২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রেডস-এ ‘আসছে’ ডাইরেক্ট মেসেজিং সুবিধা

থ্রেডস অ্যাপটির মোট ডাউনলোডের এক তৃতীয়াংশই ভারতে। পরবর্তী স্থানে থাকা ব্রাজিলে এটি ২২ শতাংশ ও যুক্তরাষ্ট্রের বেলায় সেটি ১৬ শতাংশ।

থ্রেডস-এ ‘আসছে’ ডাইরেক্ট মেসেজিং সুবিধা

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 08:27 PM

Updated : 17 Jul 2023, 08:30 PM

মেটার উন্মোচিত নতুন থ্রেডস অ্যাপে শীঘ্রই আসতে পারে সরাসরি বার্তা পাঠানোর সুবিধা - মিলেনিয়ালদের কাছে যেটি পরিচিত ডিএম বা ডাইরেক্ট মেসেজিং নামে। ইলন মাস্কের সামাজিক মাধ্যম টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তৈরি অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা এরইমধ্যে ১১ কোটি ছাড়িয়েছে।

মেটার ফাঁস হওয়া অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে ইঙ্গিত মিলেছে, ইনস্টাগ্রামের থ্রেডস অ্যাপে ‘শীঘ্রই’ যুক্ত হবে ডাইরেক্ট মেসেজিং ফিচার। এ ছাড়া, কোম্পানি আরও বেশ কিছু ‘চমক দেওয়ার মতো’ ফিচার নিয়ে কাজ করছে বলে প্রতিবেদনে লিখেছে বাণিজ্য সংবাদ সাইট ‘বিজনেস ইনসাইডার’।

উন্মোচনের পাঁচ দিনেই ১০ কোটি ব্যবহারকারী ছাড়ানোর পাশাপাশি এর সক্রিয় ব্যবহারকারী সংখ্যা গিয়ে ঠেকেছে টুইটারের প্রায় এক পঞ্চমাংশে। এর পরপরই এই আপডেটের খবর এল।

অ্যাপ বিশ্লেষক কোম্পানি ‘ডেটা ডটএআই’র তথ্য অনুসারে, এখন অ্যাপটির ডাউনলোড সংখ্যা ১৫ কোটির বেশি। আর এই অবস্থানে আগের রেকর্ডের চেয়ে সাড়ে পাঁচ গুণ দ্রুত পৌঁছেছে এটি।

২০১৬ সালে উন্মোচনের পর থেকেই বেশ কয়েক বছর সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ হিসেবে শীর্ষ অবস্থান ধরে রেখেছিল গেইম নির্মাতা কোম্পানি নিয়ানটিকের ‘পোকিমন গো’ গেইমটি।

ডেটা ডটএআই’র প্রতিবেদন বলছে, থ্রেডস অ্যাপটির মোট ডাউনলোডের এক তৃতীয়াংশই ভারতে। পরবর্তী স্থানে থাকা ব্রাজিলে এটি ২২ শতাংশ ও যুক্তরাষ্ট্রের বেলায় সেটি ১৬ শতাংশ।

থ্রেডস অ্যাপে সম্ভাব্য ডাইরেক্ট মেসেজিং ফিচার যুক্ত হলে, ব্যবহারকারী এতে তুলনামূলক দীর্ঘ সময় কাটানোর পাশাপাশি গোপনে চ্যাটিংয়ের জন্য অ্যাপটি থেকে বের হওয়ার প্রয়োজন পড়বে না।

অ্যাপের মধ্যে উন্নত সার্চ ইঞ্জিন, ‘ট্রেন্ডস’ ও ‘টপিকস’-এর মতো ফিচারের পাশাপাশি একটি কালানুক্রমিক ফিড শীঘ্রই আসবে, এমন খবরও শোনা গেছে।

মেটার এইসব নতুন পদক্ষেপ টুইটার ও এর মালিক ইলন মাস্কের ওপর আরও বেশি চাপ ফেলতে পারে। সম্প্রতি মাস্ক বলেছেন, বিজ্ঞাপনী আয় অর্ধেকে নেমে আসায় টুইটার লোকসানেই আছে এখনও।

“আয়ের চেয়ে এখনও ব্যয় বেশি। কারণ, কোম্পানির বিজ্ঞাপনী আয় হয়ে গেছে প্রায় অর্ধেক, এর পাশাপাশি আছে বিশাল ঋণের বোঝা।” --শনিবার টুইট করেন মাস্ক।