০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

কাজ করছে না টুইটারের থার্ড পার্টি অ্যাপ, নিশ্চুপ মাস্ক

এই প্রসঙ্গে টুইটারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলেও মাস্কের অধিগ্রহণের পর কোম্পানির গণযোগাযোগ বিভাগ বন্ধ হয়ে যাওয়ায় সেটি আর সম্ভব হয়ে ওঠেনি।

কাজ করছে না টুইটারের থার্ড পার্টি অ্যাপ, নিশ্চুপ মাস্ক

|

প্রযুক্তি ডেস্ক

Published : 14 Jan 2023, 02:06 PM

Updated : 14 Jan 2023, 08:35 PM

ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম টুইটারের সকল প্রধান থার্ড পার্টি অ্যাপ কাজ করা বন্ধ করে দিয়েছে। অ্যাপগুলোর নির্মাতারা বলছেন, তারা এখন পর্যন্ত কোম্পানির কাছ থেকে এই বিষয়ে কোনো তথ্য পাননি।

এই ঘটনার সূত্রপাত ঘটে বৃহস্পতিবার বিকেলে। সে সময় কিছু সংখ্যক ব্যবহারকারী অভিযোগ জানান, তারা অ্যাপগুলোর যাচাইকরণ ব্যবস্থা সংশ্লিষ্ট ত্রুটির মুখে পড়েছেন।

এই বিষয়ে পুরোপুরি নিরবতা পালন করছে টুইটার।

“এখনও টুইটারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক/অনানুষ্ঠানিক তথ্য আসেনি।” --এক মাস্টোডন পোস্টে বলেন ‘টুইটবট’ নামে পরিচিত অ্যাপের সহ-নির্মাতা পল হাদ্দাদ।

“আমরা আপনাদের মতোই অন্ধকারে আছি।” --শুক্রবার এক ব্লগ পোস্টে লিখেছে ‘টুইটারেফিক’ অ্যাপের নির্মাতা কোম্পানি আইকনফ্যাকটরি।

শুক্রবার বিকাল পর্যন্ত এইসব থার্ড পার্টি অ্যাপ সম্পর্কে টুইটারের অফিসিয়াল অ্যাকাউন্ট, টুইটার সাপোর্ট অ্যাকাউন্ট বা প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্কের কাছ থেকে কোনো টুইট আসেনি।

এই প্রসঙ্গে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ টুইটারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলেও মাস্কের অধিগ্রহণের পর কোম্পানির গণযোগাযোগ বিভাগ বন্ধ হয়ে যাওয়ায় সেটি আর সম্ভব হয়ে ওঠেনি।

বিভিন্ন ব্যবহারকারী, অ্যাপ নির্মাতা ও কিছু সংখ্যক সংবাদ সংস্থা ধারণা প্রকাশ করেছে, সম্ভবত টুইটারের সকল থার্ড-পার্টি অ্যাপ একসঙ্গে বন্ধ করার উদ্দেশ্যে এই পদক্ষেপ এলো।

হাদ্দাদ বলছেন, এখন থেকে তার কোম্পানি এই অনুমান মাথায় নিয়ে পরিচালিত হবে যে এই বিভ্রাট ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছে টুইটার। আইকনফ্যাকটরির পোস্ট থেকে ইঙ্গিত মিলছে, প্ল্যাটফর্মটি কেবল বিশাল সংখ্যক ব্যবহারকারী থাকা বিভিন্ন অ্যাপে নতুন (অপ্রকাশিত ও অঘোষিত) নীতিমালা চালু করতে পারে।

ভার্জের প্রতিবেদক পরীক্ষা করে বলেছেন, তার ডিভাইসে এখনও ‘অ্যালবাট্রস’ ও ‘ফেনিক্স’-এর মতো কিছু সংখ্যক থার্ড পার্টি অ্যাপ কাজ করে। তবে, ফিনিক্স অ্যাপ নির্মাতার দাবি, অ্যাপের আইওএস সংস্করণ চালু থাকলেও এর অ্যান্ড্রয়েড সংস্করণ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া, টুইটারের ফার্স্ট-পার্টি অ্যাপ এখনও কাজ করছে।

টুইটার সেবা থেকে বিভিন্ন ডেটা সংগ্রহ করতে থার্ড পার্টি অ্যাপগুলোকে নির্ভর করতে হয় এর এপিআই’র ওপর। এটি অতীতেও বিতর্কিত একটি বিষয় হিসেবে বিবেচিত হয়েছিল। সেটা টুইটারের জন্য এমন এক সময় ছিল, যখন বাইরের কোনো নির্মাতার তৈরি টুলের ব্যবহার এড়িয়ে চলতো সেবাটি।

ইলন মাস্ক কোম্পানিটি কেনার আগে এই পরিস্থিতি বদলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। বিকল্প টুইটার অ্যাপ সম্পর্কে মাস্কের মনোভাব এখনও পরিষ্কার নয়; এই প্রসঙ্গে তাকে ইতিবাচক বা নেতিবাচক তেমন কিছুই বলতে শোনা যায়নি।

মাস্কের ‘টুইটার ২.০’ উদ্যোগ বাস্তবায়িত হলে সামাজিক প্ল্যাটফর্মে কেবল ফার্স্ট পার্টি অ্যাপগুলোই অগ্রাধিকার পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ। কোম্পানিটি অর্থ আয়ের জন্য উঠে পড়ে লেগেছে। সেই লক্ষ্যে ‘ব্লু’ নামের গ্রাহক সেবার ওপর কোম্পানিটি ব্যাপক মনযোগ দিচ্ছে। এতে এমন কিছু ফিচার রয়েছে, যেগুলো ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপের মতো একই ধরনের সুবিধা পাওয়া সম্ভব। তবে, বেশিরভাগ থার্ড পার্টি অ্যাপে বিজ্ঞাপন না দেখানোর কারণে ব্যবহারকারীদের আর্থিক কোনো ফি দিতে হয় না।

থার্ড পার্টি অ্যাপগুলোর এই বিভ্রাট এপিআই’র কারণে ঘটেছে কি না, ওই বিষয়টি বলা মুশকিল। ভার্জের প্রতিবেদকের নিজস্ব টুইটার ডেভেলপার অ্যাকাউন্ট কাজ করলেও টুইটারের নিজস্ব এপিআই এক্সপ্লোরার টুল কাজ করা বন্ধ করে দিয়েছে।