ড্রোন হামলায় রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার অচল, এআই সেবা বন্ধ
রাশিয়ার এআই গবেষণায় অন্যতম অগ্রণী ভূমিকা রাখা কোম্পানিটিকে প্রায়শই ‘রাশিয়ার গুগল’ বলে বর্ণনা করা হয়।
ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ প্রযুক্তি ও এআই কোম্পানি ইয়ানডেক্সের একটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে পুরো ডেটা সেন্টারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
কয়েক দিনের ব্যবধানে কোম্পানিটির ওপর এটা তৃতীয় বড় ধরনের হামলার ঘটনা। এর ফলে রাশিয়াজুড়ে তাদের একাধিক গুরুত্বপূর্ণ সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
রোববার রাশিয়ার অন্যতম প্রধান প্রযুক্তি ও এআই উন্নয়ন কোম্পানি ইয়ানডেক্স বলেছে, ড্রোন হামলায় তাদের অবকাঠামোগত ক্ষতি হওয়ায় ভ্লাদিমির অঞ্চলে অবস্থিত ডেটা সেন্টারটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছে।
এই হামলায় কেউ হতাহত হয়নি উল্লেখ করে কোম্পানিটি বলেছে, তাদের বেশ কিছু সেবা আপাতত বন্ধ বা অকার্যকর হয়ে পড়েছে।
গেল কয়েক দিনের ব্যবধানে এ নিয়ে ইয়ানডেক্সের অন্তত তিনটি বড় ডেটা সেন্টার ড্রোন হামলার শিকার হয়ে অচল হয়ে পড়ল।
রাশিয়ার এআই গবেষণায় অন্যতম অগ্রণী ভূমিকা রাখা কোম্পানি ইয়ানডেক্স। একে প্রায়শই ‘রাশিয়ার গুগল’ বলে বর্ণনা করা হয়। কোম্পানিটি শুক্রবারও একটি হামলার তথ্য প্রকাশ করেছিল।
মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চলে তাদের ডেটা সেন্টারে ইউক্রেইনীয় ড্রোন আঘাত হানে। ফলে সেটার কার্যক্রম আংশিক বন্ধ হয়ে যায়।
এর ঠিক একদিন আগে, মস্কোর দক্ষিণ-পূর্বে সাসোভোতে অবস্থিত ইয়ানডেক্সের আরেকটি প্রধান ডেটা হাব ইউক্রেনীয় হামলায় পুরোপুরি অচল হয়ে পড়েছে।
কোম্পানিটির নিজস্ব এআই মডেল তৈরির জন্য ব্যবহৃত তিনটি প্রধান সুপারকম্পিউটারের মধ্যে দুটিই এই সাসোভোর কেন্দ্রটিতে বসানো ছিল।
