২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-গাজা সংঘাতের উত্তাপ অনলাইন হ্যাকারদের মধ্যেও

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দ্বন্দ্ব নিয়মিতই বৈশ্বিক ও রাজনৈতিক মতাদর্শ থাকা হ্যাকারদের আকৃষ্ট করে। নানা মতাদর্শে চালিত এইসব হ্যাকাররা পরিচিত ‘হ্যাক্টিভিস্ট’ নামে।

ইসরায়েল-গাজা সংঘাতের উত্তাপ অনলাইন হ্যাকারদের মধ্যেও

গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট ছোড়া হচ্ছে

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 01:28 PM

Updated : 11 Oct 2023, 01:28 PM

ইসরায়েল ও গাজার মধ্যে চলছে সংঘাত। আর সে উত্তাপ ছড়িয়ে পড়েছে অনলাইন হ্যাকার দলগুলোর মধ্যেও।

বিভিন্ন ‘হ্যাক্টিভিস্ট’ দল দাবি করেছে, সংঘাত শুরু পর থেকে তারা অনলাইনে ইসরায়েলি শিকারের ওপর হামলা চালানোর পাশাপাশি ‘জেরুজালেম পোস্ট’-এর মতো সংবাদ সাইটেও ভজঘট পাকিয়েছে।

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দ্বন্দ্ব নিয়মিতই বৈশ্বিক ও রাজনৈতিক মতাদর্শ থাকা হ্যাকারদের আকৃষ্ট করে থাকে, যারা ‘হ্যাক্টিভিস্ট’ নামে পরিচিত। শব্দটি হ্যাকার ও অ্যাক্টিভিস্টের যোগফল।

এমন যুদ্ধময় পরিস্থিতিতে তারা নিজেদের পছন্দের পক্ষকে সমর্থন দেয় বা কেবল ‘নাম ফাটানোর’ জন্য নানা কাণ্ড ঘটায় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

“তারা প্রতিদিনই অনেকের ওপর আক্রমণ চালায়। এর মধ্যে কিছু (হ্যাক্টিভিস্ট) দল আগেই প্রতিষ্ঠিত, আবার কয়েকটি নতুন।” --বলেছে সাইবার নিরাপত্তা কোম্পানি ‘রেকর্ডেড ফিউচার’।

এমন হ্যাকিং কার্যক্রমে দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি হয়ত নেই, তবে ভূপৃষ্ঠের যুদ্ধ কীভাবে এই ধরনের অ্যাক্টিভিজমের হাত ধরে অনলাইন পর্যন্ত চলে আসে তার বর্ণনা মেলে।

এখনপর্যন্ত যেসব ঘটনা দেখা গেছে, তার একটি চালিয়েছে হামাস সমর্থিত হ্যাকার দল ‘আননঘোস্ট’। নিজস্ব সামাজিক মাধ্যম চ্যানেলে দলটি দাবি করেছে, ইসরায়েলের জরুরী সতর্কতা সেবায় ব্যাঘাত ঘটিয়েছে তারা।

‘আননিমাসসুদান’ নামের আরেক দল টেলিগ্রামে বলেছে, তারা সক্রিয়ভাবে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোকে শিকার বানিয়েছে। তবে, এ দাবির পক্ষে খুবই অল্প প্রমাণ দেখিয়েছে তারা।

নিরাপত্তা বিশ্লেষকদের তথ্য অনুসারে, ইসরায়েলের একশ’র বেশি ওয়েবসাইট ‘ডিডিওএস’ আক্রমণের মুখে পড়েছে।

“আক্রমণকারীরা গত কয়েকদিন ধরে আমাদেরকে অফলাইনে থাকতে বাধ্য করেছে।” --রয়টার্সকে এক ইমেইল বার্তায় বলেন জেরুজালেম পোস্টের প্রধান সম্পাদক আভি মেয়ার।

“এটা সংবাদের স্বাধীনতায় সরাসরি আক্রমণ।”

এই প্রসঙ্গে রয়টার্সকে তাৎক্ষণিক মন্তব্য করেনি ইসরায়েলের ‘কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট)’।

তবে, হ্যাক্টিভিস্টদের বিভিন্ন দাবি কতটা নির্ভুল, তা যাচাই করা কিছুটা জটিল। এমনই ঘটেছিল ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর দিকেও, যেখানে ইউক্রেইনপন্থী হ্যাকার দলগুলো রাশিয়ার বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন পরিষেবায় আক্রমণ চালানোর দাবি করেছিল।

বিশ্লেষকদের মতে, এগুলো সাইবার গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে ঘটতে পারে, এমন ঝুঁকিও আছে।

গত সপ্তাহে মাইক্রোসফট প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে কীভাবে ইসরায়েলের বিভিন্ন টেলিযোগাযোগ, প্রতিরক্ষা ও এনার্জি (মূলত বিদ্যুৎ) কোম্পানির ওপর সাইবার গুপ্তচরবৃত্তি করেছে গাজাভিত্তিক হ্যাকার দল ‘স্টর্ম-১১৩৩’।

“আমাদের ধারণা বলছে, দলগুলো হামাসের পক্ষে কাজ করে।” --উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

ইসরায়েলের সাইবার নিরাপত্তা কোম্পানি ‘প্রোফেরো’র প্রধান নির্বাহি অমরি সেগেভ ময়াল বলেন, তার কোম্পানি সম্প্রতি কিছু সাইবার আক্রমণ শনাক্ত করেছে, যা পেছনে হাত আছে ইরানভিত্তিক হ্যাকার দল ‘মাডি ওয়াটার্স’-এর। এ ছাড়া, ‘মোলর‍্যাটস’ নামের আরেকটি হ্যাকার দলও এর পেছনে থাকতে পারে। গবেষকরা বলছেন, এ দলটিও হামাসের হয়ে কাজ করে।

তিনি আরও বলেন, ‘বোমা হামলা শুরুর পর’ মোলর‍্যাটসের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে।