২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল, ওপেনএআই’কে টক্কর দিতে ‘ট্রুথজিপিটি’ আনতে চান মাস্ক

২০১৫ সালে ওপেনএআইয়ের শুরুতেও যুক্ত ছিলেন মাস্ক। তবে, কোম্পানি কে চালাবে, এমন প্রশ্নে স্যাম অল্টম্যানের সঙ্গে মতপার্থক্যের কারণে সেখান থেকে দূরে সরে আসেন তিনি।

গুগল, ওপেনএআই’কে টক্কর দিতে ‘ট্রুথজিপিটি’ আনতে চান মাস্ক

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 02:34 PM

Updated : 18 Apr 2023, 02:34 PM

টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্কের নিজস্ব এআই কোম্পানির পরিকল্পনা এবার ফোকাসে আসতে শুরু করেছে। ওপেনএআই ও গুগলের চ্যাটবটকে চ্যালেঞ্জ জানাতে পারে, এমন এক কোম্পানির জন্য ‘তৃতীয় বিকল্প তৈরির’ ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এই উদ্যোগকে ‘ট্রুথজিপিটি’ নামে ডাকার বিষয়টি বিবেচনায় রাখার কথা মার্কিন গণমাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন মাস্ক। আর এর লক্ষ্য হবে এমন এক ‘সত্য অনুসন্ধানী এআই তৈরি করা, যা মহাবিশ্বের প্রকৃতি বোঝার চেষ্টা করে’ ও যেটিতে ‘ক্ষতির তুলনায় উপকার বেশি’।

আরও পড়ুন-

পুরনো খবর:

কৃত্রিম বুদ্ধিমত্তার নিজস্ব কোম্পানি বানিয়েছেন ইলন মাস্ক

মাস্ক অবশ্য স্বীকার করেন, প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দেরিতে শুরু করায় তিনি এটি শুরু করতে গিয়ে যথেষ্টই অসুবিধার মুখে পড়বেন। আর প্রায়শই যা ঘটে, তার বিভিন্ন পরিকল্পনার পেছনে যে কতোটা গুরুত্ব থাকে সেটি ঠিক পরিষ্কার নয়।

তবে, মাস্কের এআই লক্ষ্যমাত্রা নিয়ে জল্পনা বেড়েই চলেছে কারণ সম্প্রতি তিনি ‘এক্স ডটএআই কর্পোরেশন’ নামের ব্যবসার নিবন্ধনের উদ্দেশ্যে নথি জমা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

পাশাপাশি, অজানা এক টুইটার এআই প্রকল্পের জন্য মাস্কের হাজার হাজার জিপিইউ কেনার ও এআই কোম্পানি ‘ডিপমাইন্ড’ থেকে গবেষক নিয়োগের কথাও শোনা গেছে। তবে এই দুটি প্রকল্পের মধ্যে কোন সম্পৃক্ততা আছে কি না, তা পরিষ্কার নয়। স্বল্প সময়ের নোটিসে কোম্পানির কর্মীদের বিভিন্ন বিভাগে বদলি করা নিয়েও আলাদা পরিচিতি আছে মাস্কের।

মাস্ক বলেন, তার এই উদ্যোগের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে এআই’র বিভিন্ন দিকনির্দেশনা ও মানবতার জন্য হুমকির শঙ্কা।

প্রাথমিকভাবে ওপেনএআই’র সমর্থক ছিলেন মাস্ক। এমনকি ২০১৫ সালে কোম্পানিটির শুরুতেও যুক্ত ছিলেন তিনি। তবে, কোম্পানি কে চালাবে, এমন প্রশ্নে স্যাম অল্টম্যানের সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি এই প্রকল্প থেকে দূরে সরে আসেন বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট। 

আরও সম্প্রতি, মাইক্রোসফটের সঙ্গে কাজ করা ও ওপেনএআইকে একটি লাভজনক ব্যবসায় রূপান্তরের জন্যও ওপেনএআই’র সমালোচনা করেন তিনি।

মাস্কের এআই পরিকল্পনা টুইটারে কোনো প্রভাব ফেলবে কি না, সেটি পরিষ্কার নয়। তবে, প্ল্যাটফর্মটির জন্য আসন্ন এক ফিচারের ইঙ্গিত দিয়েছেন তিনি।

মাস্ক বলেন, টুইটার এমন এক ফিচার নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীকে নিজেদের মেসেজ বা ‘ডিএম’ এনক্রিপ্ট করার সুযোগ দেবে। সম্ভবত ‘মাসখানেকের মধ্যেই’ এটি চলে আসতে পারে।

এনক্রিপ্ট করা ডিএম নিয়ে বেশ কয়েক বছর ধরেই জল্পনা চলছে। আর এই ধরনের মেসেজিং অ্যাপের সমর্থক হিসেবে পরিচিত মাস্ক এর আগে বলেন, টুইটারে ‘সিগন্যাল অ্যাপের মতো’ এনক্রিপশন ব্যবস্থা থাকা উচিৎ।

“আপনার এমন কোনো কথোপকথন, যা আপনার কাছে স্পর্শকাতর মনে হয়, সেগুলোতে কেবল এনক্রিপশন ব্যবস্থা ‘টগল’ করলে আপনি কী নিয়ে কথা বলছেন, সেটি টুইটারে অন্য কেউ দেখতে পারবে না।” --ব্যাখ্যা করেন মাস্ক।