাহাজে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। জব্দ করে তাদের তেলের ট্যাঙ্কারও। ভেনেজুয়েলায় রকেটও নিক্ষেপ করা হয়।সেই সময়ও কলম্বিয়ার প্রেসিডেন্টেকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, “তিনি (পেত্রো) মাদকবিরোধী অভিযানের পরবর্তী নিশানা হতে পারেন।”

কলম্বিয়ায় মাদক উৎপাদন কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। তখন ট্রাম্পের বিরুদ্ধে আগ্রাসনের হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন পেত্রোও। 

ফলে এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর উদ্দেশে আবারও ট্রাম্পের কড়া হুঁশিয়ারি নিয়ে উদ্বেগ বাড়ছে। 

ওদিকে, মেক্সিকোকে ট্রাম্প বারবারই অবৈধ অভিবাসন এবং দক্ষিণাঞ্চলে মাদকের কারবার নিয়ে সতর্ক করে এসেছেন। যদিও ট্রাম্প দাবি করেছন, মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাউম পার্ডোর সঙ্গে তার সম্পর্ক ভাল।

‘ফ্রক্স অ্যান্ড ফ্রেন্ডস স্যাটারডে’ টিভি শোতে ট্রাম্প বলেছেন, “আমরা খুব ভাল বন্ধু। পার্ডো ভাল একজন নারী। তবে মেক্সিকোকে তিনি পরিচালনা করছেন না। মেক্সিকোকে পরিচালনা করছে মাদক ব্যবসা।

“ভেনেজুয়েলায় হামলা চালানো মানেই মেক্সিকোকে দেওয়া সতর্কবার্তা নয়, তবে মাদকচক্র-পরিচালিত এই দেশটি নিয়ে কিছু একটা করতে হবে”, বলেন ট্রাম্প।

ভেনেজ়ুয়েলায় ট্রাম্পের আগ্রাসন চালানোকে ভালভাবে নেননি মেক্সিকো প্রেসিডেন্ট। শনিবার তিনি এই সামরিক অভিযানের নিন্দা করেছেন। শেনবাউমের অভিযোগ, জাতিসংঘ বিধি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র।

কিউবাও ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা করেছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল বলেন, ভেনেজুয়েলার উপর অপরাধমূলক হামলা চালানো হয়েছে। তিনি আন্তর্জাতিক মহলকে এর বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান।

ট্রাম্প কিউবাকেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল ‘ব্যর্থ শাসক’।  তিনি বলেন, “কিউবার পরিস্থিতি ভাল নয়। সেখানে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ছে। কিউবার জনগণের পক্ষে তা মোটেই ভাল ব্যাপার নয়। 

বছরের পর বছর ধরে কিউবার মানুষ ব্যর্থ শাসকের কারণে দুর্ভোগ পোহাচ্ছে কিউবার মানুষকে এ থেকে মুক্তি দিতে হবে।”