গুগলের চাপ: অ্যান্ড্রয়েড টেলিগ্রামে বন্ধ হল হামাসের চ্যানেল
নিজেদের প্ল্যাটফর্মে যুদ্ধবিষয়ক গুজব ঠেকানোর কথা জানিয়েছে মেটা ও এক্স উভয়ই। তবে, বাধ্য না করলে টেলিগ্রাম কোনো চ্যানেলও অ্যাপ থেকে সরায় না।
গুগলের অ্যাপ স্টোর নীতিমালাকে কারণ দেখিয়ে মেসেজিং সেবা টেলিগ্রাম তাদের অ্যান্ড্রয়েড সংস্করণে হামাসের ব্যবহৃত বিভিন্ন চ্যানেল নিষিদ্ধ করেছে।
মার্কিন টিভি চ্যানেল সিএনবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ‘হামাস_কম’ ও ‘আল কাসাম ব্রিগেডস’ নামের দুটি চ্যানেল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বন্ধ করেছে টেলিগ্রাম। তবে, ‘গাজা নাও’-এর মতো সশস্ত্র দলটির ব্যবহার করা অন্যান্য চ্যানেলে এখনও প্রবেশ করা যাচ্ছে।
সংবাদ সাইট জেরুজালেম পোস্ট প্রতিবেদনে বলেছে, এই নিষেধাজ্ঞা দেওয়ার পেছনে গুগলের অ্যাপ স্টোর নীতিমালাকে দুষছে টেলিগ্রাম। আর যারা ‘গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করেছেন, তারা চ্যানেলগুলোতে প্রবেশ করতে গেলে ‘এরর’ বার্তা দেখাচ্ছে। এর মানে, অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে অ্যাপটি ডাউনলোড করলে চ্যানেলগুলো দেখা যাবে।
প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক গুগলের এক কর্মী। আর বিভিন্ন অ্যাপের জন্য গুগলের ‘জঙ্গিবাদ সংশ্লিষ্ট’ নীতিমালা নিয়ে প্রযুক্তি সাইট ভার্জে প্রকাশিত এক প্রতিবেদনের কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে, হামাস সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজেদের প্ল্যাটফর্মে যুদ্ধবিষয়ক গুজব ঠেকানোর কথা জানিয়েছে মেটা ও এক্স উভয়ই। তবে, টেলিগ্রামের কনটেন্ট মডারেশন ব্যবস্থা কিছুটা শিথিল। আর বাধ্য না করলে কোম্পানিটি কোনো চ্যানেলও অ্যাপ থেকে সরায় না।
১৩ অক্টোবর এক পোস্টে টেলিগ্রাম সিইও পাভেল দুরভ লেখেন, তিনি হামাসের ব্যবহৃত চ্যানেলগুলো বন্ধ করার বিষয়ে সন্দীহান কারণ ‘যুদ্ধবিষয়ক সম্প্রচার ঠেকানোর বিষয়টি তেমন স্পষ্ট নয়’। তিনি আরও লেখেন, আক্রমণের কিছুদিন আগে নাগরিকদের এলাকাটি থেকে সরে যাওয়ার বিষয়ে সতর্ক করতে টেলিগ্রাম ব্যবহার করেছিল হামাস।
মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’-এর তথ্য অনুসারে, নিজেদের আক্রমণের ভিডিও ছড়ানোর উদ্দেশ্যেও টেলিগ্রাম ব্যবহার করেছে হামাস। আর টেলিগ্রামে নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর একটি ব্যবহার করত হামাসের সামরিক শাখা।
টেলিগ্রামের জনপ্রিয়তার একটি কারণ এর মডারেশন ও এনক্রিপশন ব্যবস্থা শিথিল রাখা। গত সপ্তাহে সিএনএন-এর প্রতিবেদনে উঠে আসে, ইসরায়েলে হামাসের আক্রমণের পর আল-কাসাম ব্রিগেডের চ্যানেলে ফলোয়ার সংখ্যা বেড়েছে তিনগুণ।
ওই ফলোয়ারদের সিংহভাগই হামাসকে সমর্থন না করলেও দলটির ফলোয়ার সংখ্যা বৃদ্ধির কারণে তাদের বার্তা টেলিগ্রামের বাইরেও ছড়ানোর ঝুঁকি থাকার কথা উল্লেখ করা হয় সিএনএন-এর প্রতিবেদনে।
মেটার মডারেশন বিভাগের সাবেক কর্মকর্তা সিএনএন’কে বলেন, টেলিগ্রামে হামাসের যে গতিবিধি, সেটির সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইসিসের কার্যক্রমের মিল রয়েছে।
ইউরোপে ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)’ কার্যকর হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যম কোম্পানির ওপর আইনটি প্রয়োগ করার ক্ষমতা পেয়েছে ইইউ’র সদস্য দেশগুলো। তার জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেছে যুদ্ধ শুরুর পর মেটা ও এক্স-এর কনটেন্ট মডারেশন ব্যবস্থা জোরদার করা নিয়ে ইইউ’র কমিশনার থিয়েরি ব্রেটনের চিঠি পাঠানোর মাধ্যমে।
ডিএসএ’র অধীনস্থ ‘শীর্ষ অনলাইন প্ল্যাটফর্ম’-এর তালিকায় নেই টেলিগ্রাম। তবে, সেবাটিকে যুদ্ধবিষয়ক কনটেন্টের বিপরীতে ব্যবস্থা নিতে বাধ্য করার ক্ষেত্রে সফল হয়েছে ইউরোপীয় অঞ্চলের বিভিন্ন দেশের সরকার।
২০২২ সালের ফেব্রুয়ারিতে জার্মানিতে ৬০টির বেশি চ্যানেল বন্ধ করেছিল টেলিগ্রাম। এর আগে কোভিডবিষয়ক ভুল তথ্য না সরালে অ্যাপটিতে জাতীয় নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছিল দেশটির সরকার।
একই বছর ইইউ’র চাপে ইউক্রেইনে সামরিক আগ্রাসন চালানো রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে নিষেধাজ্ঞা দিয়েছিল মেসেজিং সেবাটি।
